রাঙ্গুনিয়ার চাকমা রাজবাড়ি: খসে পড়ছে ইট, মুছে যাচ্ছে ইতিহাস

ইছামতী নদীর তীর ধরে রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগরের রাজাভুবন গ্রামে ঢুকলে প্রথমে কোনো প্রাসাদ চোখে পড়ে না। চোখে পড়ে ঝোপঝাড়, ভাঙা ইটের স্তূপ আর গাছের ফাঁক দিয়ে মাথা তোলা কয়েকটি খিলান। খিলানগুলোর পলেস্তারা কবেই খসে গেছে। ভেতরে জমেছে আগাছা আর শুকনো পাতা।
অথচ এই ধ্বংসস্তূপই একসময় ছিল একটি রাজ্যের প্রাণকেন্দ্র।
এখান থেকেই শতাধিক বছর রাজ্য চালিয়েছেন চাকমা রাজারা। এখানে বসেই শাসন করেছেন চাকমা ইতিহাসের একমাত্র নারী শাসক রানী কালিন্দী। রাজানগর, রাজাভুবন, রাজারহাট, রানীরহাট, মোগলের হাট, শুকবিলাস; রাঙ্গুনিয়ার এসব জনপদের নাম আজও বহন করছে সেই রাজত্বের স্মৃতি। কিন্তু রাঙ্গুনিয়ার চাকমা রাজবাড়ি নিজে টিকে আছে খসে পড়া ছাদ, ফাটা দেয়াল আর লতা-গুল্মের আড়ালে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এটিকে সংরক্ষণের কোনো সরকারি উদ্যোগ এখনো নেওয়া হয়নি।
“এখন আমাদের আদি ইতিহাসের একমাত্র দৃশ্যমান চিহ্ন এই রাঙ্গুনিয়ার রাজবাড়ি,” বললেন রাজার বংশধর, ৭০ বছর বয়সী কর্ণরায় চৌধুরী। “এটি সংরক্ষণ করা আমাদের সংস্কৃতির অংশ।”

চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক ধরে ৩৫ কিলোমিটার, কিংবা চট্টগ্রাম-রাঙামাটি সড়ক ধরে ৪৫ কিলোমিটার গেলে পৌঁছানো যায় এখানে। স্থানীয়দের হিসাবে প্রাসাদ চত্বর ছড়িয়ে আছে প্রায় ৫২ একর জায়গাজুড়ে। পাশেই শাক্যমুনি বৌদ্ধ বিহার, রাজা ধর্মবক্স খাঁ ও রানী কালিন্দীর চিতা মন্দির এবং একটি সীমাঘর, যেটিকে স্থানীয়রা দেশের থেরবাদী বৌদ্ধ ঐতিহ্যের প্রথম দিকের নিদর্শন বলে দাবি করেন।
আলীকদম থেকে রাজানগর
চাকমা রাজবংশের ইতিহাসের স্থানীয় বিবরণ অনুযায়ী, এ অঞ্চলে রাজত্বের গোড়াপত্তন ১৭৩৭ সালে, রাজা শেরমুস্ত খাঁর হাতে। ভারতবর্ষে তখন মুঘল শাসন। শেরমুস্ত খাঁর রাজধানী ছিল বান্দরবানের মাতামুহুরী নদীর অববাহিকায়, আলীকদমে। রাজ্যসীমা ছিল উত্তরে ফেনী, দক্ষিণে শঙ্খ নদী, পূর্বে লুসাই পাহাড় আর পশ্চিমে নিজামপুর সড়ক পর্যন্ত।
আরাকানিদের আক্রমণের মুখে তিনি মিত্রতা গড়েন চট্টগ্রামের মুঘল নবাব জুলকদর খাঁর সঙ্গে। নবাব তাঁকে রাঙ্গুনিয়ার পাহাড়ি অঞ্চলে বসতি গড়ার অনুমতি দেন।
১৭৫৭ সালে শেরমুস্ত খাঁর মৃত্যুর পর রাজা হন তাঁর পোষ্যপুত্র শুকদেব রায়। আলীকদম ছেড়ে তিনি রাঙ্গুনিয়ার পদুয়ায় শিলক নদীর তীরে প্রাসাদ গড়েন, নাম দেন সুখবিলাস। নিঃসন্তান এই রাজা রানী ছেলেমার নামে প্রাসাদের পশ্চিমে খনন করান ছেলেমা পুকুর।
রাজাভুবনের দোতলা প্রাসাদটি কে গড়েছিলেন, তা নিয়ে অবশ্য বিবরণে ভিন্নতা আছে। স্থানীয়রা কৃতিত্ব দেন রাজা শুকদেব রায়কে। তবে চাকমা রাজবংশের ইতিহাসনির্ভর কয়েকটি বিবরণে বলা হয়েছে, রাজধানী রাজানগরে সরিয়ে এনে প্রাসাদটি নির্মাণ করেন রাজা জানবক্স খাঁ, আঠারো শতকের আশির দশকে।

