সেন্টমার্টিন সিরিজ · বিশেষ প্রতিবেদন
সেন্টমার্টিনে পর্যটকের হিসাব আছে, মানুষের ক্ষতির হিসাব নেই
মাছ কমেছে, পর্যটন সীমিত। পড়া ছেড়ে ঘরে ফিরছেন তরুণেরা, জমি গেছে বাইরের মানুষের হাতে, সীমান্তের সাগরে যেতে ভয়। দ্বীপের মানুষের এসব ক্ষতির কোনো সরকারি হিসাব নেই, পর্যটন নিয়ন্ত্রণ কমিটিতেও নেই দ্বীপের কোনো জেলে।

ছেলেকে ঢাকায় পড়তে পাঠিয়েছিলেন আব্দুর রশিদ। সেন্টমার্টিন থেকে নর্দান ইউনিভার্সিটি।
করোনার সময় সেই পড়ার খরচ আর জোগাতে পারেননি। ছেলে ফিরে আসেন দ্বীপে।
“এমনকি আমার নিজের ছেলেও নর্দান ইউনিভার্সিটিতে পড়ত, করোনার সময় টাকা দিতে না পেরে সেও ফিরে এসেছে,” বলেন রশিদ। নয় বছর ধরে তিনি দ্বীপের বোট মালিক সমিতির সভাপতি।
তাঁর ছেলে একা নন। “আগে যারা ঢাকা বা চট্টগ্রামে পড়াশোনা করত, তারা অনেকেই এখন ফিরে এসেছে।” কেন? “বাবা-মা খরচ দিতে পারছে না। সাগরে মাছ কম।”
এমন কতজন ফিরেছেন, সেই হিসাব কারও কাছে নেই।
অথচ দ্বীপে আরেকটি হিসাব খুব যত্নে রাখা হয়। এবারের মৌসুমে সেন্টমার্টিনে যেতে লাগছে কিউআর কোডসহ ট্রাভেল পাস। দিনে গড়ে সাড়ে তিন হাজারের বেশি পর্যটক যেতে পারবেন না, প্রত্যেককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি। কোন পর্যটক কোন হোটেলে থাকবেন, তার রেজিস্টার রাখারও নির্দেশ আছে। প্রবাল আর দ্বীপ বাঁচাতে পর্যটক গোনা জরুরি, সন্দেহ নেই। কিন্তু সাগর, প্রবাল আর পর্যটনের এই বদলে দ্বীপের প্রায় সাড়ে আট হাজার মানুষ কী হারাচ্ছেন, তার কোনো সরকারি হিসাব নেই: পড়াশোনা, জমি, সাগরে যাওয়ার নিরাপত্তা, নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তে কণ্ঠ।
জলবায়ু আলোচনায় এমন ক্ষতির একটি নাম আছে: অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি, ইংরেজিতে নন-ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজ। এসব ক্ষতি টাকায় মাপা যায় না। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে শর্ত একটাই, ক্ষতিটা নথিভুক্ত থাকতে হবে।
দ্বীপের জেলে, নৌকামালিক, ব্যবসায়ী ও নারীদের সাক্ষাৎকার, তথ্য অধিকার আইনে পাওয়া সরকারি নথি আর প্রকাশিত সরকারি তথ্য মিলিয়ে সেই ক্ষতির একটি খতিয়ান তৈরির চেষ্টা করেছে বাংলার পত্রিকা। যা পাওয়া গেছে:
- শিক্ষা: স্কুলে যাওয়ার বয়সী প্রায় চার হাজার শিশু-কিশোরের মধ্যে পড়ছে ৭২৯ জন। খরচ জোগাতে না পেরে বাইরে পড়তে যাওয়া তরুণেরা ফিরে আসছেন।
- জীবিকা: গত পাঁচ বছরে সেন্টমার্টিনসহ টেকনাফে বিকল্প জীবিকার জন্য উপজেলা মৎস্য দপ্তরের বরাদ্দ শূন্য। জেলেদের ভাষ্যে, চাষের জমি গেছে বাইরের মানুষের হোটেল-রিসোর্টে।
