সৌরবিদ্যুতে বাংলাদেশের পুরোনো সাফল্য কি নতুন পথ দেখাবে?

বাংলাদেশে রোদের অভাব নেই। সারা বছর প্রচুর সূর্যের আলো পাই আমরা।
কিন্তু সেই রোদকে বিদ্যুতে বদলাতে যে টাকা লাগছে, তার প্রায় পুরোটাই আসছে ঋণ হিসেবে। এক নতুন গবেষণা বলছে, জ্বালানি খাতে প্রতি এক ডলার অনুদানের বিপরীতে বাংলাদেশ পাচ্ছে প্রায় নয় ডলার ঋণ।
গবেষকরা বলছেন, যে সংকট বাংলাদেশ তৈরি করেনি, সেটি মোকাবিলা করতেই দেশকে ধার করতে হচ্ছে।
এমন সময়ে বিষয়টি সামনে এলো, যখন তুরস্কের আন্তালিয়ায় শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। বাংলাদেশ সেখানে ঋণ নয়, অনুদান চাওয়ার কথা জানিয়েছে।
ঋণ কতটা, অনুদান কতটা?
ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভ ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত জ্বালানি খাতে আসা জলবায়ু অর্থায়নের হিসাব করেছে।
তারা দেখেছে, এই সময়ে প্রায় ২৫৪ কোটি ডলার এসেছে। এর মধ্যে ২৩৪ কোটি ডলারের মতো এসেছে ঋণ হিসেবে, যা মোট অর্থের ৯২ শতাংশ। অনুদান এসেছে মাত্র ৮ শতাংশ।
অন্য গরিব দেশগুলোর তুলনায় এই হার অনেক বেশি। স্বল্পোন্নত দেশগুলো জ্বালানি খাতে গড়ে প্রতি এক ডলার অনুদানের সঙ্গে ঋণ পেয়েছে ১ দশমিক ৫৩ ডলার। সেই হিসাবে বাংলাদেশের অনুপাত প্রায় ছয় গুণ বেশি।
আবার যে টাকা দরকার, আসছে তার সামান্য অংশ। গবেষণা অনুযায়ী, ২০৩০ সাল পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানিতে বছরে প্রায় ১৫৪ কোটি ডলার বিনিয়োগ দরকার। কিন্তু এখন আসছে মাত্র ১৯ কোটি ডলারের মতো, অর্থাৎ প্রয়োজনের ১৩ শতাংশ।
টাকা অনুমোদন হলেও তা সময়মতো পৌঁছায় না, এমন চিত্রও উঠে এসেছে। বিশ্বব্যাংকের নথির বরাত দিয়ে গবেষণায় বলা হয়, নবায়নযোগ্য জ্বালানির জন্য অনুমোদিত একটি অর্থায়নের মাত্র ১২ শতাংশ ছাড় হয়েছে, তাও অনুমোদনের পাঁচ বছর পরে।
বিশ্বব্যাংকের হিসাবে, জাতীয় গ্রিডে এখন সৌর বা অন্য নবায়নযোগ্য উৎসের বিদ্যুৎ মাত্র দেড় শতাংশ। সরকারের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে এটি ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশে নেওয়া।
কম দূষণ, বেশি ধার
কার্বন নিঃসরণে বাংলাদেশের দায় খুবই কম।
২০২৪ সালে সারা বিশ্বে যত কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হয়েছে, তার মাত্র শূন্য দশমিক ২৪ শতাংশ বাংলাদেশের। ঐতিহাসিকভাবে এই ভাগ আরও কম, শূন্য দশমিক ১১ শতাংশ।
তবুও বছরে যত টন কার্বন নিঃসরণ করে বাংলাদেশ, তার প্রতি টনের বিপরীতে এখন প্রায় সাড়ে ২৯ ডলার ঋণ নিচ্ছে দেশ।
চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান বলেছেন, “যেসব দেশ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে, তাদের এমন এক সংকটের জন্য ধার করতে হচ্ছে, যা তারা তৈরি করেনি। এটা সহায়তা নয়, এটা চুক্তিতে লেখা দ্বিতীয় আঘাত।”
পুরোনো একটি সাফল্যের গল্প
তবে বাংলাদেশের নিজের অভিজ্ঞতাতেই এর সমাধানের একটি সূত্র আছে বলে মনে করেন অনেকে।
২০০৩ সালে সরকারি প্রতিষ্ঠান ইডকল গ্রামের বাড়িতে বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছানোর একটি কর্মসূচি শুরু করে। যেসব এলাকায় বিদ্যুতের লাইন ছিল না, সেখানে ঘরের চালে বসানো হয় ছোট সোলার প্যানেল।
ফল হয়েছিল চোখে পড়ার মতো। ২০০৩ থেকে ২০১৮ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় এই সোলার হোম সিস্টেম কর্মসূচিতে ৪১ লাখের বেশি ইউনিট বসানো হয়, যার বেশির ভাগ গ্রাম ও চর এলাকায়।
