টেকনাফে জোড়া খুন: চট্টগ্রামে আত্মগোপনে থাকা দুই আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের পর আত্মগোপনে থাকা দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও এসআরবি-৭-এর একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলি গ্রামের আব্দুল্লাহর ছেলে মিজানুর রহমান (২৭) এবং বালুখালী গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুল মোনাফ (২৭)।
তাঁরা টেকনাফ থানায় দায়ের করা ওই জোড়া হত্যা মামলার এজাহারভুক্ত যথাক্রমে ২ ও ৪ নম্বর আসামি বলে জানা গেছে।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ৪ নভেম্বর টেকনাফের হ্নীলা ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন মো. মোক্তার কামাল (৩৯) ও মো. আকবর (২৩)।
এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ওই ঘটনার পর থেকেই মামলার আসামিরা আত্মগোপনে চলে যান।
তাঁদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-১৫ এবং একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পশ্চিম ফরিদাপাড়া এলাকায় কয়েকজনের অবস্থান শনাক্ত করা হয়।
এরপর সোমবার বিকেল ৫টা ২৫ মিনিটে পশ্চিম ফরিদাপাড়ার এমএএস টেলিকম দোকানের সামনে অভিযান চালিয়ে প্রথমে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মাত্র ১০ মিনিটের ব্যবধানে একই এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আব্দুল মোনাফকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় জড়িত মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে এসআরবি-১৫-এর অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।





আপনার মতামত লিখুন