- নিরাপত্তা: বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের হিসাবে, ২০২৫ সাল থেকে ৪৩৪ জন জেলে মিয়ানমারে আটক হয়েছেন। সেন্টমার্টিনের অদূর থেকেও জেলে ধরে নেওয়া হয়েছে।
- কণ্ঠ: দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ কমিটিতে হোটেল মালিক সমিতির সভাপতি আছেন, দ্বীপের জেলে বা ইউনিয়ন পরিষদের কেউ নেই।

পড়া ছেড়ে ফেরা
দ্বীপের তরুণদের সামনে একসময় একটি পথ খোলা ছিল। সেন্টমার্টিনে নৌবাহিনীর ঘাঁটি থাকায় সেদিকে টান ছিল। রশিদের হিসাবে, প্রতি ছয় মাসে তিনজন করে বছরে ছয়জন তরুণ নৌবাহিনীতে চাকরি পেতেন। “এখন সেটা বন্ধ হয়ে যাওয়ায় পড়াশোনার প্রতিও আগ্রহ কমে গেছে।”
ক্ষতিটা শুরু হয় আরও আগে, স্কুলেই।
দ্বীপে স্কুলে যাওয়ার বয়সী প্রায় চার হাজার শিশু-কিশোরের মধ্যে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছে মাত্র ৭২৯ জন। দ্বীপে সাক্ষরতার হার ১৫ দশমিক ১৩ শতাংশ, যেখানে কক্সবাজার জেলায় ৫৫ শতাংশ। ঝরে পড়ার হার ৩০ শতাংশ। দ্বীপের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাতটি পদের মধ্যে শিক্ষক আছেন দুজন।
কারণটা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীন মিয়া ব্যাখ্যা করেছেন। শিক্ষার্থীরা মাসে ২০০-২৫০ টাকা উপবৃত্তি পায়, কিন্তু পর্যটকের ব্যাগ একদিন টানলেই পায় ৫০০ টাকা। মৌসুম এলে তাই শিশুরা কাজে নামে। কেউ ব্যাগ বয়, কেউ ডাব বেচে, কেউ মাছ ধরতে যায়।
যারা পড়া শেষ করে, তাদের জন্যও দ্বীপে কাজ কম। সাগরে ফিরতে চাইলে সেখানেও ভরসা নেই। রশিদের ভাষায়, “চাকরিও নেই, সাগরে মাছও নেই, সব মিলিয়ে সেন্টমার্টিনে এখন চারিদিকে হাহাকার অবস্থা।”
সাগরে মাছ কতটা কমেছে?
“আগে আমরা এক খেপে ১০০০-১৫০০ ইলিশ পেতাম। এখন অনেক দূরে গিয়েও মাত্র ১০-১৫টা বা ২০টা ইলিশ পাওয়া যায়,” বলেন রশিদ। তাঁর মতে দায় কারেন্ট জাল আর বড় ট্রলারের, যেগুলো “মাটি ঘেঁষে জাল টানে”, পোনা থেকে ডিম পর্যন্ত নষ্ট করে।
মাছ ধরার দিনও কমছে। বছরে ৬৫ দিন আর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। “ঠিক যখন মাছ ধরার সময়, তখনই নিষেধাজ্ঞা থাকে।” তারপর বর্ষার ঝড়-বাতাস, যখন রশিদের হিসাবে “মাসে বড়জোর ৭ দিন সাগরে যাওয়া যায়।”
দ্বীপে এখন মাছ ধরার নৌকা প্রায় ৩০০ থেকে সাড়ে ৩০০। রশিদের হিসাবে এগুলোতে কাজ করেন প্রায় দেড় হাজার জেলে, যাঁদের সঙ্গে জড়িয়ে আছে প্রায় দুই হাজার পরিবার।
প্রায় ১৬-১৭ বছর ধরে ট্রলার চালান মোহাম্মদ সালাম। পাঁচ বছর আগেও দিনে ১০, ২০, ৩০ মণ মাছ উঠত। এখন ১০, ২০ বা ৩০ কেজি। মাছ না পেলে কী করেন?
