পটিয়ায় মেজবানে যাওয়ার পথে লেগুনা উল্টে আহত ১৪

চট্টগ্রামের পটিয়ায় মেজবানে যাওয়ার পথে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা উল্টে নারী ও শিশুসহ একই পরিবারের ১৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মডেল মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনসা মুন্সির বাড়ি এলাকা থেকে গিয়াস উদ্দিনের পরিবারের সদস্যরা একটি লেগুনায় করে মেজবানে যাচ্ছিলেন।
চন্দনাইশের রওশনহাট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে মেজবান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁদের।
পথে পটিয়া মডেল মসজিদের সামনে পৌঁছালে দ্রুতগতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে গাড়িতে থাকা নারী ও শিশুসহ ১৪ জন যাত্রী আহত হন।
আহতরা হলেন সামিয়া (১৮), রনি (১২), সাদেক (২৪), হৃদয় (২০), সিফাত (২৫), বোরহান (৪০), গিয়াস উদ্দিন (৪৫) এবং আবদুর রহিম (৪৫)।
এ ছাড়া সাদিকা (৬), আনোয়ারা খাতুন (৬০), খাইরুন্নেয়সা (৩৫), তানিয়া সুলতানা (১৮), রুবি আক্তার (৩০) ও ইরফান (১৮) আহত হয়েছেন।
আহতদের সবার বাড়ি পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামে।
বর্তমানে আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তারেকুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়েছে এবং তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ায় থানা পুলিশের কোনো দল সেখানে যায়নি বলে তিনি উল্লেখ করেন।
তবে পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ওমর ফারুক জানান, সড়ক দুর্ঘটনার খবর তিনি শুনেছেন।
কিন্তু এই দুর্ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে উল্লেখ করেন।





আপনার মতামত লিখুন