রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদার এবং নারী ও কন্যাশিশুদের ক্ষমতায়ন পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি হেলেন রিস-জোন্স।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ডাচেস অব এডিনবরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে নারী, শিশু ও কিশোরীদের শিক্ষা, সুরক্ষা এবং জীবিকায়ন নিয়ে পরিচালিত মানবিক কার্যক্রম ঘুরে দেখেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, নারী, শিশু ও প্রতিবন্ধীদের সুরক্ষায় দেশি-বিদেশি সংস্থার মানবিক কার্যক্রমগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন ডাচেস।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্প-১৮-এর বি-১ ব্লকের একটি লার্নিং সেন্টার পরিদর্শনের মধ্য দিয়ে সোফির এই সফর শুরু হয়।
সেখানে তিনি রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং পরে আইওএম পরিচালিত ‘উইমেন অ্যান্ড গার্ল সেফ স্পেস’ পরিদর্শন করে কিশোরীদের সুরক্ষা সম্পর্কে অবগত হন।
দুপুর ১২টার দিকে ক্যাম্প-২০-এ আইওএম এবং পিএআইএলএসের উদ্যোগে পরিচালিত সাবান উৎপাদন কারখানা পরিদর্শন করেন সোফি হেলেন।
এ সময় তিনি সাবান তৈরির কাঁচামাল মেশানো থেকে শুরু করে মান পরীক্ষা ও কেমিস্টের তত্ত্বাবধানের পুরো প্রক্রিয়া ঘুরে দেখেন এবং স্থানীয়দের স্বনির্ভরতার বিষয়ে খোঁজখবর নেন।
পরে তাঁর প্রতিনিধিদল উখিয়ার ক্যাম্প-৪-এ যায় এবং সেখানে ইউএন উইমেন পরিচালিত মাল্টিপারপাস সেন্টার ও প্রতিবন্ধীদের সহায়তা কার্যক্রম পরিদর্শন করে।
সফরকালে কঠোর নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমিন জানান, ক্যাম্পের ভেতরে এপিবিএন এবং বাইরে পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করেছেন।
বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্প এলাকা ত্যাগ করে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়ে কক্সবাজার ত্যাগ করেন সোফি হেলেন।
উল্লেখ্য, ১৯৬৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন সোফি এবং ১৯৯৯ সালে প্রিন্স এডওয়ার্ডের সঙ্গে তাঁর বিয়ে হয়।
২০২৩ সালে প্রিন্স এডওয়ার্ড ডিউক অব এডিনবরা উপাধি পাওয়ার পর তিনি ‘ডাচেস অব এডিনবরা’ হিসেবে পরিচিত হন এবং এর আগে ২০১৭ সালেও তিনি বাংলাদেশ সফর করেছিলেন।





আপনার মতামত লিখুন