“কিছু করার নেই, এখানে কোনো কাজ নেই, বসে থাকি।”
জমি গেছে বাইরের হাতে
সাগরে না মিললে মাটিতে কী আছে?
ছয় নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার আমির আলীর বয়স ৫৯। সাগরে যাচ্ছেন ১২-১৩ বছর বয়স থেকে। মাছ না পেলে কীভাবে চলে, জানতে চাইলে নিজের আঞ্চলিক ভাষায় যা বলেন, তার অর্থ: খুব সংকটে থাকেন, কম খেয়ে, কম নিয়ে কোনোরকমে চলে।
চাষে ফেরার পথও প্রায় বন্ধ। জমি এমনিতেই কম, তার ওপর “ঢাকাইয়া, বাইরের লোকজন এসে জমি কিনে ফেলেছে, বিভিন্ন হোটেল-মোটেল রিসোর্ট হয়ে গেছে।” আগের চাষবাসের জায়গা “আগের মতো নাই।”
তাঁর হিসাবে দ্বীপে মানুষ হয়তো ১২ হাজার, কাজ পান ৫০০ জনের মতো। বাকিরা বেকার, বাজারে এসে হাত গুটিয়ে বসে থাকেন।
এটি তাঁর অনুমান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জনশুমারিতে সেন্টমার্টিন ইউনিয়নের জনসংখ্যা ৮,৪৯২, যদিও স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা বলেন ১০ থেকে ১১ হাজার। কতজনের কাজ আছে, তার কোনো সরকারি হিসাব পাওয়া যায়নি।
যে পর্যটন দ্বীপের প্রধান অর্থনীতি হয়ে উঠেছিল, তার মালিকানাও বেশির ভাগ বাইরে। দ্বীপের আদি বাসিন্দাদের বংশধর ও একটি রিসোর্টের সঙ্গে যুক্ত তৈয়ব উল্লাহ বলেন, “বড় বড় রিসোর্টগুলা সবগুলা বাইরের। ছোট কটেজ বা বিল্ডিং যেগুলা, এগুলা লোকালদের।” পাঁচ ভাগ করলে তিন ভাগ বাইরের, দুই ভাগ স্থানীয়দের।
সেই দুই ভাগও স্থানীয়দের হাতে থাকে কম। “লোকালদের হলেও ওগুলা লোকালরা চালায় না। অনেকের লিংক-লবিং থাকে না, পর্যটকদের সঙ্গে ম্যানেজমেন্ট করতে পারে না। এইজন্য তারা লিজ দিয়ে দেয়।” দ্বীপের মানুষের ভাগে থাকে অটো চালানো, চা-চটপটির দোকান, রিসোর্টে চাকরি।
এই চিত্র নতুন নয়। ২০১০ সালে পরিবেশ অধিদপ্তরের এক প্রকাশনাতেই লেখা হয়েছিল, দ্বীপের পর্যটন-ব্যবসার মালিকদের বড় অংশ বহিরাগত, ফলে পর্যটন “দ্বীপের অর্থনৈতিক উন্নয়নে খুব সামান্যই অবদান রাখে, অথচ প্রাকৃতিক সম্পদের গুরুতর ক্ষতি করে।”
১৬ বছর পরও কাঠামো একই। শুধু বদলেছে একটি জিনিস: সেই পর্যটনও এখন বছরের বেশির ভাগ সময় বন্ধ।
সাড়ে চার মাসের আয়ে ১২ মাস
পর্যটন সীমিত করার পেছনে যুক্তি আছে। খসড়া মহাপরিকল্পনার হিসাবে, সীমা বাঁধার আগে এক রাতে ৭,১৯৩ জন পর্যন্ত পর্যটক দ্বীপে থাকতেন, যা ধারণক্ষমতার দ্বিগুণ।
গত মৌসুমে দৈনিক পর্যটক বাঁধা হয় দুই হাজারে। রাতে থাকা যেত শুধু ডিসেম্বর আর জানুয়ারিতে। ১ ফেব্রুয়ারি থেকে দ্বীপ বন্ধ হয়ে যায় টানা নয় মাসের জন্য।
এবার মৌসুম বেড়েছে। ১২ অক্টোবর পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে এক আন্তমন্ত্রণালয় সভায় ঠিক হয়েছে, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সাড়ে চার মাস দ্বীপে যাওয়া ও থাকা যাবে, দিনে গড়ে সর্বোচ্চ সাড়ে তিন হাজার জন। ফি থেকে মৌসুমে আদায় হতে পারে প্রায় ৪ কোটি ৭২ লাখ টাকা।
সীমা দুই হাজার থেকে কেন সাড়ে তিন হাজার হলো, তার ব্যাখ্যা মন্ত্রণালয় দেয়নি। খসড়া মহাপরিকল্পনা নিজে দিনে সর্বোচ্চ ৯০০ জনের প্রস্তাব করেছে।
মৌসুম বাড়লেও বছরের বাকি সাড়ে সাত মাস দ্বীপে পর্যটক যাবেন না। আর ব্যয় চলে ১২ মাসই।
গত মৌসুমের অভিজ্ঞতা থেকে সেন্টমার্টিন হোটেল-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শিবলী আজম কোরেশি বলেন, “১২ মাস মেইনটেন্যান্স করে দুই মাস ব্যবসা করলে, এবং ক্যাপিটাল এমপ্লয়মেন্টও ১২ মাসের, আমাদের বিশাল অঙ্কের ক্ষতি হচ্ছে।” তাঁর হিসাবে দ্বীপে হোটেল-রিসোর্ট প্রায় দুইশ, কাজ করেন প্রায় দুই হাজার মানুষ।
তাঁর দাবি, শুধু হোটেল খাতে ক্ষতি প্রায় একশ কোটি টাকা; পরিবহন, জাহাজ, ভ্যান-রিকশা, দোকান আর রেস্তোরাঁ মিলিয়ে হাজার কোটির বেশি। এটি মালিক সমিতির অনুমান, যাচাই করা হিসাব নয়। তবে আলাদা দুটি সূত্র জানিয়েছে, অর্ধশতাধিক ছোট রিসোর্ট বন্ধ হয়ে গেছে।
ধাক্কাটা কর্মীদের গায়েও লাগে। তৈয়ব উল্লাহর রিসোর্ট আর রেস্তোরাঁয় কর্মী ছিলেন প্রায় ৩০ জন। গত মৌসুমের কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমার ১৫ জন লাগে। দুই মাস পরে তো আর পনেরো জনের দরকার হয় না। তাহলে যে আগে ছয় মাস চাকরি করত, সে এখন দুই মাস করবে। সে চিন্তা করে, দুই মাস দিয়ে পোষাবে না, আমি সেন্টমার্টিনেই যাব না।”
শিবলী আজমের আরেক দাবি, অফ-সিজনে দ্বীপে চুরি, ডাকাতি আর ছিনতাই শুরু হয়েছে, যা আগে কখনো ঘটেনি। এর পক্ষে পুলিশের কোনো প্রকাশিত হিসাব পাওয়া যায়নি।
গত মৌসুমের শেষ দিন, ৩১ জানুয়ারি, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেছিলেন, “দ্বীপের অধিকাংশ মানুষই পর্যটননির্ভর। হঠাৎ করে দীর্ঘ সময়ের জন্য ভ্রমণ বন্ধ হওয়ায় সবাই হতাশ।” এক অটোরিকশাচালক বলেছিলেন, “পর্যটক আসা বন্ধ হওয়ায় আবারও অভাব-অনাহারে সংসার চালাতে হবে।”
পর্যটন বন্ধ হলে ভরসা আবার সাগর। কিন্তু সাগরও এখন নিরাপদ নয়।
সীমান্তের সাগরে ভয়
আমির আলী বলেন, এই সময়ে দ্বীপের পূর্ব দিকের সাগরে মাছ ভালো থাকে। কিন্তু সেদিকে যেতে ভয়, কারণ সেখান থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। কেউ কেউ উদ্ধার হয়ে ফিরেছেন, বাকিরা এখনো মিয়ানমারে আটক।
প্রায় ৩৮ বছর ধরে সাগরে যাওয়া আবুল কাশেম জানান, আগে মিয়ানমারের দিকের সাগরেও জাল ফেলা যেত। এখন সেখানে গেলে সশস্ত্র লোকজন বাধা দেয়, গোলাগুলি হয়। “তাই এখন আর সেখানে যাওয়া যায় না।” টেকনাফ যাওয়ার পথেও গুলি আসে, বলেন তিনি। আব্দুর রশিদের অভিযোগ, নাফ নদীর মোহনার নাকখন্দিয়া চ্যানেল দিয়ে চলার সময় মিয়ানমারের দিক থেকে গোলাগুলি হয়, আরাকান আর্মির কারণে সমস্যা হয়।
জেলেদের এই ভয়ের ছাপ আছে সরকারি হিসাবেও।
গত ১৯ আগস্ট টেকনাফে এক সংবাদ সম্মেলনে বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে মিয়ানমারে মোট ৪৩৪ জন জেলে আটক হয়েছেন। ফিরিয়ে আনা গেছে ৩৪৮ জনকে। তখনো আটক ছিলেন ৮৬ জন, তাঁদের ৬৫ জন বাংলাদেশি।
সেন্টমার্টিনের কাছ থেকেও জেলে ধরে নেওয়া হয়েছে। ২০২৫ সালের ২৭ নভেম্বর দ্বীপের অদূরে দুটি ট্রলারসহ ১২ জন বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। খবরটি জানিয়েছিলেন সেন্টমার্টিন ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মো. আজিম।
গুলির ঘটনাও নতুন নয়। ২০২৪ সালের ৫, ৮ ও ১১ জুন নাফ নদী ও বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া পয়েন্টে মিয়ানমারের অংশ থেকে সেন্টমার্টিনগামী নৌযানে গুলি করা হয়। এরপর প্রায় নয় দিন টেকনাফ-সেন্টমার্টিন নৌপথ বন্ধ ছিল।
দ্বীপে তখন খাদ্য আর নিত্যপণ্যের সংকট দেখা দেয়।
খারাপ আবহাওয়ায় খালি হাঁড়ি
এমন বিচ্ছিন্নতা দ্বীপের মানুষের কাছে নতুন নয়। গুলি না হলেও আবহাওয়া খারাপ হলেই টেকনাফের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকে, রশিদের হিসাবে কখনো এক সপ্তাহ, কখনো ১৫ দিন।
আবুল কাশেমের কথায়, “৭-৮ দিন বাতাস থাকলে দ্বীপের মানুষ যাতায়াত করতে না পেরে অনাহারে থাকে।” রশিদের প্রস্তাব, গোলাচর অংশটি খনন করলে ২৪ ঘণ্টা চলাচল সম্ভব হবে।
এই সংকট কীভাবে ঘরে পৌঁছায়, তা শোনা গেছে নারীদের কথায়। গত ৮ আগস্ট পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের সফরের দিন সাংবাদিকদের সামনে কথা বলেন দ্বীপের কয়েকজন নারী।
খোরশেদা বেগমের সংসার চলে স্বামীর মাছ বিক্রির টাকায়। “সিজন আইলে মাছ-টাছ বেচে দুই-তিন হাজার টাকা পাই। এই নিয়েই কোনোরকম চলি। চারটা বাচ্চা আছে, এদের নিয়ে কষ্ট করে চলি। একজনকে নবম শ্রেণি পর্যন্ত পড়িয়েছি, আর একজন মাদ্রাসায় পড়ে।”
