মায়ের অপেক্ষা ফুরাল, ছেলে ফিরল নিথর দেহে

পাঁচ বছর পর বাড়ি ফেরার কথা ছিল পুলক নাথের। দিনও ঠিক হয়ে গিয়েছিল, ৬ নভেম্বর। মা দিন গুনছিলেন, কবে ছেলের মুখটা আবার দেখবেন।
পুলক ফিরেছেন। তবে কথা দেওয়া দিনের আট দিন পরে, কফিনে শুয়ে।
ফেরার মাত্র ছয় দিন আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মোছাফফা শহরে রুমমেটের ছুরিকাঘাতে নিহত হন পুলক। মৃত্যুর ১৪ দিন পর শনিবার (১৪ নভেম্বর) ভোরে তাঁর মরদেহ পৌঁছায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করেন।
পুলক নাথ চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার প্রয়াত মধুসূদন নাথের ছেলে।
পরিবার জানায়, ৩১ অক্টোবর শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঘটনাটি ঘটে। কারণটা মাত্র ২০ দিরহাম। বাংলাদেশি টাকায় যা সাড়ে ছয় শ টাকার মতো।
পুলকের ছোট ভাই অলক নাথ জানান, মিসরের নাগরিক এক রুমমেট তাঁর ভাইয়ের কাছে ২০ দিরহাম চেয়েছিলেন। পুলক টাকা দেননি। এরপরই তাঁর বুকে ছুরি চালানো হয়।
হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু পুলককে আর বাঁচানো যায়নি।
খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে বিষয়টি দূতাবাসকে জানানো হয়। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর মরদেহ দেশে আসে।
শনিবার দুপুরে মরদেহ জিরির বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোক নেমে আসে। স্বজন আর প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ।
সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন মা রানী বালা দেবী। ছেলের কফিনের পাশে বসে বারবার একই কথা বলছিলেন।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার পুলক ফিরেছে, তবে জীবিত নয়, নিথর দেহ হয়ে। আমার পুলকের এমন পরিণতি হবে, তা কখনো ভাবিনি। আমরা সরকারের মাধ্যমে এ ঘটনার বিচার দাবি করছি।’
পুলক ছিলেন পরিবারের বড় ছেলে। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতেই প্রবাসে পাড়ি দিয়েছিলেন। ছোট ভাই অলক প্রতিবন্ধী। মা আর ভাইয়ের ভরসা ছিলেন একমাত্র পুলকই।
সেই ভরসার মানুষটি এখন নেই। একটি ছুরির আঘাতে থেমে গেছে পুরো পরিবারের ভবিষ্যৎ।
অলক নাথ জানান, দূতাবাস তাঁদের জানিয়েছে, ঘটনাটি নিয়ে সে দেশে মামলা চলছে। সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত রুমমেটের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, মন্ত্রণালয়ে আবেদন করার পর যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা হয়। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন করলে পুলকের পরিবার ক্ষতিপূরণ হিসেবে তিন লাখ টাকা পেতে পারে।
শনিবার বেলা ৩টায় ধর্মীয় রীতি মেনে শেষকৃত্য শেষে পারিবারিক শ্মশানে পুলকের মরদেহ দাহ করা হয়।
পাঁচ বছর ধরে ছেলের ফেরার অপেক্ষায় ছিলেন রানী বালা দেবী। ছেলে ফিরলেন ঠিকই, কিন্তু সেদিন বিকেলেই চিতার আগুনে মিলিয়ে গেলেন।





আপনার মতামত লিখুন