‘অপকর্মের কারণেই সেদিন দেশ ছেড়ে পালিয়েছিলেন’
মিরসরাইয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশে সাংসদ নুরুল আমিন

দেশকে অস্থিতিশীল করতে ভেতর ও বাইরে থেকে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। তিনি বলেছেন, একদিকে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুমকি দেওয়া হচ্ছে, অন্যদিকে বিদেশে বসে দেশে ফেরার ঘোষণা দিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে। তবে কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা বিএনপি, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে নুরুল আমিন বলেন, ‘আপনার অপকর্মের কারণেই সেদিন আপনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। এখন আবার সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যে স্বপ্ন দেখছেন, সচেতন জনগণ তা কখনো পূরণ হতে দেবে না।’
বিএনপির এই সংসদ সদস্য আরও বলেন, ‘আমাদের বিরুদ্ধে দুই দিক থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের ভেতর থেকে একটি গোষ্ঠী সরকারকে পদত্যাগে বাধ্য করার কথা বলছে, আর বাইরে থেকে আরেকটি গোষ্ঠী পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনার হুমকি দিচ্ছে। এরা সবাই দেশকে অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’
এর আগে সংসদ সদস্য নুরুল আমিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম প্রমুখ। এ ছাড়া সমাবেশে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ১৬ ডিসেম্বর ফিরতে চান শেখ হাসিনা; প্রত্যর্পণ ছাড়া সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী





আপনার মতামত লিখুন