চট্টগ্রামের প্রথম আদালত লুকিয়ে আছে মহসিন কলেজের পাহাড়ে

চট্টগ্রামের জজ কোর্টের কথা উঠলেই চোখে ভাসে পরীর পাহাড়ের লাল ইমারত।
সবাই ধরে নেন, এটিই বুঝি চট্টগ্রামের প্রথম আদালত ভবন।
কিন্তু একটু খোঁজ নিলেই চমকে উঠতে হয়। পরীর পাহাড়ের বিশাল ভবনটি তৈরি হয়েছে ব্রিটিশ শাসনের শেষ ভাগে। এর প্রায় দেড় শ বছর আগে চট্টগ্রামে বিচারকাজ শুরু হয়েছিল অন্য এক পাহাড়ে।
জায়গাটি চকবাজারের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ক্যাম্পাসের ভেতর, এক নির্জন টিলার ওপর।
এলাকার মানুষ ভবনটিকে চেনে ‘পর্তুগিজ ভবন’ নামে। ইতিহাসের পাতায় তার নাম ‘দারুল আদালত’।
আজ ভবনটির সামনে গেলে প্রথমেই চোখে পড়ে শ্যাওলাধরা দেয়ালে ঝোলানো একটি সাইনবোর্ড। তাতে লাল হরফে লেখা: ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক, বিষাক্ত সাপ ও পোকামাকড়ের উপদ্রব, সর্বসাধারণের চলাচল নিষিদ্ধ।
যে ভবনে একসময় চট্টগ্রামের মানুষের ভাগ্য নির্ধারণ হতো, সেখানে এখন মানুষের প্রবেশই নিষেধ।
সুড়ঙ্গের গল্প, পাহাড়ের সত্য
দলিলপত্রে যাওয়ার আগে ভবনটিকে ঘিরে মুখে মুখে চলা গল্পগুলো শোনা যাক। গল্পগুলো বেশ রোমাঞ্চকর। লোককথা বলে, মুঘলরা চট্টগ্রাম জয়ের আগে এটি ছিল পর্তুগিজ জলদস্যুদের আস্তানা।
ভবনের ভেতরের পেঁচানো সিঁড়ি আর প্রায় তিন ফুট চওড়া ইটের দেয়াল দেখলে মনে হয়, এটি সাধারণ কোনো বাড়ি নয়। যেন একটি দুর্গ।
সবচেয়ে জনপ্রিয় গল্পটি একটি গোপন সুড়ঙ্গের। বলা হয়, ভবনের নিচ থেকে একটি পাতালপথ সোজা চলে গেছে কর্ণফুলীর তীর পর্যন্ত। শত্রুর আক্রমণ টের পেলেই পর্তুগিজরা সেই পথে নেমে নদীতে অপেক্ষমাণ জাহাজে উঠে পড়ত।
প্রত্নতাত্ত্বিকেরা অবশ্য এই গল্পে সায় দেন না। তাঁদের মতে, নদী পর্যন্ত কোনো সুড়ঙ্গ বা গুপ্তকক্ষের অস্তিত্ব নেই। পাহাড়ের ঢাল বেয়ে বৃষ্টির পানি নামার পুরোনো নালা আর মজবুত দেয়ালের গড়ন দেখেই মানুষ কল্পনায় সুড়ঙ্গ বানিয়ে নিয়েছে।
যেভাবে শুরু দারুল আদালতের
মিথ পেরিয়ে ইতিহাসে ঢুকলে আসল গল্পটা বেরিয়ে আসে।
১৭৬০ সালে নবাব মীর কাশিম চট্টগ্রামের শাসন ও রাজস্বের অধিকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেন।
পরের বছর, ১৭৬১ সালের জানুয়ারিতে কোম্পানির প্রথম প্রধান কর্মকর্তা হিসেবে চট্টগ্রামে আসেন হ্যারি ভেরেলস্ট।
প্রশাসন আর বিচারব্যবস্থা হাতের মুঠোয় নিতে কোম্পানি বেছে নেয় চকবাজারের এই পাহাড়চূড়া। সেখানে গড়ে ওঠে দুর্গসদৃশ একটি ভবন।
ইতিহাসবিদ আবদুল হক চৌধুরী তাঁর ‘বন্দর শহর চট্টগ্রাম’ গ্রন্থে লিখেছেন, ১৭৬১ সালে চট্টগ্রামের কর্তৃত্ব নেওয়ার পরপরই ব্রিটিশরা ভবনটি নির্মাণ বা সংস্কার করে এখানে বিচারকাজ শুরু করে।
এভাবেই জন্ম নেয় চট্টগ্রামের প্রথম ‘দারুল আদালত’।
প্রায় এক শতাব্দী, ১৭৬১ থেকে ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ পর্যন্ত, চট্টগ্রামের দেওয়ানি ও ফৌজদারি মামলার শুনানি চলেছে এই পাহাড় থেকেই।
সিপাহি বিদ্রোহের পর নিরাপত্তার কারণে আদালত সরিয়ে নেওয়া হয় লালদীঘির পাড়ে। এরপর ১৮৯২ থেকে ১৮৯৮ সালের মধ্যে এর ঠিকানা হয় আজকের পরীর পাহাড়।
তালাবদ্ধ ইতিহাস
২০০২ সালে মহসিন কলেজ কর্তৃপক্ষ ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে চারপাশে তালা ঝুলিয়ে দেয়।
তারপর কেটে গেছে দুই দশকের বেশি। ভবনটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। দেয়ালে জমেছে শ্যাওলা, ফাটলে গজিয়েছে আগাছা।
প্রত্নসম্পদ আইন, ১৯৬৮ অনুযায়ী শতবর্ষী ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের দায়িত্ব প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। অথচ আমলাতান্ত্রিক জটিলতায় চট্টগ্রামের এই আদি বিচারালয় আজ ধ্বংসের মুখে।
পরিত্যক্ত পাহাড়টির সামনে দাঁড়ালে একটি প্রশ্ন মনে ঘুরপাক খায়।
চট্টগ্রামের আইনাঙ্গন, বিশেষ করে জেলা আইনজীবী সমিতি কি এই ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসতে পারে না?
পরীর পাহাড়ের জৌলুশের ভিড়ে চকবাজারের দারুল আদালতকে নিছক একটি পুরোনো দালান ভাবলে ভুল হবে। এটি চট্টগ্রামের বিচারিক ইতিহাসের প্রথম প্রদীপ।
সেই প্রদীপ নিভে যাওয়ার আগেই শেকড়টিকে বাঁচাতে হবে। দায়টা আমাদের সবার।
লেখক: লিগ্যাল কলামিস্ট





আপনার মতামত লিখুন