খুঁজুন
, ,
শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬
পরিবেশ ও জলবায়ু

সেন্টমার্টিন সিরিজ · ফলো-আপ

নোঙর ওঠে, প্রবাল ভাঙে

নোঙর তোলার টানে আর প্রপেলারের আঘাতে ভাঙছে সেন্টমার্টিনের প্রবাল, ক্ষতি বেশি মূল দ্বীপের অগভীর পানিতে। ২৮ বছর ধরে পানির নিচে নেমে সেই ক্ষতি দেখছেন ডুবুরি মো. আসাদুজ্জামান।

নোঙর ওঠে, প্রবাল ভাঙে
পানির নিচে পাথরের ওপর পড়ে থাকা নৌকার নোঙর, সঙ্গে দড়ি আর জাল। নোঙর তোলার সময় আর প্রপেলারের আঘাতে প্রবাল ভাঙে বলে জানান ডুবুরি মো. আসাদুজ্জামান। ছবি: মো. আসাদুজ্জামান
১৩ নভেম্বর ২০২৬, ২২:১৪

পর্যটক নিয়ে নৌকা ভিড়ছে সেন্টমার্টিনের তীরে। অগভীর পানি। ইঞ্জিন বন্ধ হওয়ার আগে প্রপেলার ঘুরছে, পানিতে নামানো হচ্ছে নোঙর। কিছুক্ষণ পর সেই নোঙর আবার টেনে তোলা হবে।

নৌকায় বসে থাকা কেউ জানেন না, নিচে তখন কী ঘটছে।

জানেন একজন। তিনি দেখেন পানির নিচে নেমে।

“বোটের নোঙর আর বোটের প্রপেলারের কারণে অনেক কোরাল নষ্ট হয়ে গেছে। আমার সামনেই দেখা গেছে অনেক কোরাল ভেঙে ফেলেছে,” বলেন মো. আসাদুজ্জামান। ১৯৯৮ সালের ডিসেম্বরে বাংলাদেশ নৌবাহিনীর রণ-ডুবুরি হিসেবে প্রথম নেমেছিলেন সেন্টমার্টিনের পানিতে। এখন তিনি পিএডিআই (প্রফেশনাল অ্যাসোসিয়েশন অব ডাইভিং ইনস্ট্রাক্টরস) স্বীকৃত আন্তর্জাতিক ডাইভিং প্রশিক্ষক।

এই ক্ষতি সরকারের অজানা নয়। ২০২৩ সালের সরকারি নির্দেশিকায় নৌকার নোঙর ফেলে প্রবাল ধ্বংস নিষিদ্ধ করা হয়েছে। সেন্টমার্টিনের খসড়া মহাপরিকল্পনাতেও লেখা আছে, নৌকার নোঙর প্রবালের কলোনি সরিয়ে দেয় আর ধ্বংস করে। একই নথি বলছে, পরিত্যক্ত মাছ ধরার জাল প্রবালে জড়িয়ে যায়। দ্বীপের সাগরতলের একমাত্র পূর্ণাঙ্গ জরিপ করা কানাডীয় প্রবাল-বিজ্ঞানী টমাস টমাসচিকও স্থানীয়ভাবে কমানো যায় এমন চাপগুলোর শীর্ষে রেখেছেন অনিয়ন্ত্রিত পর্যটনকে, যার ফল হিসেবে তিনি উল্লেখ করেছেন নৌযান চলাচল বৃদ্ধি আর নোঙরের ক্ষতি।

অর্থাৎ সাগরের উষ্ণতা বা অম্লতার মতো বৈশ্বিক কারণ নয়, এটি এমন এক ক্ষতি, যা বাংলাদেশ নিজেই থামাতে পারে। তবু নিয়ম মানা হচ্ছে কি না, কোথায় নোঙর পড়ছে, কত প্রবাল ভাঙছে, সেই হিসাব কেউ রাখে না। ২৮ বছর ধরে যিনি নিচে নেমে এই ক্ষতি দেখছেন, তাঁর পর্যবেক্ষণও কোনো সরকারি নথিতে নেই।

পানির নিচে পাখার মতো ছড়িয়ে থাকা সি ফ্যান, এক ধরনের নরম প্রবাল
পানির নিচে পাখার মতো ছড়িয়ে থাকা সি ফ্যান, এক ধরনের নরম প্রবাল। ছবি: মো. আসাদুজ্জামান

নোঙর পড়ে, নোঙর ওঠে

নোঙরের ক্ষতিটা ধীর, কিন্তু থামে না। আসাদুজ্জামান বোঝালেন এভাবে: “নোঙরটা কোরালের গায়ে গিয়ে আটকে থাকে। যখন আবার টেনে তোলে তখন কোরালটা ভেঙে যায়। তারপর নোঙর করা বোটটা ঢেউয়ের সঙ্গে দোলে, একটা কোরাল ভেঙে আরেকটার গায়ে গিয়ে লাগে।”

প্রপেলারের ক্ষতি তিনি দেখেছেন চোখের সামনে। গত জানুয়ারিতে ছেঁড়াদিয়ায়, যেখানে পানির গভীরতা ৩৩ থেকে ৪০ ফুট আর চারপাশে প্রবাল, পাশ দিয়ে একটি বোট দ্রুত ঘুরে যাওয়ার সময় পানির নিচের প্রপেলারের আঘাতে প্রবাল ভেঙে পড়ে। তাঁর ভাষ্য, এভাবে অসংখ্য প্রবাল ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ক্ষতি শুধু সরাসরি আঘাতে নয়। প্রপেলারের কম্পন আর গুঁতোয় প্রবালের বিস্তারও বাধা পাচ্ছে বলে মনে করেন এই ডুবুরি।

ক্ষতি বেশি মূল দ্বীপের কাছেই

অনেকের ধারণা, প্রবালের বিপদ বুঝি দূরের ছেঁড়াদিয়ায়। আসাদুজ্জামানের অভিজ্ঞতা উল্টো। ছেঁড়াদিয়ার চেয়ে মূল দ্বীপের চারপাশে, যাকে অনেকে দারুচিনি দ্বীপ বলেন, এই সমস্যা বেশি।

কারণ সেখানে পানি কম, আর বোটগুলো একদম তীরের কাছাকাছি চলে আসে। তাঁর ভাষ্য, তীরে ভেড়ার পথটাই যায় প্রবালের ওপর দিয়ে।

নৌকার সংখ্যাও কম নয়। বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদের হিসাবে, দ্বীপে এখন মাছ ধরার নৌকাই আছে প্রায় ৩০০ থেকে সাড়ে ৩০০টি। পর্যটন মৌসুমে এর সঙ্গে যোগ হয় পর্যটক বহনকারী নৌযান।

প্রায় ৩৮ বছর ধরে মাছ ধরছেন পূর্বপাড়ার জেলে আমির আলী। আগে প্রবাল দেখতে কেমন ছিল জানতে চাইলে বলেন, “আগে একদম পরিষ্কার আছিল।” এখন জাহাজ আসা-যাওয়ায় পানি ঘোলা হয়ে গেছে বলে মনে করেন তিনি।

ছেঁড়াদিয়ার নৌঘাটে ভিড় করা নৌকা, ডিসেম্বর ২০২০। টমাস টমাসচিক নৌযান চলাচল আর নোঙরের ক্ষতিকে স্থানীয়ভাবে কমানো যায় এমন চাপের মধ্যে রেখেছেন। স্যাটেলাইট চিত্র: Google Earth; সংগ্রহ: টমাস টমাসচিক
ছেঁড়াদিয়ার নৌঘাটে ভিড় করা নৌকা, ডিসেম্বর ২০২০। টমাস টমাসচিক নৌযান চলাচল আর নোঙরের ক্ষতিকে স্থানীয়ভাবে কমানো যায় এমন চাপের মধ্যে রেখেছেন। স্যাটেলাইট চিত্র: Google Earth; সংগ্রহ: টমাস টমাসচিক

নিয়ম আছে কাগজে

নিয়মের অভাব নেই। ২০২৩ সালের মে মাসে গেজেট আকারে প্রকাশিত ‘সেন্টমার্টিন নির্দেশিকা’য় স্পষ্ট লেখা আছে, নৌকার নোঙর ফেলে প্রবাল ধ্বংস করা যাবে না। এটি দেখার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের; সহায়তা করার কথা কোস্টগার্ড, পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার জেলা প্রশাসন ও সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের।

একই নির্দেশিকা বলছে, সমুদ্রে শৈবাল ও প্রবালের পুনর্জন্ম নির্বিঘ্ন রাখতে পর্যটকবাহী জাহাজ ঘাটে ভেড়ার সময় গতি নিয়ন্ত্রণ করতে হবে, আর তীর থেকে নিরাপদ দূরত্বে, “কমপক্ষে ২০০ মিটার দূরে”, জেটিতে নোঙর নিশ্চিত করতে হবে। এই দায়িত্ব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং নৌপরিবহন অধিদপ্তরের।

‘সেন্টমার্টিন নির্দেশিকা, ২০২৩’-এর দুটি অংশ। ওপরে, নৌকার নোঙর ফেলে প্রবাল ধ্বংস না করার নির্দেশনা; নিচে, তীর থেকে কমপক্ষে ২০০ মিটার দূরে নোঙরের নির্দেশনা। সূত্র: বাংলাদেশ গেজেট, ২৫ মে ২০২৩
‘সেন্টমার্টিন নির্দেশিকা, ২০২৩’-এর দুটি অংশ। ওপরে, নৌকার নোঙর ফেলে প্রবাল ধ্বংস না করার নির্দেশনা; নিচে, তীর থেকে কমপক্ষে ২০০ মিটার দূরে নোঙরের নির্দেশনা। সূত্র: বাংলাদেশ গেজেট, ২৫ মে ২০২৩

খসড়া মহাপরিকল্পনা আরও এক ধাপ এগিয়ে প্রস্তাব করেছে, নৌকা নোঙর করবে কেবল অঞ্চলভিত্তিক মানচিত্রে নির্দিষ্ট করা জায়গায়। যেখানে নৌকার ভিড় বেশি, সেখানে স্থায়ী মুরিং (নোঙর ছাড়াই নৌকা বাঁধার ব্যবস্থা) বসিয়ে তা ব্যবহার বাধ্যতামূলক করার কথাও আছে।

মাঠের চিত্র অবশ্য ভিন্ন। বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, নোঙর কোথায় ফেলতে হবে, সে বিষয়ে প্রশাসনের নির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। কোথায় বোট রাখা যাবে আর কোথায় যাবে না, তা নিয়ে কোনো প্রশিক্ষণও তাঁরা পাননি। যত্রতত্র নোঙর ফেললেও প্রশাসন জরিমানা করে না।

তবে পরিবেশ অধিদপ্তরের কিছু নিয়মকানুন আছে বলে জানান তিনি। অধিদপ্তর নোঙর ফেলার জন্য দুটি বয়া বেঁধে দিয়েছে। জেটির এক পাশে নোঙর ফেলা যায়; অন্য পাশে থাকে বড় ট্রলার, সেখানে পাথর নেই। তাঁর ভাষ্য, ছেঁড়াদিয়া এখন বন্ধ থাকায় বোটগুলো সাধারণত বয়ার বাইরে যায় না।

আসাদুজ্জামানের কথা আরও ছোট: “এগুলো মনিটর করার মতো কেউ নাই।”

