পটিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আরিফ তালুকদার গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার জিরি ইউনিয়নের মালিয়ারা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম আরিফ তালুকদার (২৫)। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জিরি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের মালিয়ারা এলাকার বাসিন্দা জহুরুল হকের ছেলে। আজ শনিবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে আরিফ তালুকদারের বিরুদ্ধে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পটিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মালিয়ারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী তৎপরতার সঙ্গেও তাঁর সম্পৃক্ততার তথ্য যাচাই করছে পুলিশ।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় আরিফ তালুকদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে এনসিপি নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে





আপনার মতামত লিখুন