রশিদা আক্তারের স্বামী অসুস্থ, ঘরে চার মেয়ে। “মাছ-টাছ কুড়িয়ে খেতে পারি, না হলে এখন কষ্টের অবস্থা। বিপদে পড়লে মেম্বার-চেয়ারম্যানের কাছে যাই। মেম্বার-চেয়ারম্যান সবসময় দিয়ে দেন এমন না, কখনো দেন, কখনো দেন না।”
সেদিন যে চারজন নারী কথা বলেছিলেন, তাঁদের কেউ কোনো সরকারি কর্মসূচির নাম বলতে পারেননি। তাঁদের ভরসা মৌসুমের মাছ, জনপ্রতিনিধির দয়া, আর কেউ কিছু দিয়ে গেলে তা।

ডোবা ভিটা, লোনা পানি
ঘর হারানোর ভয়ও দ্বীপের মানুষের পুরোনো।
“১৯৯১ ও ৯৪ সালের ঘূর্ণিঝড়ে সেন্টমার্টিনের ব্যাপক ক্ষতি হয়েছিল। ওই সময় পাথরগুলো নিচু হয়ে গেছে,” মনে করিয়ে দেন তৈয়ব উল্লাহ। “১৯৯৭ সালে ডেইলপাড়া পুরোটা পানির নিচে চলে গেছে। পঞ্চাশটা পরিবারকে সরকার গুচ্ছগ্রামে আশ্রয় দিয়েছে।”
২০২৫ সালের ৩০ জুলাই প্রথম আলোয় প্রকাশিত নিজের এক লেখাতেও একই কথা লিখেছেন তিনি: ঘূর্ণিঝড়ের পর উত্তর পাড়া ও ডেইল পাড়া নামের দুটি পাড়া বিলীন হয়ে যায়, বাসিন্দাদের ১৯৯৭ সালে আশ্রয়ণ প্রকল্পের আওতায় গুচ্ছগ্রামে ঘর দেওয়া হয়।
ভাঙন থামেনি। ২০২৩ সালের ঘূর্ণিঝড় মোখায় ডেইলপাড়াসহ কয়েকটি পাড়ার উপকূলের কয়েক ফুট জমি সাগরে মিশে গেছে।
এই সিরিজের প্রথম পর্বে তৈয়ব উল্লাহ বলেছিলেন, “আমরাও এখন অনুভব করি, ভবিষ্যতে এখানে থাকতে পারব না। পারলেও আমাদের সন্তানেরা হয়তো পারবে না।”
পায়ের নিচের পানিও আর নিরাপদ নয়।
“সেন্টমার্টিনের চারদিকে সমুদ্র, কিন্তু সেন্টমার্টিনের পানি খুব সুপেয় ছিল,” বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী। বেশি মানুষ যাওয়ায় ভূগর্ভের পানি বেশি তোলা হচ্ছে, তাতে চারপাশের লোনা পানি ভেতরে ঢুকছে। পর্যটকদের ফেলে যাওয়া বর্জ্যও পোঁতা হচ্ছে মাটিতে। “আমরা খুব ভয়ে আছি যে ভূগর্ভস্থ সুপেয় পানি না আবার কন্টামিনেটেড (দূষিত) হয়ে যায়। ওইটা কন্টামিনেটেড হলে আইল্যান্ডের সম্ভাবনা আশঙ্কাজনক।”
লোনা পানির ধাক্কা দ্বীপবাসী এরই মধ্যে টের পেয়েছেন। ২০২২ সালের ঘূর্ণিঝড় সিত্রাংয়ে সাগরের পানি ঢুকে নিচু এলাকার নলকূপ আর পুকুর লোনা হয়ে যায়। দক্ষিণপাড়ার মরিয়ম বিবি তখন বলেছিলেন, “আমাদের বাড়িতে টিউবওয়েল ছিল। সিত্রাংয়ের পর ওই টিউবওয়েলের পানি লবণাক্ত হয়ে গেছে।” তখনকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমানের ভাষায়, “দ্বীপের বিশাল এলাকাজুড়ে খাবার পানির তীব্র সংকট।”
দ্বীপের পানির লবণাক্ততা নিয়ে কোনো সরকারি পরীক্ষার ফল প্রকাশিত হয়নি।
সিদ্ধান্তের টেবিলে দ্বীপ নেই
পড়া, জমি, সাগর, ঘর, পানি। এসব ক্ষতির কথা তাহলে আলোচনা হয় কোথায়?
