সেন্টমার্টিন সিরিজ · বিশেষ প্রতিবেদন
সেন্টমার্টিনের নীরব প্রহরী
ঠিক ৩০ বছর আগে সেন্টমার্টিনে এসে দ্বীপ রক্ষার পরিকল্পনা দিয়েছিলেন কানাডীয় প্রবাল-বিজ্ঞানী টমাস টমাসচিক। পরিকল্পনা কাগজে রয়ে গেছে, তিনি আজও দ্বীপের পাশে।

আজ থেকে ঠিক ৩০ বছর আগে, ১৯৯৬ সালের ২৩ নভেম্বর, সেন্টমার্টিনে এসে পৌঁছালেন এক কানাডীয় প্রবাল-বিজ্ঞানী। সঙ্গে কাজ চালানোর মতো সামান্য জিনিসপত্র; ডুব দেওয়ার যন্ত্রপাতি তখনো এসে পৌঁছায়নি।
তাতে কাজ থামেনি। পরের ৪৫ দিন তিনি কখনো স্নরকেল মুখে সাঁতরে, কখনো নৌকার পেছনে দড়ি ধরে পানিতে উপুড় হয়ে ভেসে ভেসে খুঁটিয়ে দেখেছেন দ্বীপের চারপাশের পানির নিচের জগৎ। পাশে ছিলেন নৌবাহিনীর এক সাবেক কর্মকর্তা, যিনি দ্বীপটা আগে থেকেই চিনতেন। পরে কক্সবাজার আর ঢাকায় বসে যখন প্রতিবেদন লিখছেন, হাতে ছিল না কোনো স্যাটেলাইট চিত্র, ছিল না ইন্টারনেটও।
সেই বিজ্ঞানী টমাস টমাসচিক। দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপের সামুদ্রিক জীববৈচিত্র্যের প্রথম দিকের পদ্ধতিগত মূল্যায়নগুলোর একটি তাঁর হাতে তৈরি, সঙ্গে দ্বীপ রক্ষার একটি পরিকল্পনা। সেই প্রতিবেদন জানিয়েছিল, সেন্টমার্টিন কারিগরি অর্থে প্রবাল দ্বীপ নয়। সেখানেই তিনি নিজের হাতে এঁকেছিলেন দ্বীপকে সংরক্ষিত অঞ্চলে ভাগ করার মানচিত্র, আর মোটা দাগে প্রথম হিসাব করেছিলেন, দ্বীপ দিনে কতজন পর্যটক নিতে পারে।
৩০ বছর পর সেই পরিকল্পনার বেশির ভাগ আজও কাগজে। যে বিপদকে তিনি সবচেয়ে বড় বলেছিলেন, তা অনেকটা কেটে গেছে; কিন্তু তাঁর চাওয়া পর্যবেক্ষণ শুরু হয়নি, অঞ্চলভাগ কার্যকর হয়নি, আর সরকারের নিজের নিরীক্ষকই দেখেছেন, দ্বীপ রক্ষার প্রকল্প চলেছে তাঁর সুপারিশ পাশ কাটিয়ে। তবু টমাসচিক থামেননি। কানাডায় বসে, কোনো পারিশ্রমিক ছাড়া, তিন দশক ধরে তিনি বাংলাদেশি বিজ্ঞানীদের গবেষণায় সাহায্য করছেন, দ্বীপ নিয়ে প্রকাশিত ভুল শোধরাচ্ছেন। অথচ দ্বীপে তাঁকে নিয়ে চালু আছে উল্টো এক গল্প: এক বিদেশি গবেষক নাকি সাগরে রাসায়নিক ছিটিয়ে প্রবাল মেরেছিলেন।
কয়েক মাস ধরে টমাসচিকের সঙ্গে বাংলার পত্রিকার ইমেইল আলাপ, তাঁর ১৯৯৭ সালের প্রতিবেদন, সরকারি নিরীক্ষা, জাতিসংঘের নথি, একটি জীবাশ্ম-গবেষণাপত্র আর তাঁর তখনকার সহকারীর স্মৃতি মিলিয়ে এই প্রতিবেদনে উঠে এসেছে সেই মানুষটির গল্প, যিনি দ্বীপটিকে ভালোবেসে আজও তার পাশে আছেন।

দুই মাস, আর একজন সহকারী
টমাসচিক দ্বীপে ছিলেন ১৯৯৬ সালের ২৩ নভেম্বর থেকে ১৯৯৭ সালের ২০ জানুয়ারি পর্যন্ত। সেই দুই মাসের কারণেই দ্বীপটির প্রতি তাঁর গভীর টান, লিখেছেন তিনি। হাতে ছিল শুধু প্রয়োজনীয় জিনিসটুকু, তবু অভিজ্ঞতাটি ছিল অসাধারণ, যা তিনি কোনো দিন ভুলবেন না, “বিশেষ করে সেখানে যাঁদের সঙ্গে দেখা হয়েছিল, তাঁদের কথা।”
তাঁদের একজন সাইফুল পাইকাড়, তাঁর গবেষণা ও মাঠ সহকারী। দেশের সমুদ্র আর উপকূলের পরিবেশ চিনতেই নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন পাইকাড়; ইচ্ছা ছিল সমুদ্রবিজ্ঞান আর হাইড্রোগ্রাফি পড়ার। ১৯৮৪ সালের এপ্রিলে বাংলাদেশ নেভাল একাডেমির অফিসার ক্যাডেট হিসেবে নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ রুহুল আমিনে চড়ে প্রথম সেন্টমার্টিনে যান। জাহাজ থেকে নেমেই বন্ধু অফিসার ক্যাডেট আবদুল লতিফকে নিয়ে দৌড়ে পুরো দ্বীপ একবার চক্কর দেন; সেই দৌড়েই দ্বীপের প্রেমে পড়ে যান তিনি। নৌবাহিনীতে থাকার সময়েই সংকলন করেন নারিকেল জিঞ্জিরা, অর্থাৎ সেন্টমার্টিনের ইতিহাস; সেটি জমা দেন আইইউসিএনের কার্যালয়ে। ১৯৯৬ সালে দ্বীপে গড়ে তোলেন স্থানীয় সংগঠন সোলার এনার্জি অ্যাসোসিয়েশন অব নারিকেল জিঞ্জিরা। দ্বীপের মানুষের সঙ্গে তাঁর এই চেনাজানার কারণেই টমাসচিক আইইউসিএনকে অনুরোধ করেন তাঁকে সহকারী হিসেবে নিতে। সে বছরই নৌবাহিনীর চাকরি শেষ হলে আইইউসিএন তাঁকে স্থানীয় বিশেষজ্ঞ ও গবেষণা সহকারী হিসেবে নিয়োগ দেয়।
