গরু চরাতে গিয়ে অপহরণ, ৩ লাখ দিয়েও রেহাই নেই

গত ১১ অক্টোবর সকাল আটটার দিকে ১০ থেকে ১২টি গরু নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন কৃষক শামসুল আলম (৬১)। গন্তব্য ছিল বাড়ির কাছের পাহাড়ি চারণভূমি দশকাইন্না। সেখানে পৌঁছানোর পর অস্ত্রধারী একদল লোক তাঁকে জিম্মি করে নিয়ে যায় গহীন পাহাড়ে। সেদিন রাতেই পরিবার ৩ লাখ টাকা মুক্তিপণ দেয়।
কিন্তু টাকা পেয়েও তাঁকে ছাড়েনি অপহরণকারীরা। আরও টাকার জন্য আটকে রাখে। পরদিন ১২ অক্টোবর কৌশলে তাদের আস্তানা থেকে পালিয়ে বাড়ি ফেরেন শামসুল আলম।
ঘটনাটি কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি জনপদ পুর্নগ্রামের। শামসুল আলম ওই এলাকার শহর মুল্লুকের ছেলে। পালিয়ে আসার এক মাস পরও আতঙ্ক কাটেনি তাঁর।
শামসুল আলমের অভিযোগ, চক্রটি এখন আরও ২ লাখ টাকা দাবি করছে। টাকা না দিলে জিম্মি অবস্থায় তাঁর হাতে অস্ত্র ধরিয়ে তোলা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানোর হুমকি দিচ্ছে তারা।
বারবার হুমকির মুখে গত ৩ নভেম্বর শামসুল আলম বাদী হয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চারজনকে আসামি করে মামলা করেছেন (সিআর মামলা নম্বর ১৯৯৫/২০২৬)। আদালত অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কক্সবাজারের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলা হয়েছে, দশকাইন্না চারণভূমি থেকে আবছার, রমজান, জসিম ও গিয়াসসহ একদল অস্ত্রধারী শামসুল আলমকে তুলে নিয়ে যায়। আসামিদের সবার বাড়ি পাশের রামু উপজেলায়। বাদীর দাবি, তাঁরা এলাকায় ডাকাত হিসেবে পরিচিত। অপহরণের দিন রাতে তারা পরিবারের মোবাইল ফোনে কল করে শামসুল আলমকে মেরে ফেলার হুমকি দেয় এবং ২০ লাখ টাকা মুক্তিপণ চায়।
পরিবারের সদস্যরা জানান, প্রাণের ভয়ে তাঁরা অপহরণকারীদের সঙ্গে দর-কষাকষি করে সে রাতেই ৩ লাখ টাকা দেন। কিন্তু টাকা পাওয়ার পর অপহরণকারীরা আরও টাকা দাবি করে এবং তাঁকে আটকে রাখে। পরদিন সুযোগ বুঝে পালিয়ে আসেন শামসুল আলম। পরে স্বজনেরা তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা করান।
পরিবারের অভিযোগ, পাহাড়ে বন্দী অবস্থায় তাঁকে খেতে দেওয়া হয়নি। অস্ত্র ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। স্বজনেরা জানান, মারধর ও মানসিক আঘাতে তিনি এখনো গুরুতর অসুস্থ।
অপহরণের ঘটনা নিশ্চিত করে খুটাখালী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আজিম বলেন, “অপহৃত ব্যক্তি পাহাড় থেকে ফিরে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরিবার প্রথমে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। পরে আদালতে মামলা করেছে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।”
মামলার আরজিতে আসামিদের মোবাইল নম্বর উল্লেখ না থাকায় এ বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়ক যোগাযোগ নাজুক হওয়ায় পুর্নগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল নেই। এই সুযোগে সাপেরগাড়া, কালাপাড়া, লাপেরঘোনা, ফুলছড়ি, খেলিবিল, গোলচড়া, বড়চড়া ও মুরংগ্যাঝিরিসহ বেশ কয়েকটি পাহাড়ে অপরাধী চক্র আস্তানা গড়ে তুলেছে। ঈদগাঁও, ঈদগড় ও পুর্নগ্রামের পাহাড়কেন্দ্রিক এসব চক্রের অপহরণ, মুক্তিপণ আদায় ও নির্যাতনের ঘটনা সম্প্রতি বেড়েছে।
স্থানীয় বাসিন্দা সেলিম উদ্দিন বলেন, চাষাবাদ বা দৈনন্দিন কাজে পাহাড়ের দিকে যেতে মানুষ এখন আতঙ্কে থাকেন।
খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান বলেন, “পুর্নগ্রাম এবং পাশের ঈদগড় সড়কের পানেরছড়া ঢালা ও হিমছড়ি ঢালায় অস্ত্রধারী ডাকাত দলের বড় নেটওয়ার্ক রয়েছে। দীর্ঘদিন ধরে তারা সুযোগ বুঝে সড়কে ডাকাতি ও অপহরণ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের পর কিছুদিন বন্ধ থাকে, তারপর আবার শুরু হয়।”
এই পরিস্থিতিতে এলাকাবাসী এবং ঈদগড় সড়কে ডাকাতির শিকার পরিবহনশ্রমিকেরা পাহাড়ি আস্তানাগুলোতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান দাবি করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, “খুটাখালীর পুর্নগ্রাম একটি পাহাড়ি জনপদ। এখানকার যাতায়াতব্যবস্থা খুবই নাজুক। তারপরও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে থানা-পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
চিকিৎসা নিলেও নিরাপত্তাহীনতা কাটেনি শামসুল আলমের পরিবারের। স্ত্রী, মেয়ে, দুই ছেলে, পুত্রবধূ ও নাতিদের নিয়ে প্রতিটি দিন কাটছে নতুন হুমকির আশঙ্কায়।





আপনার মতামত লিখুন