অল্প হাঁটায় রোমাঞ্চ, ঘুরে আসুন ছাগলকান্দা-মধুখাইয়া

পাহাড়ি ঝরনার লীলাভূমি চট্টগ্রামের মিরসরাই। ছোট-বড় মিলিয়ে এখানে প্রায় ডজনখানেক ঝরনা আছে।
এর বেশির ভাগই পর্যটকদের মুখে মুখে ফেরে। তবে দুটি ঝরনা এখনো অনেকটাই আড়ালে রয়ে গেছে। একটির নাম ছাগলকান্দা, অন্যটি মধুখাইয়া।
উপজেলার দক্ষিণে, রূপসী ঝরনার শেষ প্রান্তে এ দুটি ঝরনা লুকিয়ে আছে। শান্ত, নির্জন আর মায়াবী। সবুজ পাহাড়, আলো-আঁধারির খেলা আর বুনো ট্রেইল মিলে এখানে এক অন্যরকম রোমাঞ্চ অপেক্ষা করে।
সুখবর হলো, আশপাশের অনেক ঝরনার তুলনায় এখানে পৌঁছানো সহজ, পরিশ্রমও কম। অল্প কষ্টে প্রকৃতির কোলে একটা দারুণ অভিযান চাইলে এই দুটি ঝরনা হতে পারে আপনার পরের গন্তব্য।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে নেমে গ্রামের মেঠোপথ ধরে এগোলে পাহাড়ের পাদদেশে পৌঁছাবেন। সেখানে সবুজ গাছগাছালি যেন হাত বাড়িয়ে ডাকে। কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যাবেন পাহাড়ের ভাঁজে।
পথটি বড় কমলদহ ট্রেইল নামে পরিচিত। ২৫ থেকে ৩০ মিনিট হাঁটলেই দেখা মিলবে ঝরঝরি ঝরনার। ঝরনাধারাটি দেখতে চমৎকার।
এখান থেকে ঝিরিপথে না গিয়ে ঝরঝরির পাশ দিয়ে পাহাড় বেয়ে ওপরের দিকে উঠতে হবে। পথে চোখে পড়বে একের পর এক ক্যাসকেড। প্রতিটির সৌন্দর্য আলাদা। কোনো কোনোটিকে প্রথম দেখায় ঝরনা বলে ভুলও হতে পারে।
তারপর একসময় সামনে এসে দাঁড়াবে অপরূপ এক ঝরনা। এর নাম ছাগলকান্দা।
ঝরনাটি বেশ চওড়া। প্রায় ৪০ থেকে ৫০ ফুট উঁচু পাথুরে দেয়াল বেয়ে অবিরাম ঝরছে পানি। স্তরে স্তরে সাজানো কালচে পাথরের গা বেয়ে নামা সেই ধারায় ইচ্ছেমতো ভিজিয়ে নিতে পারেন শরীর।
ঝিরিপথ ধরে আরও কিছুটা এগোলে দেখা মিলবে দুধরাজ ঝরনার। এখানকার প্রতিটি ঝরনার নাম যেমন আলাদা, তেমনি আলাদা তাদের গড়নও।
এরপর শুরু মধুখাইয়ার পথ। এবার হাঁটতে হবে ঝিরির পানির ভেতর দিয়ে। পায়ের নিচে ছোট-বড় পাথরের সারি। চারপাশ নিস্তব্ধ।
কোথাও কোথাও দুই পাশের গাছের ডালপালা এমনভাবে জড়িয়ে আছে যে সূর্যের আলোও ভেতরে ঢোকার পথ পায় না। দিনের বেলাতেও তৈরি হয় আলো-আঁধারির লুকোচুরি। এই দিকে সাধারণ পর্যটকের আনাগোনা খুব কম।
হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে যাবেন মধুখাইয়ায়। ঝোপঝাড় আর জঙ্গলে ঘেরা গা ছমছমে পরিবেশ। পাথরের ভাঁজে ভাঁজে কলকল শব্দে গড়িয়ে পড়ছে পানি।
ঝরনার ওপরের ধাপে উঠতে হয় দড়ি বেয়ে। দ্বিতীয় ধাপে পৌঁছে বোঝা যায়, মধুখাইয়ার আসল সৌন্দর্য তার অবস্থানে। ওপর থেকে জঙ্গলের যে রূপ চোখে পড়ে, তা মুগ্ধ না করে পারে না।
