খুঁজুন
, ,
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

মহাসড়কে বিকট শব্দে গাড়ি থামালেই ছিনতাই, সতর্কতামূলক লিফলেট

মহাসড়কে বিকট শব্দে গাড়ি থামালেই ছিনতাই, সতর্কতামূলক লিফলেট
নিজস্ব প্রতিবেদক
মিরসরাই · ১২ নভেম্বর ২০২৬, ১৮:০৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত গাড়িতে বিকট শব্দ সৃষ্টি করে ছিনতাইয়ের নতুন কৌশল নিয়েছে দুর্বৃত্তরা।

এই অপরাধ প্রতিরোধে এবং চালকদের সতর্ক করতে প্রচারপত্র বা লিফলেট বিতরণ করেছে মিরসরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন এই বিশেষ লিফলেট বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন।

লিফলেটে উল্লেখ করা হয়েছে, ছিনতাইকারী চক্র রাতের যেকোনো সময় হাইওয়েতে কৌশলে গাড়ি থামাতে ভারী বস্তু ছুঁড়ে বিকট শব্দ সৃষ্টি করে।

এতে টায়ার পাংচার হয়েছে মনে করে যত্রতত্র গাড়ি না থামানোর জন্য চালকদের সতর্ক করা হয়েছে।

অপরিচিত স্থানে রাস্তার পাশে গাছের ডাল, পাথর কিংবা কোনো প্রতিবন্ধকতা দেখলে গাড়ি না থামানোর পরামর্শ দেওয়া হয়েছে।

অপরিচিত কেউ হাত দেখালে গাড়ি না থামিয়ে প্রয়োজনে গতি বাড়িয়ে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।

গাড়িতে ওঠার পরপরই সব দরজা ও জানালা ভালোভাবে বন্ধ রাখতে এবং যানজট বা সিগন্যালে দাঁড়ালে জানালার কাচ না নামাতেও বলা হয়েছে।

রাতের বেলায় যাত্রাবিরতির ক্ষেত্রে নির্জন পেট্রোল পাম্পের পরিবর্তে জনবহুল ও আলোকিত হাইওয়ে রেস্তোরাঁ কিংবা পুলিশ চেকপোস্টের কাছাকাছি অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাস বা যাত্রাপথে অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো খাবার কিংবা পানীয় গ্রহণ করা থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।

চালকদের ট্রাফিক সিগন্যাল মেনে চলা, মোবাইল ফোনে কথা না বলা, গতি নিয়ন্ত্রণে রাখা এবং ওভারটেকিংয়ে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা, মাদকাসক্ত বা ঘুমের ঘোরে গাড়ি না চালানো এবং নির্ধারিত স্থান ছাড়া পার্কিং না করার পরামর্শ দেওয়া হয়েছে লিফলেটে।

মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কে হেলমেট ব্যবহার, নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা এবং তিনজন আরোহী নিয়ে চলাচল থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ওসি ফরিদা ইয়াসমিন জানান, চালকেরা বিকট শব্দে নির্জন স্থানে গাড়ি থামালে দুর্বৃত্তরা সেই সুযোগ কাজে লাগিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে।

এ ধরনের ঘটনা প্রতিরোধে মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের টহলের দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নিরাপদ ও জনবহুল স্থানে গিয়ে গাড়ির অবস্থা যাচাই করতে এবং কোনো সন্দেহজনক ঘটনা দেখলে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছেন ওসি ফরিদা ইয়াসমিন।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও