খুঁজুন
, ,
রবিবার, ৮ই নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

দারিদ্র্য বিমোচনে সমবায় আন্দোলন শক্তিশালী করার আহ্বান

দারিদ্র্য বিমোচনে সমবায় আন্দোলন শক্তিশালী করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর ২০২৬, ১৭:৫৭

অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

রোববার (৮ নভেম্বর) সকালে চট্টগ্রামের ফটিকছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সরোয়ার আলমগীর তাঁর বক্তব্যে জানান, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম।

তিনি উল্লেখ করেন, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষকে সংগঠিত করে একটি আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

এ সময় তিনি তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়ার অভিপ্রায়ে সমবায় নিয়ে ঘোষিত এই প্রতিপাদ্যের পুনরুল্লেখ করেন।

ফটিকছড়ি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবদুল শহিদ ভূঞাঁ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহানারা মমতাজ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পল্লবী খাস্তগীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, কৃষক দলের সভাপতি নাজিম উদ্দিন শাহীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহির আজম চৌধুরী এবং বিএনপি নেতা বজল আহমদ।

এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা প্রকৌশলী জুনাইদ আবছার এবং সহকারী সমবায় কর্মকর্তা মো. আবদুল মন্নান ও জেবল হোসেন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলার ‘সৃষ্টি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’র সভাপতি রাজশ্রী বড়ুয়া এবং ‘এলিট তকিরহাট শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড’-এর সভাপতি অর্জুন নাথ।

অনুষ্ঠানে বক্তারা জানান, সমবায়ের মূল লক্ষ্য হচ্ছে সম্মিলিত উদ্যোগে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা।

এই লক্ষ্য বাস্তবায়নে সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও নিষ্ঠার সঙ্গে কার্যক্রম পরিচালনার ওপর জোর দেন বক্তারা।

এর আগে সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

আয়োজিত এই কর্মসূচিতে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও