সেনাসদস্য হত্যায় রিমান্ডে চারজন, চলছে জিজ্ঞাসাবাদ

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য মো. তিতাস শেখ নিহতের মামলায় চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
একই সঙ্গে এই চাঞ্চল্যকর মামলার পাঁচজন ভুক্তভোগীর জবানবন্দিও গ্রহণ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমুল হাসান এই আদেশ দেন।
কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহাজাহান ইলাহী নূরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে সোপর্দ করা ছয় আসামির মধ্যে রয়েছেন ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাছা মিয়ার ছেলে মোহাম্মদ (৪২) এবং হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার কবির আহমদের ছেলে হানিফ (৪০)।
এ ছাড়া ২৬ নম্বর ক্যাম্পের জি/৫ ব্লকের মৃত বশির উল্লাহর ছেলে মো. শফিউল্লাহ (৩২) এবং উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পের ই ব্লকের মো. হাসান (২০) রয়েছেন।
অপর দুই আসামি হলেন উখিয়ার একই ক্যাম্পের ই/১ ব্লকের থাইংখালী এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. আরজ (১৯) এবং টেকনাফের মুচনি নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের মো. সোফাইলের ছেলে ওমর ফারুক (১৫)।
আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তার ছয় আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ।
শুনানি শেষে আদালত চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং মামলার পাঁচ ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ ছয়জনের রিমান্ডের আবেদন করেছিল।
আদালত চারজনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করায় তাঁদের পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের সঙ্গে গোলাগুলি হয়।
একপর্যায়ে সেনাসদস্য তিতাস শেখ (২৭) বাঁ কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
তাঁকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. তিতাস শেখ সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।





আপনার মতামত লিখুন