যে বিভেদে লারমা নিহত, সেই ক্ষত আজও পাহাড়ে

মঙ্গলবার সকাল। রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি চত্বরে একটি অস্থায়ী প্রতিকৃতির সামনে একে একে জমছিল ফুল। প্রভাতফেরি শেষে সেখানে এসে দাঁড়িয়েছিলেন নানা বয়সের মানুষ।
যাঁকে স্মরণ করতে এই আয়োজন, সেই মানবেন্দ্র নারায়ণ লারমা ৪৩ বছর আগে এই দিনেই প্রাণ হারিয়েছিলেন। শত্রুর হাতে নয়, নিজ দলেরই বিভেদপন্থি একটি গ্রুপের হাতে। সঙ্গে নিহত হন আরও আটজন সহযোগী।
চার দশক পেরিয়ে সেই বিভেদের ক্ষত যেন আবার দগদগে। স্মরণসভা যখন চলছিল, তখনও রাঙ্গামাটির আরেক প্রান্ত সাজেক অস্থির। পাহাড়ের মানুষ আবার মুখোমুখি পাহাড়েরই মানুষের।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) রাঙ্গামাটি জেলা কমিটি এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস উপলক্ষে এ আয়োজন করে। প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর অনুষ্ঠিত হয় স্মরণসভা।
সভায় বক্তব্য দেন জেএসএস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য গুনেন্দু বিকাশ চাকমা, শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মী শিশির চাকমা প্রমুখ।
সভায় উঠে এল সাজেক
বক্তারা অভিযোগ করেন, চুক্তিবিরোধী একটি পক্ষ সাজেক নিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং মানুষকে জিম্মি করে আন্দোলনের নামে প্রহসন করছে। তাঁদের ভাষ্য, দাবি হতে পারত সাজেকে কোনো অবৈধ অস্ত্রধারী থাকবে না। কিন্তু দাবি তোলা হয়েছে জেএসএসকে সরানোর। এক বক্তা প্রশ্ন রাখেন, “সাজেক কি তারা লিজ নিয়েছে?”
তবে গণমাধ্যমে প্রকাশিত আন্দোলনকারীদের বক্তব্যে দাবিটি এসেছে কিছুটা ভিন্নভাবে। সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের অন্যতম দাবি হলো সন্তু লারমা-সমর্থিত জেএসএসের সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়া। জেএসএস অবশ্য সশস্ত্র তৎপরতার অভিযোগ মানছে না। দলটির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহসম্পাদক সজীব চাকমা দাবি করেছেন, তাঁদের দলের কোনো সশস্ত্র গ্রুপ নেই এবং তাঁরা বন্দুকযুদ্ধে জড়িত নন।
সাজেকের বাস্তবতা উদ্বেগজনক। ১ নভেম্বর বিকেলে সাজেকের ঝুরঝুরি ছড়ার লাঙ্গলমারা এলাকায় প্রায় এক ঘণ্টা দুই পক্ষের গোলাগুলি হয়, যদিও দুর্গমতার কারণে হতাহতের তথ্য পাওয়া যায়নি। তার আগের দিনও মাচলং এলাকায় গোলাগুলির খবর আসে। ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেছেন, তাঁদের কেউ এ ধরনের গোলাগুলিতে জড়িত থাকার প্রশ্নই আসে না।
এই টানাপোড়েনের সবচেয়ে বড় দাম দিচ্ছেন সাধারণ মানুষ। পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় লোকসানে পড়েছেন ব্যবসায়ীরা, কাজ হারিয়েছেন খাতসংশ্লিষ্ট শত শত শ্রমিক। সর্বশেষ রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানিয়েছেন, সাজেক খুলে দেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
যে পথ দেখিয়েছিলেন লারমা
স্মরণসভায় বক্তারা বলেন, এমএন লারমা তাঁর জীবন বিলিয়ে দিয়েছিলেন শোষিত, নিপীড়িত ও অধিকারহারা মানুষের জন্য। অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তরুণদের আরও বেশি করে যুক্ত হওয়ার আহ্বান জানান তাঁরা।
লারমার রাজনৈতিক জীবনের বড় অংশই কেটেছে আইনসভার ভেতরে কথা বলে। ১৯৭০ সালে তিনি পার্বত্য চট্টগ্রাম আসন থেকে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭২ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে চার দফা দাবিনামা পেশ করেন। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদে নির্বাচিত হন।
তাঁর চিন্তা নিয়ে এখনো আলোচনা থামেনি। দেশের বিশ্লেষকদের একাংশ মনে করেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর যে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থার কথা উঠেছে, লারমা তা ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময়ই গণপরিষদে তুলে ধরেছিলেন।
অর্থাৎ যে মানুষটির স্মরণে এই দিন, তিনি দাবি তুলেছিলেন আলোচনার টেবিলে, সংসদের ভেতরে। আজকের সাজেকেও সমাধানের সূত্র লুকিয়ে আছে সেই আলোচনাতেই।
আশার খবরও আছে। প্রশাসনের সমন্বয়ে গঠিত তিন সদস্যের একটি কমিটি আন্দোলনকারী সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ ও আলোচনা করে সমাধানের পথ খুঁজছে। আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির মধ্যে চারটিতে সমঝোতা হয়েছে, মতপার্থক্য রয়ে গেছে প্রধান দাবিটি নিয়ে।
পাঁচের মধ্যে চার। দূরত্ব এখন একটিমাত্র দাবির।
সকালে শিল্পকলা একাডেমি চত্বরে যে ফুলগুলো জমেছিল, দুপুরের রোদে সেগুলো শুকিয়ে আসছিল। কিন্তু পাহাড়ে বহুল উচ্চারিত লারমার একটি কথা এদিনও ফিরে ফিরে এসেছে: নেতৃত্বের মৃত্যু আছে, আদর্শের মৃত্যু নেই। সেই আদর্শের সবচেয়ে বড় পরীক্ষা হয়তো এখন সাজেকেই।





আপনার মতামত লিখুন