খুঁজুন
, ,
বুধবার, ১১ই নভেম্বর ২০২৬
সারাদেশ

টেকনাফে যুবলীগের মিছিলে বাধা, পুলিশের ওপর হামলা

টেকনাফে যুবলীগের মিছিলে বাধা, পুলিশের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক
টেকনাফ · ১১ নভেম্বর ২০২৬, ০০:৩০

কক্সবাজারের টেকনাফে উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে আটকের জেরে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে মিছিল বের করলে পুলিশ ও বিজিবি বাধা দেয়।

এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও দায়ের কোপে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যের নাম মো. জাফর (৪০) এবং তিনি টেকনাফ মডেল থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোদার বিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

মিছিলে বাধা দিলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং দা দিয়ে আঘাত করে পুলিশের এক সদস্যকে আহত করে।

আহত এসআইকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় বলে ওসি উল্লেখ করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অহিদুর রহমান জানান, রাত ১১টার দিকে আহত পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়।

তাঁর মাথায় গুরুতর জখম হয়েছে উল্লেখ করে তিনি জানান, সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে অন্যত্র পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাতে কার্যক্রম নিষিদ্ধ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরকে আটকের প্রতিবাদে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মিছিলের ঘটনা ঘটে।

এদিকে, টেকনাফের সাবরাং, হোয়াইক্যং ও হ্নীলাসহ বিভিন্ন এলাকায় রাতের আঁধারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিল করার খবর পাওয়া গেছে।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সারাদেশ থেকে আরও