নোহা গাড়িতে মিলল ৮ হাজার ইয়াবা, লোহাগাড়ায় আটক ৪

চট্টগ্রামের লোহাগাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে একটি নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আটকদের মধ্যে একজন নারী রয়েছেন এবং এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মাঈন উদ্দিন ও পুলিশ সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার সোনাপুর এলাকার মিজানুর রহমানের ছেলে ও নোহা গাড়ির চালক শাকিল (২৬)।
ব্রাহ্মণপাড়া উপজেলার তেতভূমি এলাকার রানু মিয়ার ছেলে সজীব (২৮) এবং চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার কুচাইতলী এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. খোকন ইসলাম (২৯)।
এ ছাড়া টাঙ্গাইলের মধুপুর উপজেলার আশ্রা এলাকার আবদুল কুদ্দুছের মেয়ে সুমা খাতুনকেও (২১) আটক করা হয়েছে।
ওসি মোহাম্মদ আবদুল্লাহ জানান, গাড়িটি থামিয়ে তল্লাশি করার সময় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক পাচারের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।





আপনার মতামত লিখুন