নামেই পাট গবেষণা, মাঠে নেই পাট
১৯৫৬ সালের মানচিত্রে আটকে আছে তারাবের পাট গবেষণা

শীতলক্ষ্যার পাড়ে তারাবের টাটকী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষে একটি পুরোনো ফটক। সাইনবোর্ডে লেখা: পাট গবেষণা উপকেন্দ্র, তারাব।
একতলা ভবনের কার্নিশে শ্যাওলা, রং খসে পড়ছে। ওপরে বাগানবিলাসের ঝোপ। কলাপসিবল গেট পেরোলে ফাঁকা বারান্দা।
এই কেন্দ্রের গল্প শুরু প্রায় সত্তর বছর আগে। বিজেআরআইয়ের তথ্য বলছে, পাটশিল্পের জন্য বিশ্বজুড়ে “প্রাচ্যের ডান্ডি” নামে পরিচিত নারায়ণগঞ্জে কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয় ১৯৫৬ সালে।
ফটকের বাইরের পৃথিবী এরপর পুরোপুরি বদলে গেছে। ভেতরের কাগজ বদলায়নি।
সরকারি ওয়েবসাইটে কেন্দ্রটির প্রথম উদ্দেশ্য হিসেবে এখনো লেখা আছে বৃহত্তর নারায়ণগঞ্জের মাটি ও আবহাওয়ার উপযোগী উচ্চফলনশীল পাটের জাত উদ্ভাবনের কথা। সেই মাটি এখন আবাসন কোম্পানির বালুর নিচে চাপা।

ভোরের কুয়াশায় ভোলাব ইউনিয়নের আতলাপুর খেয়াঘাটে দাঁড়িয়ে ছিলেন ষাটোর্ধ্ব কৃষক ইদ্রিস আলী। পাঞ্জাবির পকেটে হাত গুঁজে তাকিয়ে ছিলেন একসময়ের পাটক্ষেতের দিকে।
“একসময় আমাগো রূপগঞ্জের পাট দিয়া চটের বস্তা, দড়ি বানাইয়া বিদেশ পাঠাইতো,” বললেন তিনি। “অহন বিঘার পর বিঘা জমি আবাসন কোম্পানি গিলা খাইছে। কারখানার পানিতে জমি মইরা গেছে। পাটের নামগন্ধও আর নাই।”
যে অঞ্চলে পাট প্রায় হারিয়ে গেছে, সেখানে পাটের গবেষণা কেন্দ্র কী করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে মাঠ, কৃষক, উপজেলা কৃষি অফিস ও বিজেআরআইয়ের প্রকাশিত নথি মিলিয়ে দেখা হয়েছে।
উত্তর হলো: কেন্দ্রটি চলছে, মাঠে ফসলও আছে। কিন্তু চারপাশের কৃষকের সঙ্গে তার যোগ প্রায় ছিন্ন। রাষ্ট্র বছরে কোটি টাকা খরচ করছে এমন এক মানচিত্রের পেছনে, যার অস্তিত্ব আর নেই।
মানচিত্র বদলেছে, ম্যান্ডেট বদলায়নি
উপজেলা কৃষি অফিসগুলোর তথ্য অনুযায়ী, দুই দশক আগে রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁওয়ে প্রায় ৩ হাজার হেক্টর জমিতে পাট হতো। এখন তিন উপজেলা মিলিয়ে আবাদ ৩৪৮ হেক্টর।
শুধু রূপগঞ্জের হিসাব আরও করুণ। উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা জানান, এখানে আবাদ এখন মাত্র ৬০ হেক্টরে। ২০ বছর আগে ছিল ৬০০ হেক্টর।
তুলনাটা স্পষ্ট হয় পাটের প্রকৃত অঞ্চলের দিকে তাকালে। চলতি মৌসুমে শুধু ফরিদপুর জেলাতেই পাটের আবাদ হয়েছে ৮৭ হাজার ৪০২ হেক্টর জমিতে।
কাগজে অবশ্য কেন্দ্রের দায়িত্ব শুধু রূপগঞ্জ নয়। বিজেআরআইয়ের তালিকায় তারাব উপকেন্দ্রের আওতাধীন এলাকা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী। তিন জেলার কোনো উপজেলা কৃষি অফিস কেন্দ্রটির সঙ্গে নিয়মিত কাজের কথা জানাতে পারেনি।
বিজেআরআই নিজেও জানে পাট কোথায় সরে গেছে। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার প্রকাশিত তথ্যপত্রে জামালপুরের মাদারগঞ্জে নতুন পাট গবেষণা উপকেন্দ্র স্থাপন ও গবেষণা জোরদার প্রকল্পের উল্লেখ আছে।