টমাসচিক বাংলা জানতেন না; মাঠের সব ব্যবস্থা করতেন পাইকাড়। “তাঁর সহায়তা ছিল অপরিহার্য,” লিখেছেন টমাসচিক। দ্বীপটির জন্য পাইকাড়ের হৃদয়ে আছে “বিশেষ একটি জায়গা।” টমাসচিকের ১৯৯৭ সালের প্রতিবেদনের কৃতজ্ঞতা স্বীকারের পাতায়ও পাইকাড়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে; সেখানে টমাসচিক লিখেছেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রকল্পটির ব্যবস্থাপনা নীতির কারণে পাইকাড়কে সহলেখক করা যায়নি। পাইকাড়ের ভাষ্য, মন্ত্রণালয়ই তখন সহ-গবেষক হিসেবে তাঁর নাম দিতে দেয়নি।

দুজনে পৌঁছে দেখলেন, দ্বীপে কত মানুষ থাকে, কেউ বলতে পারে না; প্রকল্পের ব্যবস্থাপকদের কাছেও সেই হিসাব নেই। পাইকাড়ের মাথায় এল এক বুদ্ধি: দ্বীপের স্কুলের শিক্ষার্থীদের দিয়েই হোক জনগণনা। তখনকার প্রধান শিক্ষকের নাম আজ আর তাঁর মনে নেই। মনে আছে, স্কুল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত হাজী আব্দুস সালাম পঞ্চম শ্রেণির ছেলেমেয়েদের এ কাজে যুক্ত করে দিয়েছিলেন। সেই গণনার ফল আছে ১৯৯৭ সালের প্রতিবেদনে: দ্বীপে তখন ৫৩৫টি পরিবার, আর শরণার্থী ও পরিবারহীন বাসিন্দাদের বাদ দিয়ে মানুষ ৩,৬৩৬ জন।
ছোট ছোট দৃশ্যও পাইকাড়ের স্মৃতিতে এখনো স্পষ্ট। দ্বীপে তখন প্রতি শুক্রবার গরু জবাই হতো। দুজনে মিলে কিনতেন পাঁচ কেজি মাংস, রাঁধতেন টমাসচিক নিজেই; তাতে চলত দুই-তিন রাতের খাবার।
একটি আবিষ্কারের কথা তাঁর বিশেষ করে মনে আছে। তাঁদের স্থানীয় সহকারী ছিলেন মাহবুবুল্লাহ, পাইকাড় জানান, তিনি এখন সেন্টমার্টিন বিএন হাইস্কুলের শিক্ষক। দ্বীপের দক্ষিণ প্রান্তের কাছে, পাইকাড়ের ভাষায় ছেঁড়াদিয়ার পূর্ব পাশে, জোয়ার-ভাটার এলাকায় একটি পাথরের ভেতরে মাহবুবুল্লাহ দেখতে পান মেরুদণ্ডের একটি হাড়। প্রায় এক মিটার চওড়া পাথরটি সাবধানে ভেঙে হাড়টি বের করে আনেন তাঁরা। পাইকাড় এত দিন জেনে এসেছেন, সেটি ছিল মাছের হাড়।
আসলে সেটি ছিল এক প্রাচীন তিমির কশেরুকা। টমাসচিক হাড়টি দান করেন কানাডার মন্ট্রিয়লে ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের রেডপাথ জাদুঘরে। ২০০০ সালে ফ্রান্সের জীবাশ্মবিজ্ঞান সাময়িকী অরিকটসে প্রকাশিত গবেষণাপত্রে জেসন অ্যান্ডারসন ও লরেন্স বার্নস লেখেন, এটি আনুমানিক সাড়ে আট মিটার লম্বা একটি পূর্ণবয়স্ক বেলিন তিমির কোমরের হাড়। পাইকাড়ের মনে আছে কার্বন ডেটিংয়ের কথা; তবে গবেষণাপত্র বলছে, বয়সের ধারণা মিলেছে হাড়টি যে বেলেপাথরে আটকে ছিল, তার স্তর থেকে, কারণ এত পুরোনো জীবাশ্মের বয়স কার্বন ডেটিংয়ে মাপা যায় না। লেখকেরা জীবাশ্মটিকে মায়োসিন যুগের, অর্থাৎ মোটামুটি ৫৩ লাখ থেকে ২ কোটি ৩০ লাখ বছর আগের বলে ধরেছেন, আরও গবেষণার প্রয়োজনের কথাও বলেছেন। তাঁদের ভাষায়, এটি বাংলা অঞ্চল থেকে তিমির জীবাশ্মের প্রথম রেকর্ড, আর ভারত মহাসাগরের চারপাশে এমন জীবাশ্ম খুবই বিরল। আবিষ্কারক হিসেবে সেখানে নাম আছে টমাসচিক আর পাইকাড়ের।

সেই দুই মাসের কোনো ছবি কারও কাছে নেই। “১৯৯৭ সাল ছিল ‘সেলফি’ প্রজন্মের আগের সময়,” লিখেছেন টমাসচিক। নিজের নতুন কোনো ছবিও তিনি দিতে চাননি; প্রচারের আলোয় আসতে তিনি স্বচ্ছন্দ নন। এই প্রতিবেদনের অলংকরণটি তৈরি হয়েছে কয়েক বছর আগে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় কাজের সময় তোলা তাঁর একটি ছবি থেকে। তবে ভিডিও ক্যামেরায় তিনি কাজের দৃশ্য ধরে রেখেছিলেন, পানির নিচে আর ডাঙায়, আর চারটি টেপ রেখে এসেছিলেন ঢাকায় প্রকল্প ব্যবস্থাপকের কাছে। তার একটিতে আছে দ্বীপের এক প্রবীণের এক ঘণ্টার সাক্ষাৎকার, যিনি প্রথম দিকে প্রবাল তুলে পর্যটকদের কাছে বিক্রি শুরু করেছিলেন; প্রশ্ন করেছিলেন পাইকাড়, ক্যামেরা ধরেছিলেন টমাসচিক। টেপগুলোর কী হলো, টমাসচিক জানেন না। ১৯৯৮ সালে পাইকাড় দ্বীপ নিয়ে ১০ মিনিটের একটি প্রামাণ্যচিত্র বানিয়েছিলেন; তাঁর ধারণা, সেটির কপি থাকতে পারে স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট নামের একটি বেসরকারি সংস্থার আর্কাইভে।
যে পরিকল্পনা কাগজে রয়ে গেল
জরিপে টমাসচিক প্রাচীর গঠনকারী ৬৬ প্রজাতির প্রবাল নথিভুক্ত করেন, ২২টি গণের; সংখ্যাটিকে তিনি নিজেই বলেছিলেন অস্থায়ী। তবে প্রতিবেদনের সবচেয়ে বড় কথাটি ছিল অন্যখানে, বাংলাদেশের ধারণায় যা আজও পুরোপুরি জায়গা পায়নি: সেন্টমার্টিন কারিগরি অর্থে প্রবাল দ্বীপ নয়, একটি পাললিক মহাদেশীয় দ্বীপ। এখানকার প্রবাল জন্মায় জোয়ার-ভাটার এলাকা আর পানির নিচের বেলেপাথর ও নুড়িপাথরের ওপর। এখানে কোনো প্রবাল প্রাচীর নেই।

জরিপ থেকে তৈরি হয় ১২৬ পৃষ্ঠার প্রতিবেদন “ম্যানেজমেন্ট প্ল্যান ফর কোরাল রিসোর্সেস অব নারিকেল জিঞ্জিরা”, তৎকালীন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একটি জাতীয় সংরক্ষণ প্রকল্পের জন্য, নরওয়ের উন্নয়ন সংস্থা নোরাড ও আইইউসিএনের সহায়তায়।

১৯৯৭ সালে টমাসচিকের চোখে প্রবালের সবচেয়ে বড় বিপদ পর্যটক ছিল না, জলবায়ু পরিবর্তনও নয়। বিপদ ছিল জীবন্ত প্রবাল ভেঙে তুলে কক্সবাজারের দোকানে বিক্রি। প্রবাল-স্মারকের ব্যবসা তখন তুঙ্গে। প্রবাল তোলা জেলে আর ছোট দোকানিদের সঙ্গে দীর্ঘ আলাপ থেকে তিনি হিসাব করেন, বছরে অন্তত ৩০ হাজার প্রবাল কলোনি তোলা হতো, পূর্ব উপকূলের যে অংশে সংগ্রহকারীরা কাজ করতেন, সেখানকার প্রবালের প্রায় ২৪ শতাংশ। এই ব্যবসায় জড়িত ছিলেন আটজন মধ্যস্বত্বভোগী; নৌকা ছিল ১৮টি, প্রতিটিতে তিনজন করে।
তাঁর মাঠ-ডায়েরি বলছে, ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর তিনি চারজন সংগ্রহকারীর কাছে থাকা ৩৬৭টি প্রবাল কলোনি মেপেছিলেন; প্রায় ৭৪ শতাংশই ছিল শাখাযুক্ত অ্যাক্রোপোরা, তখনকার বাজারে সবচেয়ে চাহিদার প্রবাল। একদিন একটি সংগ্রহকারী নৌকার পিছু নিয়ে পানির নিচে প্রবাল তোলার দৃশ্যও ভিডিও করেছিলেন। সেই টেপও, তাঁর বিশ্বাস, “কোথাও না কোথাও আছে।”
অন্তত এই বিপদটি এখন অনেকটাই কেটে গেছে বলে মনে হয়। সেন্টমার্টিন হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি শিবলী আজম কোরেশি জানান, আইনি ব্যবস্থা প্রবালের ব্যবসা বন্ধে সহায়ক হয়েছে; এখন আর প্রকাশ্যে প্রবাল বিক্রি হয় না।

পরিকল্পনার বাকিটা এতটা ভাগ্যবান নয়। টমাসচিক প্রস্তাব করেছিলেন, সেন্টমার্টিনকে আইইউসিএনের দ্বিতীয় শ্রেণির মেরিন পার্ক হিসেবে পরিচালনা করা হোক, ছয়টি অঞ্চলে ভাগ করে: সাধারণ ব্যবহারের অঞ্চল, বাফার অঞ্চল, প্রবাল উপভোগের এলাকা, প্রবাল সংরক্ষণ এলাকা, কচ্ছপের ডিম পাড়ার সংরক্ষিত এলাকা আর প্রবাল অভয়ারণ্য। চেয়েছিলেন যত দ্রুত সম্ভব একটি পরিবেশগত বেসলাইন জরিপ, আর বড় কোনো উন্নয়নকাজের আগে এক বছরের পর্যবেক্ষণ। দ্বীপের প্রথম রিসোর্ট চালু হয় ২০০২ সালে। পর্যবেক্ষণ আর কখনো শুরু হয়নি।

পরিকল্পনায় পর্যটনের সীমা নিয়েও প্রথম একটি মোটা দাগের হিসাব ছিল। তখন দিনে পর্যটক আসতেন ১৫০ থেকে ২০০ জন, রাতে থাকতেন ২০ থেকে ৩০ জন। একটি মোটা দাগের মানচিত্র ধরে টমাসচিক প্রথমে দেখেন, জায়গার হিসাবে দিনে ৫,৪০০ জনের সংকুলান হয়। তারপর হাতে থাকা মাত্র তিনটি সীমাবদ্ধতা, আবহাওয়া, সাগরের অবস্থা আর রমজান মাস, হিসাবে ধরে পান দিনে প্রায় ৮৬১ জন। সংখ্যাটি নিয়ে অবশ্য তিনি সতর্ক। ব্যবস্থাপনার সামর্থ্য ধরে শেষ ধাপের হিসাব, অর্থাৎ কার্যকর ধারণক্ষমতা মাপার তথ্য তাঁর কাছে ছিল না; তাই ৮৬১-কে “সেন্টমার্টিন টেকসইভাবে কতজন পর্যটক নিতে পারে, সেই সংখ্যা হিসেবে ব্যাখ্যা করা উচিত নয়।” তাঁর মূল কথাটি সহজ: কোনো জায়গায় অনেক মানুষের জায়গা আছে বলেই ততজনকে নিতে হবে, তা নয়। আজ সরকারের খসড়া মহাপরিকল্পনাও ধারণক্ষমতা হিসাব করেছে সেই একই ধাপে।
সরকার অবশ্য তাঁর পরিকল্পনা ধরে এগোয়নি। ২০০৭ সালে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের এক পারফরম্যান্স অডিটে দেখা যায়, দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা ও মেরিন পার্ক প্রতিষ্ঠার জন্য নেওয়া সাত বছরের একটি সরকারি প্রকল্প টমাসচিকের প্রতিবেদন “পাশ কাটিয়েই” করা হয়েছিল; তাঁর সুপারিশ থেকে প্রকল্পটি ছিল “৯৫% বিচ্যুত”। ২০১০ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রকাশিত দ্বীপের পরিবেশ প্রোফাইল তাঁর জরিপ ব্যবহার করে প্রবাল জরিপকে বলেছিল “জরুরি অগ্রাধিকার”, আর লিখেছিল, অঞ্চলভাগের একটি পরিকল্পনা “সরকারের অনুমোদনের প্রক্রিয়ায় আছে”।
২০২৬ সালে জনমতের জন্য উন্মুক্ত করা ২০২৫ সালের খসড়া মহাপরিকল্পনা দ্বীপকে চার অঞ্চলে ভাগের প্রস্তাব করেছে। নামগুলো মূলত ২০১০ সালের পরিকল্পনার ধারায়; তবে দ্বীপকে সংরক্ষিত অঞ্চলে ভাগ করার ধারণার শুরু প্রায় তিন দশক আগে, টমাসচিকের ছয় অঞ্চলের প্রস্তাবে। এর কোনো পরিকল্পনাই পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দ্বীপে নিয়মিত প্রবাল পর্যবেক্ষণ চালুর কোনো পরিকল্পনা আছে কি না, জানতে ২০ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ে লিখিত প্রশ্ন পাঠায় বাংলার পত্রিকা। এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত উত্তর মেলেনি।
“বৈজ্ঞানিকভাবে অগ্রহণযোগ্য, কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ”
পরিকল্পনা কেন আটকে গেল, জানতে চাইলে টমাসচিক গবেষণার ঘাটতিকে দায়ী করেন না। দ্বীপে আজও কোনো আনুষ্ঠানিক, ধারাবাহিক পরিবেশ পর্যবেক্ষণ কর্মসূচি নেই, যা তাঁর কাছে বৈজ্ঞানিক ও প্রাতিষ্ঠানিক দুই দিক থেকেই উদ্বেগের। তবে গবেষণা হয়নি, তা নয়। ১৯৯৭ সালের পর এসেছে নতুন প্রবালের রেকর্ড, মাছের তালিকা, আণবিক পদ্ধতিতে প্রজাতি শনাক্ত, পানির মান মাপা, দূর-অনুধাবন, তটরেখার পরিবর্তন আর দূষণের গবেষণা। কারিগরি সক্ষমতা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর আছে; যা নেই, তা হলো ধারাবাহিকতা। বিচ্ছিন্ন গবেষণার ওপর ভর করে চলাকে তিনি বলছেন “বৈজ্ঞানিকভাবে অগ্রহণযোগ্য ও কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ।”
দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ না থাকলে, তাঁর ব্যাখ্যা, ব্যবস্থাপকেরা বেসলাইন ঠিক করতে পারেন না, অবনতি আগেভাগে ধরতে পারেন না, কারণ চিনতে পারেন না, সংরক্ষিত এলাকার কাজের মূল্যায়ন করতে পারেন না, কোনো পদক্ষেপের পর পুনরুদ্ধারও দেখাতে পারেন না। তথ্যের প্রাতিষ্ঠানিক মালিকানা না থাকলে আলাদা গবেষণাগুলো বিচ্ছিন্নই থেকে যায়, আর সংরক্ষণ হয়ে থাকে ঘটনার পরের প্রতিক্রিয়া।
তাঁর চোখে আসল বাধা দুর্বল প্রাতিষ্ঠানিক শাসন ও বাস্তবায়ন, শুধু বৈজ্ঞানিক জ্ঞানের ঘাটতি নয়। “সমস্যাটা কেবল এই নয় যে দ্বীপে আরও গবেষণা দরকার,” লিখেছেন তিনি; “দরকার এমন একটি প্রাতিষ্ঠানিকভাবে সমন্বিত ব্যবস্থা, যা পর্যবেক্ষণকে সিদ্ধান্তে আর সিদ্ধান্তকে প্রয়োগে রূপ দিতে পারে।” তেমন ব্যবস্থায় থাকবে ধারাবাহিক পর্যবেক্ষণ, স্বচ্ছ বৈজ্ঞানিক তথ্যপ্রমাণ, অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা, প্রয়োগযোগ্য বিধিমালা, বিকল্প জীবিকার প্রণোদনা, নিয়মিত মূল্যায়ন আর অভিযোজনমূলক ব্যবস্থাপনা। দ্বীপের সংরক্ষিত সামুদ্রিক এলাকা কর্মসূচিতেই সরকারি সংস্থা আর জেলে সম্প্রদায়ের যৌথ টহলের কথা ভাবা হয়েছিল, মনে করিয়ে দেন তিনি; তাই এই পথে সাফল্যের সম্ভাবনা দেখেন।
আজ দ্বীপের ডাঙা পরিবেশ অধিদপ্তরের অধীনে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। চারপাশের সমুদ্র বন্যপ্রাণী আইনে সংরক্ষিত সামুদ্রিক এলাকা, আবার মৎস্য আইনে মৎস্য অভয়াশ্রম। তিনটি আইনি কাঠামো, একাধিক কর্তৃপক্ষ; ব্যবস্থাপনা টুকরো টুকরো। টমাসচিকের প্রস্তাব, একটিমাত্র স্বাধীনভাবে জবাবদিহিমূলক সেন্টমার্টিন মেরিন পার্ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, অঞ্চলভাগ কার্যকর করা আর স্থায়ী পর্যবেক্ষণ চালু রাখাই হবে যার কাজ।
পাইকাড়ও সমস্যা দেখেন বাস্তবায়নে। দুই বছর আগে ইউটিউবে প্রকাশিত এক ভিডিও বক্তব্যে তিনি বলেন, ১৯৯৭ সালের পরিকল্পনায় কোন কাজের পর কোনটা করতে হবে, তা বিস্তারিত বলা ছিল; কিন্তু “পরিবেশ অধিদপ্তরই বলেন, মন্ত্রণালয়ই বলেন, কেউ কিছু করে নাই।” তাঁর মতে, কারণ দুটি: কর্মকর্তাদের অন্য কাজের চাপ, আর প্রতিবেদনের কারিগরি ভাষা বোঝার ক্ষেত্রে তাঁদের সীমাবদ্ধতা, যা “ছিল বা এখনো আছে।” এই প্রতিবেদককে তিনি লিখেছেন, মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা “এখনও ভুল পথে চলছে।” আরেকটি ভিডিওতে তিনি জানান, পর্যটকদের কাছ থেকে মাথাপিছু অন্তত এক হাজার টাকা সংরক্ষণ ফি নেওয়ার প্রস্তাব তিনি একাধিকবার মন্ত্রণালয় ও অধিদপ্তরে দিয়েছেন; সেই অর্থে চলবে দ্বীপের বর্জ্য ব্যবস্থাপনা আর সাগর থেকে ভেসে আসা আবর্জনা পরিষ্কারের কাজ।
এত ঘাটতির পরও টমাসচিক আশা ছাড়েননি। “সুখবর হলো, এটা ঠিক করা যায়,” লিখেছেন তিনি। বাংলাদেশকে শূন্য থেকে শুরু করতে হবে না; দরকার এরই মধ্যে থাকা বিপুল বৈজ্ঞানিক সক্ষমতা আর তথ্যভান্ডারকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে পরস্পরের সঙ্গে জুড়ে দেওয়া।

প্রকৃতির এক গবেষণাগার
দ্বীপে প্রবাল প্রাচীর নেই, টমাসচিকের এই কথাকে বাংলাদেশে অনেকে দ্বীপের গুরুত্ব কমানো হিসেবে শোনেন। তিনি বলছেন একেবারে উল্টো কথা। ইন্দোনেশিয়া, ফিলিপাইন, অস্ট্রেলিয়া বা ক্যারিবিয়ানের মতো প্রকৃত প্রবাল প্রাচীর এখানে নেই; আছে পাথরের ওপর ছড়ানো-ছিটানো প্রবাল সম্প্রদায়, প্রায়ই ঘোলা ও পলিভরা পানিতে, মৌসুমি বায়ুর প্রবল দাপটে। এ কারণেই, তাঁর মতে, বিজ্ঞানের কাছে সেন্টমার্টিন আরও মূল্যবান: প্রাচীর গড়ে ওঠার পরিবেশগত সীমারেখায় টিকে থাকা প্রবালের এক প্রাকৃতিক গবেষণাগার।

“বাংলাদেশের প্রবাল প্রাচীর আছে কি না, সেই প্রশ্নের বদলে আমাদের আরও জরুরি একটি প্রশ্ন করা উচিত,” লিখেছেন তিনি: “এত কঠিন পরিবেশে এখানে প্রবাল টিকে আছে কীভাবে?” এর উত্তর বাংলাদেশের সংরক্ষণ নীতিকে পথ দেখাতে পারে, আর দ্রুত বদলে যাওয়া পরিবেশে প্রবাল কীভাবে টিকে থাকে, সেই বৈশ্বিক বোঝাপড়ায়ও অবদান রাখতে পারে।
তিনটি প্রশ্নে এখনই বিজ্ঞানের মনোযোগ চান তিনি। পুষ্টিদূষণ আর পানির মানের অবনতি কি প্রবালের জন্য হুমকি হয়ে উঠছে? দ্বীপের প্রবাল বাড়ছে, না কমছে? তাঁর কথায়, তা “এখনো অস্পষ্ট।” আর সবচেয়ে বড় প্রশ্ন: এত প্রতিকূলতায় কোন শক্তিতে টিকে আছে এই প্রবাল?
