সমবায়কে শুধু সঞ্চয়ে সীমাবদ্ধ না রাখার আহ্বান

সমবায় সমিতিগুলোকে শুধু সঞ্চয় ও ঋণ কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে উৎপাদন, বিপণন ও উদ্যোক্তা উন্নয়নে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন বক্তারা।
রোববার (৮ নভেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়।
‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয় যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উপলক্ষে এদিন জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব বলে তাঁরা মত প্রকাশ করেন।
বক্তারা জানান, কৃষি, মৎস্য, ক্ষুদ্র ব্যবসা ও হস্তশিল্পের প্রসারে সমবায় সমিতিগুলো অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।
এ ছাড়া সমবায় খাতের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ওপর তাঁরা জোর দেন।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলি নোশিন প্রত্যাশা এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসেন পলাশের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথ এবং যুব উন্নয়ন কর্মকর্তা শামসুদ্দিন।
এ ছাড়া মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌসুমী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হোসাইন এবং পৌরসভা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শাহ আলম সভায় বক্তব্য দেন।
সাতকানিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বি. এম. আসিক বিন আজাদ, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন এবং সাধারণ সম্পাদক মোরশেদ আলম অনুষ্ঠানে বক্তব্য দেন।
আলোচনা সভায় সোনাইছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মো. শামসুল ইসলাম এবং মির্জারখীল দরবার শরীফ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অর্থ সম্পাদক সেলিম উল্লাহ উপস্থিত ছিলেন।
পাশাপাশি আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সমবায় সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।





আপনার মতামত লিখুন