নামের মানে যা-ই হোক, মধুখাইয়ায় যাওয়ার ট্রেইলটিই সবচেয়ে বড় আকর্ষণ।
প্রায় ৭০ থেকে ৮০ ফুট ওপর থেকে তীব্র বেগে নামছে পানি। ঝরনার আকৃতি অনেকটা ছুরির মতো। স্ফটিক স্বচ্ছ পানিতে নীলাভ আভা। নিচে প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে ছোট একটি জলাধার। তার শীতল পানিতে পা ডুবিয়ে বসলে সব ক্লান্তি যেন ধুয়ে যায়।
যাবেন যেভাবে
দেশের যেকোনো জায়গা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে চলা যেকোনো বাসে উঠে মিরসরাই ও সীতাকুণ্ডের সীমান্তবর্তী বড় দারোগারহাট বাজারে নামুন।
সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় বড় কমলদহ গ্রামের রেললাইন পার হয়ে পাহাড়ের পাদদেশ পর্যন্ত যাওয়া যায়। বাকি পথ হেঁটে। প্রথমবার গেলে অবশ্যই স্থানীয় গাইড সঙ্গে নিন।
থাকা-খাওয়া
ঝরনায় যাওয়ার পথে ছোট কয়েকটি ভাতের হোটেল আছে। ঝরনা এলাকা থেকে দুই কিলোমিটার উত্তরে ছোট কমলদহ বাজারে আছে নামকরা ড্রাইভার হোটেল, যা ২৪ ঘণ্টা খোলা থাকে।
রাতে থাকার জন্য মিরসরাইয়ের বড়তাকিয়া ও সীতাকুণ্ড সদরে বেশ কিছু আবাসিক হোটেল আছে। আরও ভালো মানের হোটেল চাইলে ৪০ থেকে ৫০ মিনিটের পথ পেরিয়ে চট্টগ্রাম শহরের একে খান বা অলংকার এলাকায় যেতে পারেন।
সাবধান থাকুন
পাহাড়ি ঝরনা দেখার অভিজ্ঞতা দারুণ, তবে ঝুঁকিও কম নয়। কয়েকটি বিষয় মেনে চললে ভ্রমণ হবে নিরাপদ।
পায়ে পরুন গ্রিপওয়ালা, পিছলে না যাওয়া জুতা। জামাকাপড় হোক হালকা, দ্রুত শুকায় এমন। সুতির কাপড় ভিজলে ভারী হয়ে যায়।
মৌসুম বুঝে যান। বর্ষায় ঝরনায় পানি বেশি থাকে, সৌন্দর্যও বেশি। কিন্তু পথ তখন পিচ্ছিল, ঝুঁকিও বেশি। শুষ্ক মৌসুমে পানি কম থাকলেও পথ তুলনামূলক নিরাপদ।
ঝরনার আশপাশের পাথর সব সময় ভেজা ও পিচ্ছিল থাকে। পা ফেলুন খুব সাবধানে।
ঝরনার নিচে বা অচেনা জলাধারে ঝাঁপ দেবেন না। পানির গভীরতা বোঝা কঠিন, নিচে পাথরও থাকতে পারে।
একা যাবেন না, দল বেঁধে যান। কেউ বিপদে পড়লে অন্যরা পাশে দাঁড়াতে পারবেন।
পথে দোকান না-ও মিলতে পারে। তাই শুকনো খাবার আর বিশুদ্ধ পানি সঙ্গে রাখুন। সঙ্গে রাখুন পাওয়ার ব্যাংক বা পুরো চার্জ দেওয়া মোবাইল। ছোটখাটো কাটাছেঁড়ার জন্য ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক আর প্রয়োজনীয় ওষুধও নিন।
আকাশের দিকে খেয়াল রাখুন। ওপরে বৃষ্টি হলে ঝিরিতে হঠাৎ পানি বেড়ে যেতে পারে। রওনা দেওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন।
আর একটি অনুরোধ। পলিথিন, বোতল বা খাবারের প্যাকেট যেখানে-সেখানে ফেলবেন না। এই ঝরনাগুলো এখনো যে নির্জন আর সুন্দর, সেটা ধরে রাখার দায় আমাদের সবার।





আপনার মতামত লিখুন