পদ্মঝিরির বাঁশের রেলিং
২০ লাখ টাকার একটি সেতুর জন্য ৫৫ বছরের অপেক্ষা

দুই পাশে খাড়া পাথুরে পাহাড়। মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে ঠান্ডা স্রোত। পাথরের দেয়ালে হেলান দিয়ে পোঁতা সারি সারি বাঁশ, তার সঙ্গে বাঁধা একটি বাঁশের রেলিং।
এই রেলিং আঁকড়ে ধরে প্রতিদিন পানির ভেতর দিয়ে হেঁটে যায় স্কুলের শিশু, পিঠে জুমের ঝুড়ি নিয়ে কৃষক, বয়স্ক মানুষ। পেছনে ব্যাকপ্যাক কাঁধে পর্যটকের দল। পায়ের নিচে পিচ্ছিল পাথর, পাশে স্রোত। প্রায় ৪০০ ফুট এভাবেই পাড়ি দিতে হয়।
জায়গাটি বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। স্থানীয়রা কেউ বলেন পর্দ্দাঝিড়ি, কেউ পদ্মঝিরি বা পদ্মমুখ। নাম যা-ই হোক, এখানকার মানুষের প্রশ্ন একটাই: একটা সেতু হবে কবে?
পাড়াবাসীর হিসাবে প্রশ্নটির বয়স ৫৫ বছর।
যে পথ প্রতি বছর নিজেরাই বানায় পাড়া
এই ঝিরিতে সরকারি কোনো পারাপার ব্যবস্থা নেই। বছরের প্রায় নয় মাস ভরসা পাথুরে দেয়ালে বাঁধা বাঁশের রেলিং। সেটিও বানান পাড়ার মানুষ, নিজেদের টাকায়, নিজেদের শ্রমে। বর্ষায় পানি বেড়ে গেলে এই পথে হাঁটা যায় না, তখন পার হতে হয় ইঞ্জিনচালিত নৌকায়।
রুনাজন পাড়ার কারবারি সুজন ত্রিপুরা বলেন, প্রতিবছর ১৫ থেকে ১৬টি গ্রামের মানুষ নিজেদের উদ্যোগে বাঁশের পথ বানিয়ে চলাচল করেন। শিশু, বয়স্ক, অসুস্থ মানুষ, পর্যটক সবাই এটি ব্যবহার করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দিনে প্রায় ৫০০ মানুষ এই পথ দিয়ে চলাচল করেন। ওপারে থাংলং ম্রো পাড়া, অংথোয়াইপ্রু পাড়া, রুনাজন, জিন্না ও সত্যমনি পাড়াসহ অন্তত ১৫টি গ্রাম। আরও আছে বেলাখুম, আমিয়াখুম, রেমাক্রি খালের মতো পর্যটনকেন্দ্রে যাওয়ার পথ।
৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য উহ্লামং মারমা বলেন, স্কুলে যাওয়া, চিকিৎসা নেওয়া, বাজার থেকে চাল-ডাল আনা, জুমের ফসল নামানো, সবকিছুর একমাত্র পথ এই বাঁশের পথ।
অর্থাৎ যে পথ দিয়ে পর্যটন আয় আসে, সেই পথটি টিকিয়ে রাখার খরচ বহন করছে পাহাড়ের সবচেয়ে প্রান্তিক মানুষগুলো।
শান্তি রানি আর ফুলবাণীর সকাল
২০২৪ সালের ১ জুলাই। বর্ষার সকাল। বাঁশের পথ তখন পানির নিচে, পারাপার চলছে নৌকায়।
সেদিন সকালে তিন্দু ইউনিয়নের পদ্মমুখ সংলগ্ন চিংড়ি ঝিরি এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ হয় হরিশ চন্দ্র পাড়ার দুই শিশু শান্তি রানি ত্রিপুরা (১০) ও ফুলবাণী ত্রিপুরা (৯)। তারা রুনাদন প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঝিরির মাঝামাঝি পৌঁছালে প্রবল স্রোতে পাথরে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠলেও দুই শিশু স্রোতে ভেসে যায়। সেদিন বৈরী আবহাওয়ার কারণে থানচি ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে যেতে পারেনি।
সত্যমনি ত্রিপুরা পাড়ার বাসিন্দা খুবাইতি ত্রিপুরা বলেন, এমন দুর্ঘটনার পরও নিরাপদ পারাপারের ব্যবস্থা না হওয়ায় এলাকাবাসী আতঙ্কে আছেন।
দুই শিশুর নাম এখন পাড়ার মানুষের মুখে মুখে। সেতুর দাবি তুললে তারা এই দুটি নামই আগে বলেন।
দুই কোটির সেতু ওপারে, ২০ লাখের সেতু এখানে নেই
পদ্মঝিরিতে একটি ঝুলন্ত সেতু বানাতে কত টাকা লাগবে? তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরার হিসাবে লোহার অ্যাঙ্গেলের একটি ঝুলন্ত সেতুতে আনুমানিক ১০ থেকে ২০ লাখ টাকা লাগতে পারে।
তুলনাটা চোখে পড়ার মতো। একই থানচি উপজেলায়, রেমাক্রি ইউনিয়নের বড় মদকে সাঙ্গু নদীর ওপর ২ কোটি টাকা ব্যয়ে পর্যটকদের জন্য একটি ঝুলন্ত সেতু নির্মাণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। সেটির খবর প্রকাশিত হয় ২০২১ সালে।
অর্থাৎ পাহাড়ে ঝুলন্ত সেতু বানানোর প্রযুক্তি আছে, নজির আছে, প্রতিষ্ঠানও আছে। শুধু পদ্মঝিরির নাম কোনো তালিকায় ওঠেনি।
দায় ঘোরে এক টেবিল থেকে আরেক টেবিলে
কেন হয়নি, সে প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায়, সেতুটির কোনো “মালিক” নেই।
ইউপি সদস্য উহ্লামং মারমা বলেন, ২০২২ সালে নির্বাচিত হওয়ার পর থেকে তিনি চেয়ারম্যানের কাছে প্রকল্প নেওয়ার আবেদন জানিয়ে আসছেন। এখনো তা বাস্তবায়ন হয়নি।
চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলছেন, টিআর, কাবিখা, কাবিটা বা এলজিএসপির বরাদ্দে নীতিমালার সীমাবদ্ধতা আছে। এত বড় অবকাঠামো ইউনিয়ন পরিষদ করতে পারে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে হতে পারে, আবেদনও করা হয়েছে।
এলজিইডির থানচি উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আবু হানিফ বলছেন, পাথুরে পাহাড়ের মাঝখানে পুরো লোহার কাঠামোয় ঝুলন্ত সেতু নির্মাণ সম্ভব। তবে একাধিক উপজেলার দায়িত্বে থাকায় তিনি এখনো জায়গাটি সরেজমিন দেখতে পারেননি। প্রশাসনের সঙ্গে সময় মিলিয়ে পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প প্রস্তাব পাঠাবেন বলে জানান।
ফলে ছবিটা দাঁড়ায় এমন: ইউনিয়ন পরিষদ বলছে সামর্থ্য নেই, এলজিইডি বলছে এখনো দেখা হয়নি। মাঝখানে ১৫ বছরের প্রতিশ্রুতি, কারবারি সুজন ত্রিপুরার ভাষায়, যা আজও কাগজের বাইরে আসেনি।
সমাধান কোথায়
পদ্মঝিরির সমস্যাটা প্রকৌশলের নয়, ঠিকানার। প্রকৌশলী নিজেই বলছেন সেতু সম্ভব, চেয়ারম্যান খরচের একটা হিসাবও দিয়েছেন।
প্রথম ধাপটি তাই সবচেয়ে সহজ: এলজিইডির সরেজমিন পরিদর্শন ও একটি লিখিত প্রাক্কলন। প্রাক্কলন ছাড়া কোনো দপ্তরই বরাদ্দ দিতে পারে না, আর প্রাক্কলন না থাকায় এখনো কাউকে দায়ী করাও যাচ্ছে না।
দ্বিতীয়ত, বড় মদকের অভিজ্ঞতা বলে, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হাতে এমন সেতু নির্মাণের নজির আছে। পর্যটন ও স্থানীয় যোগাযোগ দুটোই যেখানে জড়িত, সেখানে পরিষদ, এলজিইডি ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগ দ্রুততম পথ হতে পারে।
তৃতীয়ত, বর্ষার তিন মাসের ঝুঁকি সেতুর অপেক্ষায় থেমে থাকবে না। সেতু না হওয়া পর্যন্ত নৌকায় লাইফ জ্যাকেট, স্রোত বেশি থাকলে শিশুদের পারাপারে নিয়ন্ত্রণ, এমন অন্তর্বর্তী ব্যবস্থাও জরুরি।
আগামী বর্ষা আসতে আর সাত মাস বাকি।
পদ্মঝিরির পাড়ে দাঁড়িয়ে সুজন ত্রিপুরা দেখান, কোন বাঁশটা গত মাসে বদলাতে হয়েছে, কোন দড়িটা আলগা হয়ে আসছে। এই পথ তাঁরা আবার বানাবেন। প্রশ্ন শুধু, আর কত বছর।





আপনার মতামত লিখুন