খুঁজুন
, ,
শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

জেলার শ্রেষ্ঠ ওসি জুনায়েত, আনোয়ারায় কতটা ফিরল স্বস্তি?

জেলার শ্রেষ্ঠ ওসি জুনায়েত, আনোয়ারায় কতটা ফিরল স্বস্তি?
১২ নভেম্বর ২০২৬, ২০:০৯

চট্টগ্রামের শিল্পাঞ্চল ও উপকূলীয় উপজেলা আনোয়ারায় গত কয়েক মাসে পুলিশের অভিযান বেড়েছে। যাঁরা গ্রেপ্তার হয়েছেন, তাঁদের মধ্যে আছেন অস্ত্র হাতে ভিডিওতে আলোচিত এক যুবক, একাধিক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব অভিযানের নেতৃত্বে আছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী। জুলাই মাসের কর্মদক্ষতার ভিত্তিতে তিনি চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান মূল্যায়ন করে তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। গত ১৭ আগস্ট জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে মাসিক কল্যাণ সভা হয়। সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী তাঁর হাতে পুরস্কার তুলে দেন। সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

সড়কে টায়ারে আগুন, পরে গ্রেপ্তার

গত মঙ্গলবার ভোর ছয়টার দিকে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের শোলকাটা এলাকায় মুখোশ ও হেলমেট পরা কয়েকজন সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পুলিশ জানায়, তাঁরা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। পুলিশ পৌঁছানোর আগেই তাঁরা সরে যাওয়ায় তখন কাউকে আটক করা যায়নি।

পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। আরেকটি অভিযানে ভাংবাড়িয়া এলাকার একটি চায়ের দোকান থেকে নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করা হয়।

পিএবি সড়কে এর আগেও কয়েক দফা ঝটিকা মিছিল হয়েছে। একবার বরুমছড়া রাস্তার মাথা এলাকা থেকে যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতির অভিযোগে একসঙ্গে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় ৫৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা হয়।

চাতরী চৌমুহনী বাজারের ব্যবসায়ী নাজিম উদ্দীন বলেন, “সড়কে টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা হয়েছিল। এরপর অভিযান চালিয়ে যেভাবে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে, তাতে আমরা ব্যবসায়ীরা আশ্বস্ত হয়েছি।”

একই বাজারের ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, “আগে সন্ধ্যার পর দোকান খোলা রাখতে আতঙ্ক কাজ করত। এখন গভীর রাত পর্যন্ত টহল থাকায় নিরাপদে ব্যবসা করতে পারছি।”

অস্ত্র হাতে ভিডিওতে আলোচিত মো. শিবলু ওরফে “বুলেট শিবলু”কে (২৮) গত ৬ অক্টোবর ভোরে গ্রেপ্তার করা হয়। হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়ায় তাঁর শ্বশুরবাড়ি থেকে তাঁকে ধরা হয়। গত বছরের ২৮ ফেব্রুয়ারি অস্ত্র হাতে তাঁর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে নগরের ষোলশহরে শিক্ষার্থীদের সমাবেশে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় একটি হত্যাচেষ্টা মামলা হয়েছিল। শিবলু সেই মামলারও আসামি। তবে ওসি জানিয়েছেন, গ্রেপ্তারের সময় তাঁর কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি।

এর আগে গত ফেব্রুয়ারিতে চাতরী ইউনিয়নের কৈনপুরা থেকে আব্দুল করিমকে (৩৭) গ্রেপ্তার করে পুলিশ। আন্তঃজেলা গরু চুরি, ডাকাতি ও মাদকসহ নয়টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আনোয়ারা ছাড়াও মীরসরাই, ফটিকছড়ি, কর্ণফুলী, ময়মনসিংহের ত্রিশাল ও কুমিল্লার চান্দিনা থানায় তাঁর বিরুদ্ধে মামলা আছে। পুলিশ আরও জানায়, জুলাইয়ে জোড়া খুনের মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। দেশীয় অস্ত্র ও চোলাই মদও উদ্ধার করা হয়েছে।

উপকূলীয় পথে মাদক আসার অভিযোগ এলাকায় পুরোনো। ওসি জানিয়েছেন, মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরির কাজ চলছে। আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসানও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলেছেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ও আনোয়ারার বাসিন্দা অ্যাডভোকেট মোহাম্মদ ছালেহ বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের পেশাদারিত্ব সবচেয়ে জরুরি। সাম্প্রতিক সময়ে সড়কে নাশকতার চেষ্টা ঠেকানো, দুর্ধর্ষ আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে যে দ্রুততা দেখা গেছে, তা আইনি প্রক্রিয়াকেও এগিয়ে নিচ্ছে। অপরাধীরা আইনের আওতায় আসায় ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে মানুষের আস্থা বেড়েছে।”

পুলিশের এই তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারাও। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, “আনোয়ারার মানুষ দীর্ঘদিন সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের অত্যাচারে অতিষ্ঠ ছিল। একটি জনপদের উন্নয়নের প্রধান শর্ত স্থিতিশীল আইনশৃঙ্খলা। বর্তমান ওসি দায়িত্ব নেওয়ার পর থেকে নিরপেক্ষ ও কঠোর অবস্থান নিয়ে চিহ্নিত অপরাধীদের দমন করছেন। পুলিশের এমন পেশাদার ভূমিকা অব্যাহত থাকলে আনোয়ারা একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদে পরিণত হবে।”

আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার মো. আব্দুল গনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় আপস না করে অপরাধীদের আইনের আওতায় আনার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।”

নিজের কাজ প্রসঙ্গে ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আসতে হবে। এই অর্জন আমার একার নয়, থানার প্রতিটি সদস্যের পরিশ্রম আর মানুষের সহযোগিতার ফল।”

তবে কিছু প্রশ্নের উত্তর এখনো মেলেনি। শোলকাটায় ভিডিওতে যাঁদের দেখা গেছে, তাঁদের সবাই ধরা পড়েছেন কি না, পুলিশ তা নিশ্চিত করেনি। স্থানীয় সূত্রের দাবি, শিবলুর মতো যুবকেরা রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় কিশোর গ্যাং গড়ে তুলেছিলেন। সেই পৃষ্ঠপোষকদের কেউ এখনো আইনের আওতায় আসেননি।

বটতলী এলাকার প্রবীণ শিক্ষক ও সমাজসেবক জালাল উদ্দীন বলেন, “মাদক, কিশোর গ্যাং আর নাশকতাকারীদের উৎপাতে সাধারণ মানুষ ও অভিভাবকেরা দুশ্চিন্তায় ছিলেন। পুলিশ সরাসরি মাঠে নেমে অপরাধীদের ধরায় মানুষের কাছে পুলিশের হারানো আস্থা আবার ফিরে আসছে।”

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও