খুঁজুন
, ,
মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

রোজি হত্যা: পরিচয় গোপন করে ওমানে ২২ বছর, অবশেষে গ্রেপ্তার

রোজি হত্যা: পরিচয় গোপন করে ওমানে ২২ বছর, অবশেষে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৬, ১৫:০১

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঞ্চল্যকর রোজি আকতার সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে দীর্ঘ ২২ বছর পর গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া মো. নাছির (৪৮) নিজের নাম পরিবর্তন করে মো. আজম পরিচয়ে ওমানে আত্মগোপন করেছিলেন।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই ইউনিয়নের নয়াহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭ এর একটি আভিযানিক দল।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এসআরবির সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মো. নাছির ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার আমির হোসেনের ছেলে।

চট্টগ্রাম এসআরবি-৭ সূত্র জানায়, ২০০৪ সালে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়েরের পর গ্রেপ্তার এড়াতে ওমানে পালিয়ে যান মো. নাছির।

সেখানে প্রকৃত পরিচয় গোপন করে মো. আজম পরিচয়ে দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন তিনি।

সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭ জানতে পারে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এই আসামি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় অবস্থান করছেন।

এরপর সোমবার দিবাগত রাতে নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

২০০৪ সালের ১৬ মে ফটিকছড়িতে রোজী আকতারের মৃতদেহ তাঁর বাড়ির পাশের একটি গাছের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছিল।

প্রাথমিকভাবে ওই ঘটনায় ফটিকছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

পরে ময়নাতদন্তের প্রতিবেদনে চিকিৎসক নিশ্চিত করেন যে, রোজী আকতারকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

ওই প্রতিবেদনের ভিত্তিতে এবং নিহত রোজী আকতারের বড় ভাই মো. আবু তাহেরের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০০৪ সালের ২ জুলাই ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৩)/৩০ ধারায় মামলাটি রুজু করা হয়।

মামলার তদন্তে বেরিয়ে আসে, প্রতিবেশী আবদুল মান্নান প্রায়ই রোজী আকতারকে উত্ত্যক্ত করতেন।

তাঁর বিয়ের প্রস্তাব রোজীর পরিবার প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ ছিলেন আবদুল মান্নান।

২০০৪ সালের ১৫ মে রাত আনুমানিক ৯টার দিকে রোজী প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে আবদুল মান্নান ও মো. নাছির তাঁকে জোরপূর্বক মান্নানের দোকানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

ধর্ষণের পর রোজীকে বাড়িতে পৌঁছে দেওয়ার পথে অপর দুই আসামি আবু বক্কর ও নুরুল ইসলামের সঙ্গে তাঁদের দেখা হয়।

এ সময় রোজী বাড়িতে যেতে চাইলে আবদুল মান্নান ও মো. নাছির তাঁকে পুনরায় ধর্ষণ করে এবং মুখ চেপে শ্বাসরোধে হত্যা করে।

পরে ঘটনাস্থলে উপস্থিত অপর দুই আসামি আবু বক্কর ও নুরুল ইসলামের সহায়তায় রোজী আকতারের মৃতদেহ তাঁর বসতবাড়ির গাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও