যাত্রীবেশে ঢাকায় অস্ত্র পাচারের চেষ্টা, মিরসরাইয়ে গ্রেপ্তার ২

খাগড়াছড়ি থেকে যাত্রীবাহী বাসে করে ঢাকায় অস্ত্র পাচারের সময় চট্টগ্রামের মিরসরাইয়ে একটি জাপানি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা-পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় শান্তি পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনী জেলার সোনাগাজী থানার ৩ নম্বর মঙ্গলকান্দি ইউনিয়নের মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে সালাহউদ্দিন আকবর (৪৪) এবং ফেনী সদর থানার ৫ নম্বর কাজীরবাগ ইউনিয়নের তোফাজ্জল হোসেনের ছেলে ইবনে জাহিদ (৩৪)।
পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একটি জাপানি পিস্তলসহ দুই ব্যক্তি খাগড়াছড়ি থেকে শান্তি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে করে অস্ত্র চোরাকারবারের উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছেন।
খবর পেয়ে জোরারগঞ্জ থানা-পুলিশের একটি দল বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় ওই বাসে অভিযান চালায়।
অভিযানে বাসের যাত্রীবেশে থাকা সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদকে গ্রেপ্তার করা হয় এবং তাঁদের কাছ থেকে একটি জাপানি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়া অস্ত্র চালানচক্রের মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: পটিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আরিফ তালুকদার গ্রেপ্তার





আপনার মতামত লিখুন