মিরসরাইয়ে গৃহায়নের প্লট
টাকা দিয়েও ১১ বছর প্লটের অপেক্ষায় গ্রাহকেরা

সারা জীবনের সঞ্চয় আর পেনশনের টাকা দিয়ে এক টুকরো জমি কিনেছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজুর কাদের চৌধুরী। স্বপ্ন ছিল, শেষ বয়সে সেখানে ছোট্ট একটি ঘর তুলবেন।
২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে কয়েক কিস্তিতে তিন কাঠার একটি প্লটের জন্য তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষকে দিয়েছেন ২১ লাখ টাকা। হাতে আছে রসিদসহ সব কাগজপত্র। নেই শুধু প্লটটি।
“এক টুকরো ঘর করার স্বপ্নটা এখন দুঃস্বপ্নের মতো লাগে,” বললেন মনজুর কাদের।
তিনি একা নন। মিরসরাইয়ে গৃহায়ন কর্তৃপক্ষের কিছমত জাফরাবাদ আবাসন প্রকল্পে প্লট কিনে একই অপেক্ষায় দিন গুনছেন প্রবাসী, শিক্ষক, চাকরিজীবীসহ অনেকে। প্রকল্পের পরিকল্পনা হয়েছিল ১১ বছর আগে। আজও মাটি ভরাট শেষ হয়নি। গড়ে ওঠেনি দৃশ্যমান কোনো অবকাঠামো।
১১ বছরে যা হওয়ার কথা ছিল
২০১৫ সালের জুলাইয়ে মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ এলাকায় প্রকল্পটির পরিকল্পনা নেয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এখানে ২৭৬টি প্লট বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়।
প্লটগুলোর আয়তন তিন ও পাঁচ কাঠা। প্রতি কাঠার দাম ধরা হয় ৭ লাখ ৭ হাজার টাকা। সেই হিসাবে তিন কাঠার প্লটের দাম ২১ লাখ ২১ হাজার টাকা, পাঁচ কাঠার প্লটের ৩৫ লাখ ৩৫ হাজার টাকা।
প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৪২ কোটি ৩৭ লাখ ২১ হাজার টাকা।
গ্রাহকদের বেশির ভাগই কিস্তিতে পুরো টাকা পরিশোধ করেছেন। কিন্তু প্লট বুঝে পাননি কেউ।
প্রবেশমুখে ময়লার ভাগাড়
সরেজমিনে দেখা যায়, প্রকল্পের প্রবেশমুখেই তৈরি হয়েছে ময়লার ভাগাড়। দুর্গন্ধে পথ চলা দায়।
ভেতরে সামান্য মাটি ফেলা হয়েছে, তবে তাতে প্রকল্পের কোনো চেহারা বোঝা যায় না। এখানে-সেখানে পড়ে আছে কিছু বালুর স্তূপ। দেখে মনে হয়, কেউ বিক্রির জন্য রেখেছে।
যে মাটি ভরাট দিয়ে প্রকল্পের যাত্রা শুরুর কথা, সেখানেই উঠেছে দুর্নীতির অভিযোগ। মাটি ভরাটের কাজে ৪৮ লাখ ৭৭ হাজার ৮৯৪ টাকা আত্মসাতের অভিযোগে ২০২৫ সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগ রয়েছে, গৃহায়ন কর্তৃপক্ষের প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশে মাটি ভরাট না করেই ভুয়া বিল-ভাউচার দেখিয়ে টাকা তুলে নেওয়া হয়।
গ্রাহকদের দীর্ঘশ্বাস
কুয়েতপ্রবাসী মো. ফরহাদ হোসেন এরশাদ প্লট বুকিং দিয়েছিলেন ১০ বছর আগে। প্রথম কিস্তিতে ৮ লাখ, পরের দুই কিস্তিতে আরও ৮ লাখ, মোট ১৬ লাখ টাকা জমা দিয়েছেন।
“এখনো কোনো কাজই হয়নি। কখন উন্নয়নকাজ হবে, কিছুই বুঝতে পারছি না,” বললেন তিনি।
গ্রাহক আবুল হাসনাত ও জামাল উদ্দিনও হতাশ। তাঁদের ভাষায়, ১০ বছর পার হয়ে গেলেও প্রকল্পের নকশা কিংবা অবকাঠামো, কিছুই হয়নি। তাঁদের অনেক আত্মীয় ও পরিচিতজনও এখানে প্লট বুকিং দিয়েছেন।
মো. রফিকুল ইসলাম ২০১৯ সালের জুনে প্রথম কিস্তিতে জমা দেন ৮ লাখ ৫০ হাজার টাকা। “কয়েকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছি। কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ,” বললেন তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আজিজুল হক নিজামী জানান, অনেক শিক্ষক ঋণ নিয়ে প্লট বুকিং দিয়েছেন। রাশেদা আক্তার, জিনাত আরা, মফিজুর রহমান, কামরুন নাহারসহ অনেকে গৃহায়ন কর্তৃপক্ষের দপ্তরে ধরনা দিতে দিতে এখন ক্লান্ত।
দরপত্রে সাড়া মেলেনি
দীর্ঘ স্থবিরতার পর চলতি বছরের এপ্রিলে প্রকল্পে প্রায় ১৮ কোটি টাকার উন্নয়নকাজের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। কিন্তু সেই উদ্যোগও আটকে গেছে দরপত্রে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বে থাকা উপবিভাগীয় প্রকৌশলী আমিনুর রহমান বলেন, এপ্রিলে মাটি ভরাটসহ বিভিন্ন উন্নয়নকাজের দরপত্র দেওয়া হয়েছিল। কিন্তু দরপত্রে ধরা মালামালের দামের সঙ্গে বর্তমান বাজারদর সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় কেউ অংশ নেয়নি।
তিনি জানান, নতুন করে সময়োপযোগী দরপত্রের প্রস্তাব প্রক্রিয়াধীন। “আশা করছি এ বছরের মধ্যে মাটি ভরাট শেষ হবে। আগামী বছরের মধ্যে প্লট মালিকদের সব প্লট বুঝিয়ে দিতে পারব।”
মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেন, প্রকল্পটি কেন এত দিন পড়ে আছে, তা তাঁর জানা নেই। প্লট বরাদ্দ, ভূমি উন্নয়ন বা প্রক্রিয়ায় নিয়মের কোনো ব্যত্যয় হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নেবে। তিনি আশা করেন, কর্তৃপক্ষ দ্রুত গ্রাহকদের প্লট বুঝিয়ে দেবে।
প্রতিশ্রুতির কথা গ্রাহকেরা আগেও শুনেছেন। এক দশকের অপেক্ষায় তাঁদের হাতে জমেছে শুধু কিস্তির রসিদ আর দপ্তরে পাঠানো চিঠির কপি।





আপনার মতামত লিখুন