‘সুষ্ঠু সমাজ বিনির্মাণে রাসুলের আদর্শ অনুসরণের বিকল্প নেই’

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ ও তাঁর শিক্ষা সমাজে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আলোচকেরা। তাঁরা বলেছেন, রাসুলের আদর্শ অনুসরণের মধ্য দিয়েই সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। সুষ্ঠু ও মানবিক সমাজ বিনির্মাণে তাঁর জীবনাদর্শের কোনো বিকল্প নেই।
শুক্রবার (৩০ অক্টোবর) বাদ মাগরিব মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত সিরাত মাহফিলে আলোচকেরা এসব কথা বলেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ক্লাবের হলরুমে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান আলোচক ছিলেন রাঙ্গুনিয়ার আলমশাহ পাড়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জমান। বিশেষ আলোচক ছিলেন ঐতিহাসিক ছুটিখাঁ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আলম তৌহিদী।
বক্তারা বলেন, মানুষ ক্রমেই দুনিয়ার মোহে পড়ে ইসলামি আদর্শ ও নৈতিক শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। নানা মতবাদ, কুসংস্কার ও অপসংস্কৃতির প্রভাবে মানুষের মধ্যে আল্লাহভীতি ও রাসুলের আদর্শ অনুসরণের প্রবণতা কমছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে সমাজজীবনে। বাড়ছে অন্যায়, অনাচার, হিংসা ও লোভ।
তাঁরা আরও বলেন, মহানবী (সা.)-এর জীবন ছিল মানবিকতা, সহনশীলতা, ন্যায়বিচার ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। তাঁর শিক্ষা ব্যক্তিজীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করা গেলে অশান্ত সমাজেও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ ভূঁইয়ার সভাপতিত্বে মাহফিল সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মিরসরাই কলেজের প্রভাষক রাসেল আহম্মদ চৌধুরী।
এতে বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম ও সিনিয়র সহসভাপতি সাইফুল হক সিরাজী। স্বাগত বক্তব্য দেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন বিটু।
মাহফিলে প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





আপনার মতামত লিখুন