তারাব থেকে মাদারগঞ্জে যাওয়ার পথটাও নথিতে ধরা আছে। বিজেআরআইয়ের এক বৈজ্ঞানিক কর্মকর্তা ২০২২ সালের ডিসেম্বরে তারাবে যোগ দিয়ে সাত মাসের মাথায় বদলি হন মাদারগঞ্জ উপকেন্দ্রে।
অর্থাৎ নতুন পাট অঞ্চলে কেন্দ্র গড়ার সিদ্ধান্ত প্রতিষ্ঠানটি নিতে পারে। প্রশ্ন হলো, পুরোনো কেন্দ্রটির ভূমিকা নতুন করে ভাবার সিদ্ধান্ত কেন আসেনি।
মাঠে বীজ, কৃষকের ঘরে কিছু নেই
কাগজে কেন্দ্রটির কাজ তিনটি: স্থানীয় উপযোগী জাত উদ্ভাবন, রোগবালাই প্রতিরোধী প্রযুক্তি তৈরি, আর পচন পদ্ধতি নিয়ে কৃষককে প্রশিক্ষণ।
সরেজমিনে কেন্দ্রের মাঠ ফাঁকা নয়। একটি প্লটে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে পাটগাছ, পাতা হলদে হতে শুরু করেছে। সামনে বাঁশের খুঁটিতে সাইনবোর্ড।
তাতে লেখা জাতের নাম বিজেআরআই তোষা পাট ৯, বপনের তারিখ ১২ আগস্ট ২০২৬। শ্রেণির ঘরে লেখা: মানঘোষিত।
আঁশের পাট সাধারণত বোনা হয় মার্চ-এপ্রিলে। আগস্টে বোনা হয় বীজ উৎপাদনের জন্য। মানঘোষিত শব্দটিও বীজের একটি শ্রেণি বোঝায়। অর্থাৎ এই প্লট আঁশের নয়, বীজের।
পাশের বড় মাঠে সাদা-হলুদ ফুলে ভরে আছে আরেকটি আঁশ ফসল, কেনাফ। জাত এইচসি-৯৫, বোনা হয়েছে ১৯ আগস্ট। সাইনবোর্ডে এটিরও শ্রেণি মানঘোষিত।

দুই মাঠেই একই ছবি: বীজের জন্য বোনা ফসল। মাঠে তাই কাজ আছে। প্রশ্ন হলো, সেই কাজের সঙ্গে বৃহত্তর নারায়ণগঞ্জের কৃষকের যোগ কোথায়।
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রের এক গবেষক বলেন, “এখানে মৌলিক জাত উদ্ভাবন বা ল্যাবভিত্তিক গবেষণার যন্ত্রপাতি নেই। মূল কেন্দ্র থেকে যে নির্দেশ আসে, তার রুটিন পর্যবেক্ষণ প্রতিবেদন ঢাকায় পাঠানোই আমাদের কাজ।”
কৃষকের কাছে কেন্দ্রটি প্রায় অদৃশ্য। আড়াইহাজার, সোনারগাঁও, বন্দর ও রূপগঞ্জের ১২৪ জন কৃষকের সঙ্গে কথা বলেছে এই প্রতিবেদক। ১১০ জন কেন্দ্রটির নামই শোনেননি। দশজনে প্রায় নয়জন।
যে ১৪ জন নাম জানেন, তাঁদের কেউ কখনো কেন্দ্র থেকে বীজ, পরামর্শ বা প্রশিক্ষণ পাননি।
দেইলপাড়ার কৃষক আবুল মিয়া হেসে ফেললেন প্রশ্ন শুনে। “এই নাম মোডে আজকা হুনলাম। ১৫-২০ বছর আগে পাট অইতো। অহন চারদিকে বালু ভরা। পাট অইবো কোন থেইকা?”
সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা সাঈদ তারেক বলেন, “তাদের কেউ খুঁজে পায় না। বছরে একবার প্রদর্শনী করতে আসলেও আমাদের সঙ্গে সমন্বয় করে না। কৃষকদের কোনো ডাটাও নেয় না।”
জুনিয়র ফিল্ড অফিসার সবুজ মিয়া রূপগঞ্জে আটটি প্রদর্শনী প্লট করার দাবি করেন। কায়েতপাড়ার পূর্বগ্রাম, দেইলপাড়া ও বরুণায় গিয়ে একটিরও হদিস মেলেনি। জানতে চাইলে তিনি বলেন, “এসব বিষয়ে হেড অফিসে কথা বলেন, আমরা কিছু জানি না।”
এক মোটরসাইকেলে ৭০ হাজার টাকার তেল
কেন্দ্রটির বার্ষিক পরিচালন ব্যয় গড়ে ১ কোটি থেকে ১ কোটি ২০ লাখ টাকা। ২০২০-২১ অর্থবছরের বরাদ্দ নথি প্রতিবেদকের হাতে এসেছে। তাতে তৎকালীন পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মাহমুদ আল হোসেনের স্বাক্ষর।
কেন্দ্রে যাতায়াতের বাহন একটি পুরোনো মোটরসাইকেল। ওই বছর এর পেট্রল বাবদ খরচ দেখানো হয়েছে ৭০ হাজার টাকা, মেরামতে আরও ৩০ হাজার।
