খুঁজুন
, ,
মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

পটিয়ায় দুই অটোরিকশার সংঘর্ষের পর আগুন, আহত ৪

পটিয়ায় দুই অটোরিকশার সংঘর্ষের পর আগুন, আহত ৪
নিজস্ব প্রতিবেদক
৯ নভেম্বর ২০২৬, ১৯:৩২

পটিয়ায় দুই অটোরিকশার সংঘর্ষের পর আগুন, আহত ৪
চট্টগ্রামের পটিয়ায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর একটি সিএনজি আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় সিএনজিতে থাকা একজন নারী ইউপি সদস্য ও চালকসহ অন্তত চারজন আহত হয়েছেন।

সোমবার বেলা ১২টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট ভবনের উত্তর পাশে বেপারিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাশের উপজেলা বোয়ালখালী থেকে একটি সিএনজি পটিয়া থানার মোড়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বোয়ালখালীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর সিএনজির গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় দ্রুত নামতে গিয়ে সিএনজিতে থাকা যাত্রী ইউপি সদস্য ইরিন সুলতানার এক পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ইরিন সুলতানাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, আহত ইরিন সুলতানা বোয়ালখালী উপজেলার একজন ইউপি সদস্য। তিনি ব্যক্তিগত কাজে পটিয়া যাচ্ছিলেন।

ইশতিয়াক আহমদ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সংঘর্ষের পরপরই সিএনজিতে আগুন ধরে যায়। সিএনজি চালক মাদকাসক্ত ছিলেন বলেও প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেষ চক্রবর্তী জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সিএনজিটি সম্পূর্ণ পুড়ে যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও