খুঁজুন
, ,
শনিবার, ২১শে নভেম্বর ২০২৬
চট্টগ্রাম

ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, আহত ৫

পাল্টাপাল্টি ধাওয়ার পর যুবলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ; এলাকায় উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, আহত ৫
নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৬, ২০:৪৮

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একটি মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং অন্তত ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্তত পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযুক্ত এক যুবলীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ ওঠে।

শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে শনিবার বিকেলে নানুপুরে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কিপাইতনগর এলাকার শাহী মোহাম্মদ চৌধুরী বাড়ি জামে মসজিদের সামনে পৌঁছালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির কর্মীদের তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

হামলায় আহত ব্যক্তিরা হলেন আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন। তাঁরা সবাই বিএনপির অঙ্গসংগঠনের কর্মী বলে জানা গেছে। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে মিছিল ও মোটরসাইকেলে হামলার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ নেতা-কর্মীরা স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিবরণ দিয়ে নানুপুর ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন কবির অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের দোসররা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে উসকানি দিয়ে হামলার প্রস্তুতি নিয়েছিল। আমাদের শান্তিপূর্ণ মিছিলটি মসজিদের সামনে পৌঁছামাত্র তারা ওত পেতে থেকে পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালায়।’

স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে নানুপুর বাজারে যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেছিলেন, যার নেতৃত্বে ছিলেন স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিম। ওই ঘটনার প্রতিবাদেই শুক্রবার বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাল্টা মিছিল বের করলে হামলার সূত্রপাত হয়।

হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ এবং হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. তারেক আজিজ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ বলেন, ‘ঘটনার পরপরই আমরা এলাকায় উপস্থিত হয়েছি। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তরের স্থান পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

চট্টগ্রাম থেকে আরও