যিনিই গড়ুন, প্রাসাদটির নির্মাণশৈলী ছিল ব্যতিক্রমী। নিচতলায় ছয়টি, দোতলায় চারটি কক্ষ। পুরো ভবনে লোহার কোনো ব্যবহার নেই। দেহাং পাহাড়ের মাটিতে তৈরি চারকোনা ইট গাঁথা হয়েছিল চুন-সুরকির মিশেলে। দেয়ালগুলো দুই হাতেরও বেশি পুরু। সেই পুরু দেয়ালই একসময় রাজপ্রাসাদের নিরাপত্তার জানান দিত। আজ সেগুলো ঢেকে আছে তরুলতা আর ঝোপঝাড়ে।
প্রবেশপথে ছিল রাজদরবার, সৈন্যশালা আর বন্দিশালা। প্রবেশমুখে বড় একটি শানবাঁধানো পুকুর। তার পশ্চিমে শাক্যমুনি বৌদ্ধ বিহার, আর বিহারসংলগ্ন রাজা ধর্মবক্স খাঁ ও রানী কালিন্দীর দুটি চিতা মন্দির।

রানীর দীঘি, রানীর বিহার
রাজা ধর্মবক্স খাঁর অকালমৃত্যুর পর ১৮৩২ সালে রাজ্যের ভার নেন রানী কালিন্দী। প্রায় চার দশক তিনি রাজাভুবন থেকেই শাসনকাজ চালান। প্রজাদের সুপেয় পানির কষ্ট দূর করতে প্রাসাদের পূর্ব পাশে খনন করান সাগরদীঘি, বসান রাজারহাট। তাঁর নামে পরে গড়ে ওঠে রানীরহাট। আর রাজা ভুবন মোহন রায়ের নামে প্রতিষ্ঠিত হয় রাজাভুবন উচ্চ বিদ্যালয়।
বিহার চত্বরের সাইনবোর্ডে লেখা আছে, বৌদ্ধ প্রজাদের দাবিতে রানী কালিন্দী ১২২৬ মগাব্দে, অর্থাৎ ১২৭১ বঙ্গাব্দ বা ১৮৬৪ খ্রিষ্টাব্দে বিহারটি নির্মাণ করান। মিয়ানমারের সংঘনায়ক সারমেধ মহাস্থবিরের নেতৃত্বে বহু ভিক্ষু এনে রাজকীয় আয়োজনে এটি উদ্বোধন করা হয়। মূল মন্দিরের উত্তর পাশে নির্মিত হয় সুমঙ্গল পাথর সীমাঘর।
সাইনবোর্ডের এই তথ্য একটি প্রচলিত বিভ্রান্তিও দূর করে। প্রাসাদ আর বিহার একই সময়ের স্থাপনা নয়। প্রাসাদটি আঠারো শতকের, বিহারটি গড়া হয়েছে তার অনেক পরে, উনিশ শতকের মাঝামাঝি।


রাজধানী সরে যাওয়ার পর
বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, ১৮৭৪ সালে চাকমা রাজা হরিশ্চন্দ্র রায় রাজধানী রাঙ্গুনিয়ার রাজানগর থেকে রাঙামাটিতে সরিয়ে নেন। সেই থেকে রাজাভুবনের প্রাসাদ জৌলুস হারাতে থাকে। পরিত্যক্ত হয়ে পড়ে সৈন্যশালা আর বন্দিশালা।
রাঙামাটিতে গড়া নতুন রাজপ্রাসাদের পরিণতিও সুখকর হয়নি। ১৯৬০ সালে কাপ্তাই বাঁধ নির্মাণের পর সেটি তলিয়ে যায় হ্রদের পানিতে।
রাঙ্গুনিয়ার প্রাসাদটি এখন এলাকায় পরিচিত ভুতুড়ে বাড়ি হিসেবে। রোদে শুকিয়ে, বৃষ্টিতে ধুয়ে খসে পড়েছে ছাদ। দেয়াল এতটাই নড়বড়ে যে ঝোপঝাড় পুরোপুরি পরিষ্কার করাও ঝুঁকিপূর্ণ। যতটুকু সম্ভব আগাছা কেটে কাঠামোটি টিকিয়ে রাখার চেষ্টা চলছে।

এর মধ্যেই প্রায় হারিয়ে গেছে রাজদরবার, হাতি-ঘোড়ার পিলখানা আর বহু পুরাকীর্তি। বিখ্যাত সাগরদীঘির অস্তিত্ব টিকে আছে আংশিক। অক্ষত আছে কেবল রাজবাড়ির শানবাঁধানো পুকুরটি।
রাজার বংশধরেরা বিভিন্ন সময়ে প্রাসাদটি রক্ষার চেষ্টা করেছেন। টানা ২০ বছর এর দেখাশোনা করেছেন প্রমতোষ দেওয়ান। ২০১৩ সালে তাঁর মৃত্যুর পর হাল ধরেছেন ছেলে রুমেল দেওয়ান। ভাঙা প্রাসাদটি আঁকড়ে এখনো এখানেই পড়ে আছেন তিনি।
কর্ণরায় চৌধুরীর আক্ষেপের কারণও এখানে। তাঁর ভাষ্য, রাঙামাটির রাজপ্রাসাদ ২০১০ সালে আগুনে পুড়ে যাওয়ার পর চাকমা রাজত্বের আদি ইতিহাসের দৃশ্যমান চিহ্ন বলতে টিকে আছে কেবল রাঙ্গুনিয়ার এই রাজবাড়ি।
প্রতিশ্রুতি আছে, সংস্কার নেই
২০০৮ সালের মাঝামাঝি চাকমা সার্কেল চিফ রাজা দেবাশীষ রায় রাজবাড়ি এলাকা পরিদর্শন করে সংরক্ষণের কথা বলেছিলেন। এরপর পেরিয়ে গেছে প্রায় দেড় যুগ। সংস্কারের কাজ শুরু হয়নি।
স্থানীয়রা চান, প্রত্নতত্ত্ব অধিদপ্তর অবিলম্বে ভবনটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের তালিকায় তুলুক। সীমানা চিহ্নিত করে, ঝোপঝাড় সরিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংস্কার করা হোক লোহাবিহীন এই কাঠামো। তাঁদের স্বপ্ন, প্রাসাদ ঘিরে গড়ে উঠবে একটি রয়েল মিউজিয়াম, আদিবাসী ভিলেজ আর ঐতিহাসিক পর্যটন অঞ্চল।
বছরে একবারই এই চত্বর মানুষের ভিড়ে মুখর হয়, পহেলা বৈশাখ আর বিজু উৎসবে। তখন রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান থেকে চাকমা জনগোষ্ঠীর মানুষ আসেন আদি রাজধানীতে শ্রদ্ধা জানাতে। সেই মেলার গল্প পড়ুন: বছরে একবার জেগে ওঠে রাঙ্গুনিয়ার চাকমা রাজবাড়ি।

রাজবাড়ির দেয়ালে গাঁথা শিলালিপির অক্ষর এরই মধ্যে প্রায় মুছে গেছে। স্থানীয়দের ভয়, এখনই উদ্যোগ না নিলে একদিন পুরো প্রাসাদটিই এভাবে মুছে যাবে। তখন চাকমা রাজত্বের সাক্ষী হয়ে থাকবে কেবল রাঙ্গুনিয়ার কয়েকটি জনপদের নাম।





আপনার মতামত লিখুন