প্রথম প্রশ্নটি তাঁর বহু পুরোনো চেনা। কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে প্রবাল প্রাচীর নিয়ে তাঁর গবেষণার শুরু; পিএইচডির মাঠকাজ করেছেন ক্যারিবিয়ানের বার্বাডোজে। আশির দশকে প্রকাশিত তাঁর প্রথম দিকের তিনটি বৈজ্ঞানিক প্রবন্ধের বিষয় ছিল পুষ্টিদূষণ, অর্থাৎ পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান প্রাচীর গঠনকারী প্রবালের ওপর কী প্রভাব ফেলে; সেগুলো নিয়েই তাঁর পিএইচডি অভিসন্দর্ভ। সেন্টমার্টিনে তিনি একই রকম এক হুমকি মাথা তুলতে দেখছেন: দ্বীপে বাড়তে থাকা পর্যটকদের পয়োবর্জ্য।

পারিশ্রমিক ছাড়া তিন দশক
টমাসচিক দুই খণ্ডের বই “দ্য ইকোলজি অব দ্য ইন্দোনেশিয়ান সিজ”-এর প্রধান লেখক; পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ সামুদ্রিক পরিবেশগুলোর একটি নিয়ে এটি একটি আদর্শ সহায়ক গ্রন্থ। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) ২০২৩ সালের সচিত্র প্রবাল-নির্দেশিকারও সহলেখক তিনি। কানাডায় বসে সরকারি সংস্থা আর বিশ্ববিদ্যালয়ের সেন্টমার্টিন নিয়ে প্রকাশিত গবেষণার বড় অংশ তিনি নিয়মিত পড়েন।
সেই পড়া তাঁকে টেনে নিয়েছে ভুল শোধরানোর কাজে। এই সিরিজের দ্বিতীয় পর্বে বলা হয়েছিল, তাঁর বিবেচনায় ১৯টি প্রকাশিত গবেষণাপত্র দ্বীপের পাথুরে প্রাচীরকে ভুলভাবে প্রবাল প্রাচীর বলেছে; ২০২১ সালের একটি গবেষণাপত্রের বিরুদ্ধে তাঁর খণ্ডন একটি জার্নাল ছাপেনি। তিনি থামেননি। সে বছরই বিজ্ঞানীদের অনলাইন প্ল্যাটফর্ম রিসার্চগেটে ওই গবেষণাপত্রের লেখকদের উদ্দেশে মন্তব্য দেন; উত্তর আসেনি। ২০২২ সালের মার্চে পুরো পর্যালোচনাটি নিজের প্রোফাইলে প্রকাশ করেন, যা এ পর্যন্ত পড়া হয়েছে ১,১৫০ বারের বেশি। একই লেখকদের আগের একটি সম্মেলন-উপস্থাপনা নিয়ে তাঁর আরেকটি মন্তব্যও প্রায় সমানসংখ্যক বার পড়া হয়েছে। অবশ্য সে বছরই আরেকটি গবেষণাপত্রের জবাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকসহ দুই সহলেখকের সঙ্গে লেখা তাঁর একটি মন্তব্য ছাপে ওশান সায়েন্স জার্নাল; তাতে দেখানো হয়, দ্বীপ ঘিরে থাকা পাথুরে প্রাচীরকে ভুল করে প্রবাল প্রাচীর বলা হয়েছিল।
কিছু ভুলের জন্ম প্রমাণ থেকে নয়, বেখাপ্পা বাক্য থেকে। ২০১০ সালে ইউএনডিপির প্রকাশিত দ্বীপের পরিবেশ প্রোফাইল স্পষ্ট করেই বলে, দ্বীপে প্রবাল প্রাচীর নেই; অথচ একই বইয়ের একটি বাক্য পড়লে মনে হয়, ১৯৯৭ সালে টমাসচিক সমুদ্রঘাস ও শৈবালের সঙ্গে “বিস্তৃত প্রবাল প্রাচীর” আবিষ্কার করেছিলেন। লেখকেরা আসলে বোঝাতে চেয়েছিলেন, তিনি এমন সমুদ্রঘাস ও শৈবাল পেয়েছিলেন, যা গ্রীষ্মমণ্ডলের অন্য জায়গায় প্রবাল প্রাচীরের সঙ্গে দেখা যায়, বলছেন টমাসচিক। পরের কিছু গবেষণাপত্র দ্বীপে প্রবাল প্রাচীর থাকার কথা বলতে গিয়ে এই বইয়েরই বরাত দেয়।
এ বছর এসেছে ছোট্ট একটি সাফল্য। সাম্প্রতিক একটি গবেষণাপত্র পড়ে টমাসচিক ইমেইলে তার লেখককে নিজের প্রমাণ জানান, সঙ্গে ওই গবেষণাপত্রে উদ্ধৃত তিনটি গবেষণা নিয়ে মন্তব্য। লেখক তাঁকে জানিয়েছেন, সংশোধনী (ইরাটা) প্রকাশের প্রক্রিয়া নিয়ে তিনি রিমোট সেন্সিং অ্যাপ্লিকেশনস: সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নালের সম্পাদকীয় পর্ষদের সঙ্গে কথা বলবেন। সাড়াটি টমাসচিকের কাছে মনে হয়েছে “ভদ্র ও খুবই আন্তরিক।” তাঁর অনুরোধে ওই লেখকের নাম এখানে প্রকাশ করা হলো না।
