সীতাকুণ্ডে দরপত্রের খোঁজ নিতে গিয়ে ঠিকাদাররা কারাগারে

চট্টগ্রামের সীতাকুণ্ডে দরপত্রের কাজের খোঁজ নিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তিন ঠিকাদার।
নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের অনুসারী আখ্যা দিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের পুলিশের হাতে তুলে দিয়েছেন।
পরবর্তীতে লিফলেট বিতরণের অভিযোগে মঙ্গলবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় ও ফকিরহাট এলাকায় এই ঘটনা ঘটে।
আটক তিন ঠিকাদার হলেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নুরুল আবছারের ছেলে রিফাত এবং নুরুল হকের ছেলে নুরুল ইসলাম।
এ ছাড়া ফটিকছড়ির ভূজপুর এলাকার আহম্মদ গণির ছেলে আবু জাফরকেও আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিভিন্ন উন্নয়নকাজের দরপত্রে অংশ নিয়ে ওই তিন ঠিকাদার কয়েকটি কাজ পান।
এসব কাজের অগ্রগতি ও তদারকির বিষয়ে খোঁজ নিতে তাঁরা উপজেলা এলজিইডি কার্যালয়ে গিয়েছিলেন।
এ সময় ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী তাঁদের আওয়ামী লীগের অনুসারী আখ্যা দিয়ে ঘিরে ধরেন।
একপর্যায়ে তাঁদের মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর সহায়তায় তাঁদের আটক করা হয়েছে।
অন্যদিকে, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, আটক তিন ঠিকাদার নিষিদ্ধঘোষিত ফ্যাসিস্ট সরকারের অনুসারী ও দোসর।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করেছে বলে তিনি দাবি করেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম আদালতের মাধ্যমে ওই তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি উল্লেখ করেন।





আপনার মতামত লিখুন