দ্বীপে এখন পরিবেশ অধিদপ্তরের যে প্রকল্প চলছে, তার ব্যয় ৮ কোটি ৯০ লাখ টাকা। প্রবাল সংরক্ষণ এই প্রকল্পের কাজ কি না, জানতে চাইলে প্রকল্প পরিচালক ও অধিদপ্তরের চট্টগ্রাম গবেষণাগার কার্যালয়ের উপপরিচালক মো. কামরুল হাসান বলেছিলেন, “না না। শুধু একটা কাজ আছে, প্রবাল সংরক্ষণ না।” প্রকল্পের গার্ডরা দেখেন কেউ যেন প্রবাল বা শামুক আহরণ না করে, এটুকুই।

নোঙরের দূরত্বের নিয়ম কে তদারক করে, মুরিং বা নোঙরমুক্ত এলাকা আছে কি না, গত দুই মৌসুমে কোনো নৌযানকে জরিমানা করা হয়েছে কি না, এসব প্রশ্ন পাঠানো হয়েছিল পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ে। সহকারী পরিচালক আব্দুল লতিফ জনী জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ এবং ১৯৯৯ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণার প্রজ্ঞাপনের বিধিনিষেধ অনুযায়ী, কোনো জাহাজের প্রপেলারে প্রবাল ধ্বংসের সুস্পষ্ট অভিযোগ বা প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাকি প্রশ্নে তাঁর জবাব, মহাপরিকল্পনা চূড়ান্ত হলে উত্তর দেওয়া যাবে।

প্রমাণ অবশ্য আসবে কোথা থেকে, সেটিই প্রশ্ন। এই সিরিজের প্রথম পর্বে দেখা গেছে, তথ্য অধিকার আইনে করা আবেদনের জবাবে পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয় জানিয়েছিল, প্রবাল পর্যবেক্ষণ নিয়ে তাদের কাছে কোনো নথি নেই।

এই ক্ষতি যে অনিবার্য নয়, তার উদাহরণ আসাদুজ্জামান দেন কুয়েত থেকে, যেখানে ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত ডাইভিং প্রশিক্ষণের কাজে ছিলেন তিনি। সেখানে প্রতি সপ্তাহান্তে হাজারো মানুষ ডুব দেন, তবু প্রবাল অক্ষত থাকে। প্রবাল জন্মায় ছয় থেকে নয় মিটার গভীরে, আর নৌযান নোঙর করে বারো মিটারে, প্রবাল থেকে দূরে। বোট থাকে দূরে, মানুষ ডুব দিয়ে প্রবাল দেখতে যায়।

“ওরা কোরাল টাচ করছে না, কোরালের ওপরেও যাচ্ছে না। আপনি যেরকম একটা অ্যাকুরিয়াম দেখেন, ওরকম।”

জালের ফাঁদ

নোঙরের পর আসে জাল।

ছিঁড়ে যাওয়া বা ফেলে দেওয়া মাছ ধরার জাল ভাসতে ভাসতে গিয়ে আটকে যায় প্রবালে। “জাল তো পানির নিচে স্থির হয়ে বসে থাকে না। ঢেউয়ের সঙ্গে দোল খেয়ে আশপাশের কোরাল ভেঙে ফেলে। এক জায়গা ভাঙা শেষ হলে ছুটে গিয়ে আরেক জায়গায় ভাঙে।”

গত সাত বছর ধরে নিজের উদ্যোগে পানির নিচ থেকে পরিত্যক্ত জাল আর প্লাস্টিক তুলে আনছেন আসাদুজ্জামান। এমন একটি অভিযানের ছবি ও ভিডিও তিনি পাঠিয়েছেন। সেদিন তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার হাসিবুল ইসলাম, ভিডিওটিও তাঁর করা।

জাল সরানোর পর নিচ থেকে বেরিয়ে আসে জীবিত প্রবাল। ছবিটি পাঠিয়ে আসাদুজ্জামান লিখেছেন, “ভাসমান জাল সরানোর পর জালের নিচে থাকা জীবিত কোরাল।”

বাঁ থেকে, প্রবালে আটকে থাকা ভাসমান জাল সরানো হচ্ছে; প্রবালের গায়ে জড়িয়ে আছে জাল; জাল সরানোর পর তার নিচে থাকা জীবিত প্রবাল
বাঁ থেকে, প্রবালে আটকে থাকা ভাসমান জাল সরানো হচ্ছে; প্রবালের গায়ে জড়িয়ে আছে জাল; জাল সরানোর পর তার নিচে থাকা জীবিত প্রবাল। ছবি: আসাদুজ্জামানের সৌজন্যে
সাগরতলে পড়ে থাকা প্লাস্টিকের বোতল আর ধাতব ক্যান
সাগরতলে পড়ে থাকা প্লাস্টিকের বোতল আর ধাতব ক্যান। ছবি: মো. আসাদুজ্জামান

অপ্রশিক্ষিত ডুবুরি, অরক্ষিত প্রবাল

নোঙর আর জালের পর তৃতীয় বিপদটি আসে পর্যটকদের সঙ্গে, পানির নিচে।

পেশাদার প্রশিক্ষকের সঙ্গে নামলে ডুবুরিকে প্রবাল থেকে ছয়-আট ইঞ্চি ওপরে ভাসিয়ে রাখা হয়। হাত থাকে সামনে, পা তলদেশ ছোঁয় না। অপ্রশিক্ষিত মানুষ স্বভাবতই হাত-পা ছোড়েন। “কনুইতে গুঁতো লেগে পাশে একটা কোরাল ভেঙে গেছে, আপনি বুঝতেই পারলেন না। পায়ের ফ্লিপারে লেগে একটা কোরাল পুরোটাই ভেঙে পড়ে গেল।”

তাঁর হিসাবে, একটি প্রবাল গড়ে উঠতে সময় লাগে প্রায় একশ বছর।

তলদেশ না ছুঁয়ে ভেসে আছেন এক ডুবুরি। আসাদুজ্জামানের দলের নিয়ম, “We never touch the bottom”
তলদেশ না ছুঁয়ে ভেসে আছেন এক ডুবুরি। আসাদুজ্জামানের দলের নিয়ম, “We never touch the bottom”। ছবি: মো. আসাদুজ্জামান

সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ভিডিও পাঠিয়ে তিনি লিখেছিলেন, “আপনি দেখেন এই সব প্রোফেশনাল নয় এমন টুরিস্ট ডুবুরি দ্বারা কিভাবে কোরাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভিডিও এর শেষ অংশে সে একটি ব্রেন কোরালের উপর হাত রেখেছে যা কোরালের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। পরবর্তীতে এই কোরালটি বিভিন্ন এমিবা দ্বারা আক্রান্ত হয়ে মারা যাবে। আমরা কেউ কি সেই খবর রাখবো?”

তারপর আরও দুটি বাক্য: “বিদেশে হলে দুজনকে এবং তাদেরকে যে ডাইভ সেন্টার ডাইভ করার ব্যবস্থা করে দিয়েছে সবাইকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হত।” “কিন্তু এটা বাংলাদেশ। দেখার কেউ নেই।”

সম্প্রতি নিজের প্রতিষ্ঠানের ফেসবুক পাতায় কোস্টগার্ড, পুলিশ আর কক্সবাজারের জেলা প্রশাসককে উদ্দেশ করে তিনি লিখেছেন, “যারা পর্যটকদের পানির নিচে নিয়ে যাচ্ছে তাদের বিন্দুমাত্র যোগ্যতা, প্রশিক্ষণ, সনদ বা বৈধতা নেই।”

২০২৩ সালের নির্দেশিকা অনুযায়ী, সেন্টমার্টিন দ্বীপ ও মেরিন প্রটেক্টেড এরিয়ায় স্কুবা ডাইভিং পরিচালনা করতে পূর্বানুমতি নিতে হয়। অনুমতি দেওয়ার দায়িত্ব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং কক্সবাজার জেলা প্রশাসনের, সহায়তায় কোস্টগার্ড ও পুলিশ।

বাঁয়ে, ব্রেন কোরাল। আসাদুজ্জামানের মতে, এর ওপর হাত রাখলেও প্রবালের ক্ষতি হয়। ডানে, প্রবালের গায়ে লেগে থাকা একটি কড়ি
বাঁয়ে, ব্রেন কোরাল। আসাদুজ্জামানের মতে, এর ওপর হাত রাখলেও প্রবালের ক্ষতি হয়। ডানে, প্রবালের গায়ে লেগে থাকা একটি কড়ি। ছবি: মো. আসাদুজ্জামান

২০০৭ সালের প্রবাল

আসাদুজ্জামানের গল্প শুধু ভাঙার নয়, গড়ারও।

২০০৭ সালে দ্বীপের কোস্টগার্ড ঘাঁটির সামনের পানিতে টেবিল কোরাল লাগিয়েছিলেন তিনি। সেই প্রবাল এখনো টিকে আছে, বংশবিস্তারও করেছে। কারণটা তিনি বলেন সোজাসুজি: “ওই জায়গাটায় সাধারণত কোনো বোট বা মানুষজন চলাচল করে না। কারণ কী? ভয়। কোস্টগার্ড আছে, ওদিকে যাওয়া যাবে না।”

অর্থাৎ যেখানে নোঙর পড়েনি, প্রপেলার ঘোরেনি, সেখানে প্রবাল শুধু বাঁচেনি, বেড়েছেও। ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্য জায়গার প্রবাল, যেখানে নৌকা যায়।

বাঁয়ে, কোস্টগার্ড ঘাঁটির সামনে টেবিল কোরাল। ডানে, আসাদুজ্জামানের হাতে লাগানো একটি টেবিল কোরাল
বাঁয়ে, কোস্টগার্ড ঘাঁটির সামনে টেবিল কোরাল। ডানে, আসাদুজ্জামানের হাতে লাগানো একটি টেবিল কোরাল। ছবি: মো. আসাদুজ্জামান

পদ্ধতিটা অনেকটা গাছের কলম করার মতো। “গাছ যেরকম কলম করা যায়, কোরালের ওরকম ব্রাঞ্চ করা যায়। ওর ডিম সংরক্ষণ করে প্রসারিত করা যায়।” একশটি লাগালে টিকতে পারে হয়তো দশটি, কিন্তু ফল বোঝা যায় ছয় মাস থেকে এক বছরের মধ্যেই।

তাঁর প্রস্তাব তিনটি: প্রবাল সংরক্ষণ, ঝিনুক চাষ, আর পানির নিচে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান। মালদ্বীপ বা অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে এসব কাজ খরচের খাত নয়, আয়ের উৎস, বলেন তিনি। নানা দেশ থেকে শিক্ষার্থী আর গবেষক নিজের খরচে সেখানে প্রশিক্ষণ নিতে আসেন।

যে বাগান তিনি দেখেছিলেন

ভাঙা প্রবালের কথা বলতে গিয়ে আসাদুজ্জামান বারবার ফিরে যান ১৯৯৮ সালে।

“সেই শুরুর দিকে অর্থাৎ ৯৮ সালে তখন সেন্ট মার্টিন ছিল একটি ঘন কোরাল বাগানে পরিবেষ্টিত দ্বীপ। স্বপ্নের চেয়েও সুন্দর। কত হাজার প্রজাতির রংবেরঙের মাছ ঘুরে বেড়াত। প্রবালের নিচে পাথরের গর্তে লুকিয়ে থাকত বড় বাঘা লবস্টার। গর্ত থেকে শুধু মাথা আর শুঁড় বের করে এদিক-ওদিক করত।”

