সাজেকে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা গণকমিটির

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি।
একই সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে চলমান আন্দোলন সফল করতে সাজেকবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা।
বিবৃতিতে বাবুধন চাকমা উল্লেখ করেন, পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সাজেকবাসীর এই অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
বাংলাদেশের চিরপরিচিত ষড়যন্ত্র ও বিভাজনের রাজনীতি সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি জানান, সাজেকবাসীর স্বার্থবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না।
বিবৃতিতে ২০২৪ সালের ২৮ জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের একটি উদাহরণ টেনে আনেন বাবুধন চাকমা।
তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় ওই রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে ছয়জন প্রধান সমন্বয়ককে আটকে রেখে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছিল।
তবে এতে আন্দোলনকারী ছাত্র-জনতা বিভ্রান্ত হয়নি এবং এর মাধ্যমে আন্দোলনও থামানো যায়নি বলে তিনি উল্লেখ করেন।
একইভাবে সাজেকের চলমান অবরোধ নিয়ে হওয়া সকল ষড়যন্ত্র ও অপপ্রচার ব্যর্থ হবে বলে তিনি দাবি করেন।
সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি সাজেকবাসী তথা জনগণের স্বার্থবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে চলমান অবরোধ কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত ও অবরোধ প্রত্যাহারের ঘোষণাও এসেছে।
ফলে একই দিনে পৃথক দুটি সংগঠনের বিপরীতমুখী বক্তব্যে সাজেকের চলমান অবরোধ কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।





আপনার মতামত লিখুন