অফিসে সচল ল্যান্ডলাইন নেই, তবু টেলিফোন বিল ৫ হাজার টাকা। প্রচার খাতে ১০ হাজার টাকা, যদিও এলাকার প্রায় ৯০ শতাংশ চাষি কেন্দ্রটি চেনেন না। কৃষক প্রশিক্ষণে খরচ ৭৭ হাজার টাকা, অথচ প্রশিক্ষণ পাওয়া একজন কৃষকও খুঁজে পাওয়া যায়নি।
এবার রূপগঞ্জের পাটের হিসাব। উপজেলায় বছরে উৎপাদন ১৮০ টন, প্রায় ৪ হাজার ৮০০ মণ। মণপ্রতি আড়াই থেকে তিন হাজার টাকা দরে এর দাম সোয়া ১ কোটি থেকে দেড় কোটি টাকার মতো।
অর্থাৎ রূপগঞ্জের সব কৃষক মিলে এক মৌসুমে যত টাকার পাট বেচেন, প্রায় তত টাকাই খরচ হয় একটি গবেষণা কেন্দ্রের এক বছরের পরিচালনায়।
সঙ্গে আছে শীতলক্ষ্যার পাড়ে ১৪ একরের বেশি সরকারি জমি। সরকারি হিসাবে কেন্দ্রটির মোট জমি ১৪.২১ একর। স্থানীয় জমির দর ধরলে এর মূল্য দুই শ কোটি টাকা ছাড়িয়ে যায়।
সমাধান কোন পথে
কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হুমায়ুন কবীর সমস্যাটি স্বীকার করেন। তাঁর ভাষায়, “আমাদের জনবল সংকট আছে। অফিসটি এমন জায়গায়, দিনেও মানুষ আসতে ভয় পায়। যেহেতু এ এলাকায় এখন পাট তেমন নেই, যেখানে আবাদ বেশি সেখানে অফিস স্থানান্তর করা দরকার।”
অতিরিক্ত খরচের প্রশ্নে তিনি বলেন, “এগুলো আমাদের দেখার বিষয় না, উপরের স্যারেরা জানেন।”
নাম প্রকাশ না করার শর্তে একজন কৃষি অর্থনীতিবিদ বলেন, “মাটির বাস্তবতা বদলে গেলে গবেষণা কেন্দ্রও সরাতে হয়। শুধু কিছু পদ টিকিয়ে রাখতে আর বাজেট ছাড় করাতে কাগজে গবেষণা চালানো চরম নীতিগত ব্যর্থতা।”
তবে নথি ও মাঠের তথ্য মেলালে সমাধান কেবল স্থানান্তরে সীমিত থাকে না। সামনে আসে তিনটি পথ।
প্রথম পথ, মাঠের কাজ কৃষকের কাছে নেওয়া। কেন্দ্রের আওতায় মুন্সিগঞ্জ ও নরসিংদীও আছে। মাঠে যে মানঘোষিত বীজ উৎপাদন হচ্ছে, তা উপজেলা কৃষি অফিসের সঙ্গে যৌথ পরিকল্পনায় সেখানকার চরাঞ্চলের চাষিদের হাতে পৌঁছাতে পারে।
দ্বিতীয় পথ, কেন্দ্রের চরিত্র বদলানো। সরকার পাট খাতকে প্রায় ১ বিলিয়ন ডলারের রপ্তানি থেকে ৫-৭ বিলিয়ন ডলারের শিল্পে নিতে চায়, যার জন্য বহুমুখী পাটপণ্য ও গবেষণায় জোর দেওয়ার কথা বলেছেন বস্ত্র ও পাটমন্ত্রী। তারাব দাঁড়িয়ে আছে দেশের অন্যতম বড় শিল্পাঞ্চলের মাঝখানে। পাটক্ষেতের বদলে কারখানার পাশে থাকা এই জমি পাটপণ্য বা বীজ প্রযুক্তির কেন্দ্র হতে পারে কি না, সেই প্রশ্নের উত্তর দিতে হবে বিজেআরআইকে।
তৃতীয় পথ, জবাবদিহি। প্রতিটি উপকেন্দ্র বছরে কী গবেষণা করল, কত বীজ উৎপাদন হলো এবং কোথায় গেল, কত কৃষক প্রশিক্ষণ পেলেন, কোন খাতে কত খরচ হলো, তা প্রকাশ্যে দেওয়া। আর ২০২০-২১ অর্থবছরের ব্যয়গুলো নিরীক্ষার আওতায় আনা।
দায় নিতে রাজি নয় স্থানীয় পাট প্রশাসনও। নারায়ণগঞ্জ জেলা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুব হোসেন বলেন, “পাট গবেষণা কেন্দ্র আমাদের অধীনে নয়। আমরা এসব জানি না।”
আতলাপুর খেয়াঘাটে কুয়াশা কেটে গেলে ইদ্রিস আলীর চোখের সামনে ভেসে ওঠে কারখানার চিমনি। তাঁর কাছে পাট এখন শুধু স্মৃতি।
আর শীতলক্ষ্যার পাড়ের সেই ফটকের ভেতরে, বাঁশের খুঁটিতে ঝোলানো সাইনবোর্ডের পেছনে, পাটগাছে বীজ পাকছে। যে মাঠের জন্য সেই বীজ, তা হারিয়ে গেছে বালুর নিচে।





আপনার মতামত লিখুন