খুঁজুন
, ,
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা ও মদসহ গ্রেপ্তার ৯

মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা ও মদসহ গ্রেপ্তার ৯
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৬, ২২:৫৩

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১২ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

এসব অভিযানে দুই মাদক কারবারিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন মাদকসেবী রয়েছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই চার মাদকসেবীকে এক থেকে সাত দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজা শেষে বৃহস্পতিবার সকালে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

এ ছাড়া পূর্বের রাজনৈতিক মামলায় একজন, জিআর পরোয়ানাভুক্ত একজন এবং ফৌজদারি কার্যবিধি আইনে অপর একজনকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারি হলেন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার মৃত উগ্য মারমার ছেলে আপ্রু মারমা (৩০) এবং মহালছড়ি থানার সুমিত রঞ্জন চাকমার ছেলে নিটো চাকমা (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান চালানো হয়।

সেখানে আলেয়া বেগমের ভাড়াটিয়া কামরুলের ঘরের সামনে থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মো. জাহিদ হোসেন (২৭) পালিয়ে যান।

অপর এক অভিযানে করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজারের সামনে থেকে ১২ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আপ্রু মারমা ও নিটো চাকমাকে গ্রেপ্তার করা হয়।

মাদক উদ্ধারের ঘটনায় পলাতক জাহিদ এবং গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও