খুঁজুন
, ,
বুধবার, ১১ই নভেম্বর ২০২৬
সারাদেশ

ইনানীতে পকেট গ্যাস নয়, বড় রিজার্ভারের ধারণা বাপেক্সের

ইনানীতে পকেট গ্যাস নয়, বড় রিজার্ভারের ধারণা বাপেক্সের
নিজস্ব প্রতিবেদক
টেকনাফ · ১০ নভেম্বর ২০২৬, ২৩:০৩

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা ১৫ দিন ধরে নির্গত গ্যাস কোনো সাময়িক পকেট গ্যাস নয়।

বরং দুর্ঘটনাস্থলের ভূগর্ভে বড় ধরনের গ্যাসের রিজার্ভার রয়েছে বলে ধারণা করছেন বাপেক্সের বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের প্রধান এবং বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) হাওলাদার রফিকুল ইসলাম টানা ১৫ দিন ধরে গ্যাসের প্রবাহ পর্যবেক্ষণ করার বিষয়টি তুলে ধরেন।

নির্গত গ্যাসের প্রকৃতি, স্থায়িত্ব এবং সম্ভাব্য ধারণক্ষমতা সম্পর্কে ধারণা পেতেই এই দীর্ঘ পর্যবেক্ষণ চালানো হয় বলে তিনি জানান।

একই গতি ও চাপে গ্যাসের প্রবাহ অব্যাহত থাকায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এ অবস্থায় অনিয়ন্ত্রিতভাবে গ্যাস জ্বলতে দেওয়া ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে তিনি জানান, প্রথম অগ্রাধিকার হিসেবে জরুরি ভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ করে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কূপটি সফলভাবে নিয়ন্ত্রণে আনার পর ভূতাত্ত্বিক জরিপ ও গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ইনানীর ছোটখাল এলাকায় একটি পরিত্যক্ত নলকূপের গর্ত থেকে হঠাৎ গ্যাস নির্গত হতে শুরু করে।

পরে গ্যাসে আগুন জ্বলে ওঠে এবং পানির প্রবাহও অব্যাহত থাকে, যা এলাকায় ব্যাপক উদ্বেগ তৈরি করে।

এরপর বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পর্যবেক্ষণ শুরু করে এবং টানা ১৫ দিনের পর্যবেক্ষণ শেষে মঙ্গলবার বাপেক্সের প্রতিনিধি দল সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সারাদেশ থেকে আরও