খুঁজুন
, ,
মঙ্গলবার, ১০ই নভেম্বর ২০২৬
সারাদেশ

গুইমারায় পুড়ল বিএনপি কার্যালয়, সন্দেহে আটক ৬

গুইমারায় পুড়ল বিএনপি কার্যালয়, সন্দেহে আটক ৬
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২৬, ১২:০৬

খাগড়াছড়ির গুইমারায় একটি ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয়জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড়পিলাক ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের সময় প্রথমে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন।

তবে আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ায় তা নেভানো সম্ভব হয়নি।

খবর পেয়ে গুইমারা থানা পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

দলীয় অফিসে আগুন দেওয়ার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।

এ সময় তাঁর সঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে রাতেই এসব নেতার নেতৃত্বে বড়পিলাক এলাকায় একটি বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ ও এর সহযোগী ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই আগুন দিয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার অংশ হিসেবেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে তাঁরা দাবি করেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয়জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সারাদেশ থেকে আরও