এর কোনোটিই তাঁর চাকরির অংশ নয়। ১৯৯৭ সালের জরিপটি ছিল চুক্তিভিত্তিক; তারপর থেকে জার্নালে মন্তব্য পাঠানো, গবেষকদের নথি দেওয়া, বাংলাদেশ থেকে আসা প্রশ্নের দীর্ঘ উত্তর লেখা, সবই স্বেচ্ছায়। বাংলাদেশি বিজ্ঞানীদের তিনি গবেষণার ভাবনা দাঁড় করাতে সাহায্য করেন, তাঁদের গবেষণাপত্র পর্যালোচনা ও সম্পাদনা করে দেন, বিশ্বের নানা গবেষণা প্রতিষ্ঠান আর বিজ্ঞানীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। বাইরের লোকদের তিনি পাঠান দেশের বিজ্ঞানীদের কাছেই; স্থানীয় বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা, তাঁর ভাষায়, “তাঁদের গবেষণা কার্যক্রম বাড়িয়েছেন।”
এই সিরিজ তৈরির সময় তিনি খসড়াগুলো পড়েছেন, শুধরে দিয়েছেন একেকটি শব্দ পর্যন্ত। যেমন “কার্বনেট” বদলে “ক্যালসিয়াম কার্বনেট” লিখতে বলেছেন, কারণ “আরও অনেক ধরনের ‘কার্বনেট’ আছে।” এত সময় কেন দেন? উত্তরটা তিনি দিয়েছিলেন এক বাক্যে: “আশা করি, আপনার লেখা সেন্টমার্টিন দ্বীপের প্রতি মানুষের আগ্রহ নতুন করে জাগাবে।”
দ্বীপের গল্প
তবু সেন্টমার্টিনে তাঁকে নিয়ে চলে অন্য গল্প। প্রবাল কেন কমে গেল, জিজ্ঞেস করলে কেউ না কেউ বলবেন, অনেক বছর আগে এক বিদেশি গবেষক এসে সাগরে রাসায়নিক ছিটিয়েছিলেন। কেউ কেউ নামও বলেন। সেই নাম টমাসচিকের।
অভিযোগটি টমাসচিক কখনো শোনেননি। “প্রবাল হারানোর জন্য আমাকে দায়ী করা হচ্ছে, তা আমি জানতাম না,” লিখেছেন তিনি। তিনি যে রাসায়নিক ব্যবহার করেছিলেন, তা ছিল গৃহস্থালির সাধারণ ব্লিচ, সাগরে নয়, ডাঙায়; শিক্ষার কাজে প্রবালের কঙ্কালের একটি ছোট সংগ্রহ পরিষ্কার করতে। সেই সংগ্রহ তিনি রেখে এসেছিলেন ঢাকায় আইইউসিএন কার্যালয়ে, শিক্ষা ও প্রশিক্ষণের জন্য।
পাইকাড়ও একই কথা বলেন। প্রবাল পরিষ্কারের জন্য তাঁরা গেস্টহাউসে এনে ব্লিচিং পাউডার মেশানো পানিতে ভিজিয়ে রাখতেন। দ্বীপে তিনি নিয়মিত যান, কিন্তু রাসায়নিক ছিটানোর গল্পটি প্রথম শুনলেন এই প্রতিবেদকের প্রশ্নে। তাঁর ধারণা, তখন কেউ হয়তো গেস্টহাউসে প্রবাল ভেজানো দেখেছিলেন, সেখান থেকেই গল্পের জন্ম। “যিনি বলছেন, তিনি কি নিজের চোখে দেখেছিলেন?” প্রশ্ন তাঁর।
টমাসচিকের কাছেও এখন একটি সম্ভাব্য ব্যাখ্যা আছে। দ্বীপে থাকার সময় তিনি দেখেছেন, অনেক প্রবাল কলোনি পানি থেকে তুলে সংগ্রহকারীরা বাড়িতে প্রক্রিয়াজাত করতেন, তারপর তা যেত স্মারক বিক্রির বাজারে। তাঁর ধারণা, অবশিষ্ট টিস্যু তুলে নিচের সাদা ক্যালসিয়াম কার্বনেটের কঙ্কাল বের করতে সংগ্রহকারীরা প্রবালগুলো গৃহস্থালির ব্লিচ বা ক্লোরিনে ভিজিয়ে রাখতেন; নইলে কঙ্কালে বাদামি টিস্যু লেগে থাকত, আর তা পচে ছড়াত দুর্গন্ধ। তাই স্মারক বাজারের জন্য প্রবাল প্রস্তুত করতে ব্লিচে ভেজানো সম্ভবত সাধারণ চর্চাই ছিল।
তবে তিনি সাবধান করে দেন: প্রবাল অনেক কমে গেছে বলে দীর্ঘদিন ধরে যে ধারণা চলে আসছে, তার জন্য প্রবাল পরিষ্কারের ব্লিচকে কোনোভাবেই দায়ী করা যায় না বলে তিনি মনে করেন। অতীতের পরিমাণগত তথ্য আর দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ ছাড়া প্রবাল আদৌ কমেছে কি না, কমলে কেন, তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। ব্লিচসহ কোনো নির্দিষ্ট কারণকে দায়ী করা, তাঁর ভাষায়, “প্রমাণ ছাড়া অনুমাননির্ভর হবে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী টমাসচিকের সঙ্গে যৌথভাবে গবেষণা করেছেন। গল্পটিকে তিনি উড়িয়ে দেন নিছক কল্পকাহিনি বলে। তারপর যোগ করেন, “সেন্টমার্টিনকে টমাসচিক কত ভালোবাসেন!”