তুলনাটি তিনি নিজেই টানেন: “একটা সুন্দর বাগানে যেরকম প্রজাপতি ঘুরে বেড়ায়, ফুলে ফুলে মৌমাছি মধু সংগ্রহ করে, ওরকম ছিল। লাল ফায়ার কোরাল ছিল, সফট কোরাল ছিল, হার্ড কোরাল ছিল।”

আসাদুজ্জামানের ক্যামেরায় সাগরতলের প্রাণ। বাঁ থেকে লায়নফিশ, ওরিও নুডিব্র্যাঙ্ক (খোলসহীন সামুদ্রিক শামুক) আর ফেদার ডাস্টার ওয়ার্ম, যাকে তিনি বলেন “পৃথিবীর সবথেকে সুন্দরতম ফুল”
আসাদুজ্জামানের ক্যামেরায় সাগরতলের প্রাণ। বাঁ থেকে লায়নফিশ, ওরিও নুডিব্র্যাঙ্ক (খোলসহীন সামুদ্রিক শামুক) আর ফেদার ডাস্টার ওয়ার্ম, যাকে তিনি বলেন “পৃথিবীর সবথেকে সুন্দরতম ফুল”। ছবি: মো. আসাদুজ্জামান

সেই টানেই প্রতি বছর ফেরেন। “গতবছর তিন মাস ছিলাম। প্রতিদিন সকাল, বিকেল ও রাতে ডুব দিতাম। পানির নিচে সব কিছু মুখস্থ হয়ে গেছে।”

আর মুখস্থ সেই সাগরতল এখন অচেনা। “লবস্টার ধরেছি গত সিজনেও কিন্তু এখন আর আগের মতো কোরালের বাগানও নেই। রংবেরঙের মাছও নেই। লবস্টারও নেই।”

তাঁর লিখিত বিবরণে পরিবর্তনের তালিকাটি আরও নির্দিষ্ট: “শুধুমাত্র কোরাল বাগান নয় আরও অনেক উদ্ভিদ, প্রাণী, মাছ এইসব জীববৈচিত্র্য যারা কোরাল বাগানের উপর নির্ভরশীল তাদের সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে। পানির স্বচ্ছতা কমেছে। পানিতে বালির মিশ্রণ বৃদ্ধি পেয়েছে।”

এই পরিবর্তনের কতটা নোঙর-প্রপেলারের দায়, কতটা উষ্ণতা, পলি বা অম্লতার, তা বলার উপায় নেই। এই সিরিজের প্রথম পর্বে দেখা গেছে, প্রবাল কমে যাওয়ার চার প্রধান কারণের তিনটিই মাঠপর্যায়ে নিয়মিত মাপে না কোনো সরকারি দপ্তর। নোঙরে কত প্রবাল ভাঙে, তা-ও কেউ গোনে না।

বোঝা আর অনুভব করা

এই না-মাপার পেছনে আসাদুজ্জামান দেখেন আরেকটি ফারাক। ইংরেজিতে দুটি শব্দ আছে, আন্ডারস্ট্যান্ড আর রিয়ালাইজ।

“আমাদের বিজ্ঞানীরা বুঝতে পারছেন যে কোরাল কনজারভেশন করতে হবে। কিন্তু রিয়ালাইজেশনটা ভেতরে নাই। কেন নাই? ওনাদের অনেকেই ডাইভার না, ওনারা পানির নিচে যাচ্ছেন না, নিজের চোখে দেখতে পারছেন না। বোঝা আর অনুভব করার ভেতরে অনেক পার্থক্য।”

নিজেকে তিনি বিজ্ঞানী দাবি করেন না। “আমি তো কোনো ডিগ্রিধারী গবেষক না, আমার কথা হয়তো শুনবে না।” প্রবাল সম্পর্কে যা জানেন, তা নিজের চোখে দেখে। “আমি দেখেছি কোরাল কীভাবে ডিম দেয়, অ্যালগি দেয়, ডিম ফোটে।”

অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী তাঁর কাছেই ওপেন-ওয়াটার প্রশিক্ষণ নিয়েছেন, গবেষণায় ব্যবহার করেন তাঁর তোলা ছবি ও ভিডিও। বোরির একাধিক বিজ্ঞানীও তাঁর প্রশিক্ষণার্থী, জাল সরানোর অভিযানে সঙ্গী হাসিবুল ইসলাম তাঁদের একজন।

মো. আসাদুজ্জামান। বাঁয়ে, ভারী ডাইভিং হেলমেট হাতে। ডানে, ডুব শেষে পানির ওপরে
মো. আসাদুজ্জামান। বাঁয়ে, ভারী ডাইভিং হেলমেট হাতে। ডানে, ডুব শেষে পানির ওপরে। ছবি: আসাদুজ্জামানের সৌজন্যে

“বিবেকে নাড়া দেয়”

সব খারাপ খবরের মধ্যেও আশার কথা বলেছেন তিনি: “তবে আশার কথা বর্তমানে জনসচেতনতা বৃদ্ধি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের যুগোপযোগী উদ্যোগ গ্রহণের ফলে গত সিজনে পানির নিচের পরিবেশ উন্নত হচ্ছে বলে মনে করি।”

তাঁর বিশ্বাস, প্রবাল নিজেও লড়ছে। “মানুষের শরীরে যেমন অ্যান্টিবডি তৈরি হয়, প্রবালও পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে নিজেদের প্রকৃতি বদলেছে। কিন্তু প্রবাল আছে। আরও করা সম্ভব।”

আগামী সপ্তাহে আবার সেন্টমার্টিনে যাচ্ছেন আসাদুজ্জামান, থাকবেন বেশ কিছুদিন। পরিবেশের এই ক্ষতি তাঁর খুব খারাপ লাগে, বিবেকে নাড়া দেয়।

তবু হারানোর বেদনা তিনি লুকান না। লিখে পাঠিয়েছেন: “তবে ১৯৯৮ সালের ডিসেম্বরে সেন্ট মার্টিনে ডুব দিয়ে যে স্বপ্নময় জগৎ দেখেছিলাম তা এখন শুধু স্বপ্নময় স্মৃতি। জানি না আবার কবে সেই পরিবেশ ফিরিয়ে আনতে পারব ভবিষ্যৎ প্রজন্মের কাছে।”

পরের দুটি বাক্যেই তিনি নিজেকে সামলে নেন: “স্বপ্ন দেখি। কাজ করে যাচ্ছি নীরবে।”

সেপ্টেম্বরের এক রাতে, এই সিরিজের খসড়া পড়ে, প্রতিবেদককে তিনি লিখেছিলেন: “সেন্ট মার্টিনের পূর্বের পরিবেশ ফিরিয়ে না আনা পর্যন্ত হাল ছাড়ব না।”

একটু পর আরেকটি বার্তা: “আপনাকে নিয়ে ডুব দেবো আগামী সিজনে। দেখবেন স্বর্গের চেয়েও সুন্দর আমাদের সেন্ট মার্টিন।”

সেই স্বর্গে এখনো নোঙর পড়ে, নোঙর ওঠে। ওপর থেকে কেউ টের পায় না। নিচে নেমে যিনি টের পান, তিনি এখনো জাল তোলেন, প্রবাল লাগান, আর অপেক্ষা করেন সেই দিনের, যেদিন নৌকাগুলো থামবে প্রবাল থেকে দূরে।

আরও পড়ুন: সেন্টমার্টিন সিরিজ, পর্ব ১: সেন্টমার্টিনে চার ঘাতক, তিনটির হিসাব রাখে না কেউ

আরও পড়ুন: সেন্টমার্টিন সিরিজ, পর্ব ২: যে প্রবাল প্রাচীর নেই, তাকেই রক্ষার পরিকল্পনা


This story was produced as part of the Earth Journalism Network (EJN) fellowship on non-economic loss and damage (NELD).

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

পরিবেশ ও জলবায়ু থেকে আরও