মিরসরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে মশার ওষুধ ছিটানো শুরু

ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনসমাগমস্থলে মশকনিধন কর্মসূচি শুরু হয়েছে। মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফের উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়।
এর আগে ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নটির ৯টি ওয়ার্ডের প্রতিটিতে মশকনিধনের ফগার ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে কাটাছরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সারেং স্কুল এবং ৫ নম্বর ওয়ার্ডের কাটাছরা মদিনাতুল উলুম ফয়েজিয়া মাদ্রাসাসহ আশপাশের এলাকায় মশার লার্ভা ও এডিস মশা ধ্বংসে ওষুধ ছিটানোর মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়।
আয়োজকেরা জানান, ডেঙ্গুর প্রকোপ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা, নালা-নর্দমা এবং ঝোপঝাড় পরিষ্কার রাখার পাশাপাশি নিয়মিত মশকনিধনের ওষুধ ছিটানো জরুরি। স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় এ মশকনিধন কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচির উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব নুর উদ্দিন জাহিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা কৃষক দলের সাবেক সদস্যসচিব আবু দাউদ, স্থানীয় বিএনপি নেতা সোহরাব হোসেন এবং স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
আরও পড়ুন: সীতাকুণ্ডে শিশুকে ধর্ষণের অভিযোগ, পিটুনি দিয়ে যুবককে পুলিশে সোপর্দ





আপনার মতামত লিখুন