তথ্য অধিকার আইনে পাওয়া একটি নথিতে উত্তরের আভাস মেলে।
২০২৪ সালের ১৯ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় “সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণে” একটি কমিটি গঠন করে। আহ্বায়ক টেকনাফ ও কক্সবাজার সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা। সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বা ট্যুরিজম বোর্ড, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড আর টুরিস্ট পুলিশের প্রতিনিধি। সদস্যসচিব পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক।
কমিটির কাজ: ট্রাভেল পাস দেখা, নিষিদ্ধ প্লাস্টিক ঠেকানো, পর্যটক কোন হোটেলে থাকবেন তার রেজিস্টার রাখা আর বিলবোর্ড বসানো।
সাত দিন পর, ২৬ নভেম্বরের সভায় আরও পাঁচজনকে কমিটিতে নেওয়া হয়: কক্সবাজার সদর মডেল থানার ওসি, টুয়াকের সভাপতি, জোয়াবের সভাপতি, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আর সেন্টমার্টিন হোটেল মালিক সমিতির সভাপতি।
পর্যটন ব্যবসার প্রতিনিধি জায়গা পেয়েছেন। দ্বীপের জেলে, নৌকামালিক, ইউনিয়ন পরিষদ বা কোনো বিজ্ঞানী পাননি।
সভার সিদ্ধান্তও জাহাজ কোন ঘাট থেকে ছাড়বে, ট্রাভেল পাস, প্লাস্টিক আর বিলবোর্ড নিয়ে। দ্বীপের মানুষের আয় বা বিকল্প জীবিকা নিয়ে কোনো আলোচনা কার্যবিবরণীতে নেই।

দ্বীপবাসীর অভিজ্ঞতাও একই রকম। পর্যটন নিয়ন্ত্রণের সিদ্ধান্তের আগে তাঁদের সঙ্গে কথা হয়নি, বলেন তৈয়ব উল্লাহ। দ্বীপবাসীরা নিজেরাই ঢাকায় গিয়ে তখনকার পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে দেখা করেছিলেন। “উনি বললেন, ফেব্রুয়ারির দিকে মাস্টার প্ল্যানিং নিয়ে সেন্টমার্টিনের মানুষের সঙ্গে কথা বলবেন। তিনি কখনো আসেনও নাই, কথাও বলেন নাই।”
তাঁর প্রশ্নটা আরও পুরোনো। ১৯৯৯ সালে দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণার ২৭ বছর পরও ঘর তোলার কোনো নীতিমালা হয়নি। “আপনি বিল্ডিং বানাইতে পারবেন না, ঠিক আছে। কিন্তু অন্তত কুঁড়েঘর বানানোর একটা অনুমতি তো দিতে হবে। বীচ থেকে ১০০ ফুট, ২০০ ফুট দূরে, চারপাশে গাছ থাকতে হবে, এরকম একটা নীতিমালা দিতে হবে না? সেটা তো দেয় নাই।”
(তৈয়ব উল্লাহ নিজে একটি রিসোর্টের সঙ্গে যুক্ত; পর্যটন নিয়ে তাঁর অবস্থানের সঙ্গে ব্যবসায়িক স্বার্থ জড়িত। একই সঙ্গে তিনি দ্বীপের আদি বাসিন্দাদের বংশধর ও দীর্ঘদিনের অধিকারকর্মী।)
যা গোনা হয়, যা হয় না
রাষ্ট্র কিছু হিসাব খুব নিখুঁতভাবে রাখে। এই সিরিজের প্রথম পর্বে দেখা গেছে, গত অর্থবছরে সেন্টমার্টিন ইউনিয়নে ভিজিএফ বরাদ্দ লেখা হয়েছে দশমিকের পর পাঁচ ঘর পর্যন্ত: ১০১.৯৯০৭৫ মেট্রিক টন, উপকারভোগী ২,৩৯২ জন।
বিকল্প জীবিকার হিসাবটা লিখতে দশমিক লাগেনি। টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তর লিখিতভাবে জানিয়েছে: “বিকল্প জীবিকা কর্মসূচি বাস্তবায়নের নিমিত্ত গত ৫ বছরে টেকনাফ উপজেলার (সেন্টমার্টিনসহ) জন্য অত্র দপ্তরের রাজস্ব ও প্রকল্প থেকে কোনো বরাদ্দ দেওয়া হয় নাই।” ক্ষতিপূরণ বা বিকল্প জীবিকা নিয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা প্রশাসন আর টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, দুই দপ্তরই জানিয়েছে, এ নিয়ে কোনো তথ্য তাদের কাছে নেই।
বিজ্ঞানীরাও বলছেন, দ্বীপ বাঁচাতে হলে দ্বীপের মানুষকে পাশে রাখতে হবে। “স্থানীয় মানুষ পরিবেশের বিরুদ্ধে নয়,” এই সিরিজের প্রথম পর্বে বলেছিলেন অধ্যাপক শাহ নেওয়াজ চৌধুরী। “তারা রক্ষা করতে চায়। কিন্তু তারা দুই বেলা খাবারের নিশ্চয়তা চায়।” সেই নিশ্চয়তা আসতে হবে পরিবেশের ক্ষতি না করে, বিকল্প জীবিকার মাধ্যমে।
এই সিরিজের জন্য দুই মাস ধরে পরিবেশমন্ত্রী, প্রতিমন্ত্রী ও পরিবেশ সচিবকে ইমেইল, হোয়াটসঅ্যাপ ও ফোনে প্রশ্ন পাঠানো হয়েছিল। তাঁরা কোনো জবাব দেননি।
এবারের মৌসুমে দ্বীপে যাওয়া প্রত্যেক পর্যটকের হিসাব থাকবে ট্রাভেল পাস আর কিউআর কোডে, দিনে গড়ে সাড়ে তিন হাজার পর্যন্ত।
নর্দান ইউনিভার্সিটি থেকে ফেরা রশিদের ছেলের মতো কতজন পড়া ছেড়ে দ্বীপে ফিরেছেন, সেই সংখ্যা কেউ গোনেনি।
আরও পড়ুন: সেন্টমার্টিন সিরিজ, পর্ব ১: সেন্টমার্টিনে চার ঘাতক, তিনটির হিসাব রাখে না কেউ
আরও পড়ুন: সেন্টমার্টিন সিরিজ, পর্ব ২: যে প্রবাল প্রাচীর নেই, তাকেই রক্ষার পরিকল্পনা
আরও পড়ুন: নোঙর ওঠে, প্রবাল ভাঙে
This story was produced as part of the Earth Journalism Network (EJN) fellowship on non-economic loss and damage (NELD).





আপনার মতামত লিখুন