৩০ বছরে দ্বীপটি অনেক বদলেছে। পাইকাড় নিজেকে পরিচয় দেন সেন্টমার্টিন দ্বীপ সংরক্ষণের বিশেষজ্ঞ হিসেবে; এখন তিনি জলবায়ু পরিবর্তন ও জৈব-অর্থনীতি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কার্বন অ্যাসেট ডেভেলপার্সের উদ্যোক্তা। দ্বীপে এখনো নিয়মিত যান। তুলনাটা তিনি করেন এক বাক্যে: “১৯৯৬ সালে সেন্টমার্টিন ছিল গুলিস্তান (ফুলবাগান), আর এখন হয়ে গেছে গোরস্থান।”
টমাসচিক অবশ্য এখনো বিশ্বাস করেন, দ্বীপটিকে রক্ষা করা যায়। ঠিক ৩০ বছর আগে যিনি স্নরকেল মুখে এই দ্বীপের পানিতে নেমেছিলেন, দ্বীপের গুজব যাঁকে দোষী বানিয়েছে, তিনি আজও পৃথিবীর অন্য প্রান্ত থেকে পরামর্শ আর সাহায্য দিয়ে যাচ্ছেন, কোনো পারিশ্রমিক ছাড়া। নভেম্বরে এই সিরিজ প্রকাশের পর তিনি লিখেছেন, “আমি আশাবাদী, আপনার লেখাগুলো সেন্টমার্টিন দ্বীপের ভবিষ্যতে ইতিবাচক প্রভাব ফেলবে।” আর সেন্টমার্টিনের সেই দুই মাস তাঁর কাছে আজও “এক অসাধারণ অভিজ্ঞতা, যা আমি কোনো দিন ভুলব না।”
সেন্টমার্টিনবাসীর উদ্দেশে
দ্বীপের মানুষকে কিছু বলতে চান কি না, বাংলার পত্রিকা জানতে চাইলে টমাসচিক এই বার্তা লিখে পাঠান:
প্রায় ত্রিশ বছর আগে আপনাদের সুন্দর দ্বীপে কয়েকটি স্মরণীয় সপ্তাহ কাটিয়েছিলাম, পানির নিচের অসাধারণ সামুদ্রিক জীবন নিয়ে গবেষণা করতে। এসেছিলাম অতিথি বিজ্ঞানী হয়ে, ফিরেছি আপনাদের দয়া, বন্ধুত্ব আর আতিথেয়তার অমলিন স্মৃতি নিয়ে। আপনাদের আপ্যায়নের জন্য আমি আজও গভীরভাবে কৃতজ্ঞ।
কখনো ভাবিনি, আমার গবেষণা একদিন দ্বীপের ভবিষ্যৎ নিয়ে জাতীয় আলোচনায় ভূমিকা রাখবে। আমার বৈজ্ঞানিক কাজ এটাও স্পষ্ট করেছে যে সেন্টমার্টিন কারিগরি অর্থে প্রকৃত প্রবাল প্রাচীরে ঘেরা কোনো প্রবাল দ্বীপ নয়; এটি এক অনন্য পাললিক দ্বীপ, যার পাথুরে তীর আর পানির নিচের পাথুরে আবাসে টিকে আছে অসাধারণ জীবন্ত প্রবাল সম্প্রদায়।
এই সামুদ্রিক আবাসগুলো অমূল্য। এগুলো সামুদ্রিক প্রাণীকে আশ্রয় আর খাবার দেয়, মাছ ধরাকে টিকিয়ে রাখে, আর সেই পরিবেশগত সমৃদ্ধি ধরে রাখে, যার ওপর নির্ভর করে আপনাদের জীবিকা, ঐতিহ্য, সাংস্কৃতিক পরিচয় আর ভবিষ্যৎ প্রজন্ম।
বিজ্ঞানী আর সরকার আসে, যায়; কিন্তু এই দ্বীপের সত্যিকারের দীর্ঘমেয়াদি রক্ষক আপনারাই। আপনাদের জ্ঞান, অংশগ্রহণ আর অঙ্গীকার ছাড়া সংরক্ষণ সফল হতে পারে না।
সবচেয়ে বড় কথা, সংরক্ষণ কখনোই স্থানীয় মানুষের জীবিকার বিনিময়ে হতে পারে না। আপনাদের কণ্ঠ, প্রয়োজন আর আকাঙ্ক্ষাই সিদ্ধান্তের দিশা হতে হবে। আপনাদের প্রাপ্য অংশীদার ও সুফলভোগী হওয়া, কেবল দায়িত্বের ভার বয়ে বেড়ানো নয়।
আপনাদের প্রতি অনুরোধ, নিজেদের সমুদ্র-ঐতিহ্য নিয়ে গর্ব করুন, জীবন্ত প্রবালকে ক্ষতি আর তুলে নেওয়া থেকে রক্ষা করুন, তীর আর পানি পরিষ্কার রাখুন, দায়িত্বশীল মাছ ধরা আর পর্যটনকে উৎসাহ দিন, আর সন্তানদের শেখান এই অসাধারণ উত্তরাধিকার আগলে রাখতে।
আপনাদের বন্ধুত্ব আর দয়ার জন্য আবারও ধন্যবাদ। হৃদয়ভরা কৃতজ্ঞতা, বন্ধুত্ব আর গভীর শ্রদ্ধাসহ।
আরও পড়ুন: সেন্টমার্টিন সিরিজ, পর্ব ১: সেন্টমার্টিনে চার ঘাতক, তিনটির হিসাব রাখে না কেউ
আরও পড়ুন: সেন্টমার্টিন সিরিজ, পর্ব ২: যে প্রবাল প্রাচীর নেই, তাকেই রক্ষার পরিকল্পনা
আরও পড়ুন: নোঙর ওঠে, প্রবাল ভাঙে
আরও পড়ুন: সেন্টমার্টিনে পর্যটকের হিসাব আছে, মানুষের ক্ষতির হিসাব নেই
This story was produced as part of the Earth Journalism Network (EJN) fellowship on non-economic loss and damage (NELD).





আপনার মতামত লিখুন