কীভাবে এটা সম্ভব হলো? গ্রামের মানুষ যাতে কিনতে পারে, সেজন্য প্রতিটি প্যানেলের দাম কিছুটা কমিয়ে দিতে অনুদান দেওয়া হতো।
অনুদানের পরিমাণ খুব বেশি ছিল না। শুরুতে প্রতি ইউনিটে ৭০ ডলার দেওয়া হতো, পরে ধাপে ধাপে তা কমে ২০ ডলারে নামে। বাজার তৈরি হয়ে যাওয়ার পর অনুদান আর লাগেনি।
মজার বিষয় হলো, সেই কর্মসূচিতেও ঋণ ছিল বেশি। ইডকলের প্রায় ৬৯ কোটি ৬০ লাখ ডলারের বিনিয়োগের মধ্যে ৬০ কোটি ডলার ছিল ঋণ, আর অনুদান ছিল ৯ কোটি ৬০ লাখ ডলার।
তাহলে পার্থক্য কোথায়? বিশ্লেষকরা বলছেন, পার্থক্য ছিল পরিকল্পনায়। অল্প অনুদান দেওয়া হয়েছিল ঠিক সেই জায়গায়, যেখানে সেটি সাধারণ মানুষের খরচ কমিয়েছে এবং বাজার চালু করেছে।
দুর্যোগে কিস্তি থামানোর উপায়
সমাধানের আরেকটি উদাহরণ আছে ক্যারিবীয় সাগরের ছোট দ্বীপদেশ গ্রেনাডায়।
২০২৪ সালের জুলাইয়ে হারিকেন বেরিল দেশটিতে আঘাত হানে। প্রধানমন্ত্রীর হিসাবে, ক্ষতির পরিমাণ ছিল দেশটির এক বছরের অর্থনৈতিক উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ।
এরপর গ্রেনাডা এমন একটি পদক্ষেপ নেয়, যা আগে কোনো দেশ নেয়নি। সরকারি বন্ডে থাকা ‘হারিকেন ধারা’ ব্যবহার করে তারা ঋণের কিস্তি দেওয়া স্থগিত করে। বড় প্রাকৃতিক দুর্যোগের পর কিস্তি পিছিয়ে দেওয়ার সুযোগ দেয় এই ধারা।
এতে সামনের নভেম্বর ও মে মাসের প্রায় তিন কোটি ডলারের কিস্তি পিছিয়ে যায়। ঋণ মাফ হয়নি, তবে সেই টাকা পুনর্গঠন, স্বাস্থ্য ও শিক্ষার মতো জরুরি কাজে খরচ করার সুযোগ পায় সরকার।
বিশ্বব্যাংকও এর আগের বছর এ ধরনের জলবায়ু-সহনশীল ঋণ ধারার আওতা বাড়িয়েছে।
বাংলাদেশের উপকূলে প্রায় প্রতিবছরই ঘূর্ণিঝড় আঘাত হানে। তাই নতুন ঋণচুক্তিতে এমন ধারা রাখা যায় কি না, সেই প্রশ্ন এখন উঠছে।
দেশের ভেতরে কী করা যায়?
চেঞ্জ ইনিশিয়েটিভ নবায়নযোগ্য জ্বালানির জন্য আলাদা একটি তহবিল গঠনের প্রস্তাব দিয়েছে। ২০২৭ সালের মাঝামাঝি এই তহবিল চালুর কথা বলা হয়েছে, যা পরিচালনা করবে ইডকল, আর গ্রামভিত্তিক প্রকল্পে সহায়তা দেবে পিকেএসএফ।
এই তহবিলের ঋণমুক্ত অংশে বিদ্যুৎ ও এলএনজি খাতের ভর্তুকির অন্তত ৫ শতাংশ সরিয়ে আনার সুপারিশও করা হয়েছে, ২০২৭-২৮ অর্থবছর থেকে।
ব্যাংকগুলোও ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এক কর্মকর্তা। টেকসই অর্থায়ন বিভাগের সাবেক পরিচালক খন্দকার মোর্শেদ মিল্লাত বলেছেন, ব্যাংকগুলোর মোট ঋণের অন্তত দেড় শতাংশ নবায়নযোগ্য জ্বালানিতে দেওয়া উচিত।
নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি ড. মোয়াজ্জেম হোসেন বলছেন, অনুদান না পাওয়া গেলে যৌথ বিনিয়োগ ভালো বিকল্প, কারণ এতে দেশের ঋণ বাড়ে না। তাঁর মতে, কম সুদের ঋণে নবায়নযোগ্য জ্বালানি গড়াও আমদানি করা তেল-গ্যাসের ওপর নির্ভর করে থাকার চেয়ে ভালো।
সম্মেলনে বাংলাদেশ কী চাইছে?
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু তুরস্ক যাওয়ার আগে সংবাদ সম্মেলনে বলেছেন, কপ৩১-এ বাংলাদেশ অনুদানভিত্তিক অর্থায়নের ওপর জোর দেবে।
বিশেষ করে ঋণের বোঝা না বাড়িয়ে জলবায়ু অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় অনুদান বাড়ানো এবং জলবায়ু তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হবে।
পরিবেশকর্মীরা সতর্ক করছেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার পর বাংলাদেশের জন্য ন্যায্য জলবায়ু অর্থায়ন পাওয়া আরও কঠিন হবে।
জাকির হোসেন খানের ভাষায়, “সহায়তা আসা উচিত জলবায়ু-ঝুঁকি দেখে, আয়ের শ্রেণি দেখে নয়। জলবায়ু অর্থায়ন দান নয়, এটা দায়িত্ব।”





আপনার মতামত লিখুন