চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিলে জনগণ সরকারকে দালাল বলবে: গোলাম পরওয়ার

দেশের স্বার্থ বিকিয়ে চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে জনগণ এই সরকারকে ‘আধিপত্যবাদী শক্তির দালাল’ আখ্যা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী সম্প্রতি জাতীয় ঐক্যের ডাক দিলেও মূলত সরকারই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করে ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম বন্দর এলাকার শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে দাবি করে গোলাম পরওয়ার বলেন, দেশের সম্পদ ব্যবস্থাপনার সক্ষমতা নিজেদেরই অর্জন করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকারের দায়িত্বশীল পদে থাকা কিছু ব্যক্তি এসব ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছেন। বন্দর টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার যেকোনো আত্মঘাতী সিদ্ধান্ত দেশবাসী প্রতিহত করবে।
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানের প্রসঙ্গ টেনে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘জাতীয় ঐক্যের ডাকের সঙ্গে আমরা নীতিগতভাবে একমত। কিন্তু সরকার একদিকে ঐক্যের কথা বলছে, অন্যদিকে গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের অধিকার ক্ষুণ্ন করছে। ৭০ শতাংশ ভোটে বিজয়ী গণভোটের সিদ্ধান্তকে সংসদে মাত্র ৫০ শতাংশ আসনের জোরে বাতিল বা অগ্রাহ্য করা যায় না। সরকার সত্যিই জাতীয় ঐক্য চাইলে গণরায়কে অবিলম্বে মেনে নিতে হবে। এই রায় বাস্তবায়ন করা হলেই ফ্যাসিবাদের বিরুদ্ধে শ্রমিক-জনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে উঠবে।’
ভারতের পররাষ্ট্রনীতির সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, প্রতিবেশী দেশ হিসেবে সুসম্পর্ক কাম্য হলেও ভারত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দিল্লি রিমোট কন্ট্রোলের মাধ্যমে বাংলাদেশে নিজেদের প্রভাব বজায় রাখতে চাইলে তা এ দেশের স্বাধীনতাকামী জনগণ কখনোই মেনে নেবে না।
শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের ঘাম ও শ্রমের ওপর দাঁড়িয়ে শিল্পমালিকেরা কোটিপতি হলেও শ্রমিকের ন্যায্য মজুরি, চিকিৎসা ও মানবিক জীবনমান এখনো নিশ্চিত হয়নি। তৈরি পোশাক খাতের শ্রমিকেরা আজও অবহেলিত। শিল্প বাঁচাতে হলে আগে শ্রমিককে বাঁচাতে হবে। তবে ভাঙচুর, জ্বালাও-পোড়াও কিংবা ধর্মঘটের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জামায়াত বিশ্বাস করে না উল্লেখ করে তিনি নিয়মতান্ত্রিক ও ইনসাফভিত্তিক শ্রমনীতি বাস্তবায়নের দাবি জানান।
সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, পাকিস্তান আমলে গড়ে ওঠা সমৃদ্ধ শিল্পকারখানাগুলো ১৯৭১ সালের পর শেখ মুজিবুর রহমানের সরকার জাতীয়করণ করেছিল। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমেই দেশের শিল্প খাত ধ্বংস ও লুটপাটের সূচনা হয়, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সাধারণ শ্রমিকেরা।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি সংস্থার হাতে তুলে দিতে অস্বচ্ছ ও গোপন প্রক্রিয়ায় চুক্তি করা হচ্ছে। তিনি অবিলম্বে এসব চুক্তির শর্ত জনসমক্ষে প্রকাশের দাবি জানান। একই সঙ্গে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের আহ্বান জানান।
ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম, সংসদ সদস্য মো. জহিরুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের প্রায় ১৫ হাজার শ্রমিক প্রতিনিধি অংশ নেন। আলোচনা পর্ব শেষে ২০২৭-২৮ সেশনের জন্য এস এম লুৎফর রহমানকে সভাপতি ও আবু তালেব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের নতুন মহানগর কমিটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজ ডুবি, সবাই উদ্ধার





আপনার মতামত লিখুন