হাটহাজারীতে মন্দিরের তালা ভেঙে চুরি, থানায় অভিযোগ

চট্টগ্রামের হাটহাজারীতে সীমানাপ্রাচীর ও কলাপসিবল গেটের তালা ভেঙে একটি কালী মন্দিরের দানবাক্সের টাকা ও প্রতিমার গলার স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে হাটহাজারী থানাধীন চৌধুরীহাট বাজারের শ্মশানেশ্বরী কালী মন্দিরে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার রাত ১০টার দিকে পুরোহিত প্রতিদিনের মতো মন্দিরের সব দরজা-জানালা বন্ধ করে চলে যান।
পরে মঙ্গলবার সকালে মন্দিরের তত্ত্বাবধানকারী রতন এসে চুরির ঘটনা বুঝতে পারেন এবং বিষয়টি মন্দির পরিচালনা কমিটিকে অবহিত করেন।
দুর্বৃত্তরা প্রথমে মন্দিরের সীমানাপ্রাচীরের মূল গেটের তালা ভাঙে।
এরপর কালী মায়ের মন্দিরের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং চারটি দানবাক্স ভেঙে টাকা ও প্রতিমার গলার স্বর্ণালংকার লুট করে।
গত রোববার কালীপূজা অনুষ্ঠিত হওয়ায় মন্দিরের দানবাক্সগুলোতে ভক্তদের দেওয়া বিপুল পরিমাণ টাকা জমা ছিল বলে মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি দুর্গাপদ নাথ জানান, এই চুরির ঘটনায় মঙ্গলবার হাটহাজারী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমানের ব্যবহৃত মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর হাটহাজারী উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত মির্জাপুর গৌতমাশ্রম বিহারেও চুরির ঘটনা ঘটেছিল।
ওই দিন রাতে সীমানাপ্রাচীর টপকে চোরেরা ২৮ বুদ্ধের কক্ষের তালা ভেঙে ভেতরে ঢোকে এবং তিনটি দানবাক্সের সব টাকা চুরি করে নিয়ে যায়।





আপনার মতামত লিখুন