সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, গণঅধিকার রক্ষা কমিটির নীরবতা

ইউপিডিএফের রাজনৈতিক স্বার্থ হাসিল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।
একই সঙ্গে তিনি সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করে নিজ পদ থেকে পদত্যাগ করেছেন।
তবে অবরোধ আহ্বানকারী অপর সংগঠন ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’র পক্ষ থেকে এ বিষয়ে কিছু না জানানোয় অবরোধ প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে এক বিবৃতির মাধ্যমে নতুন জয় চাকমা এসব ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে চলমান জনস্বার্থবিরোধী এই সড়ক অবরোধের কারণে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
সাজেকের সঙ্গে বাইরের এলাকার স্বাভাবিক যোগাযোগ এবং খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।
নতুন জয় চাকমা অভিযোগ করেন, সাজেকের চলমান অবরোধকে কেন্দ্র করে ইউপিডিএফের উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।
তাঁর দাবি, সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি মূলত ইউপিডিএফের দলীয় স্বার্থে গঠিত হয়েছে।
এসব সংগঠনের কার্যক্রম পরিচালনায় তাঁকে ব্যবহার করা হয়েছে এবং অনেক সময় তাঁর অজ্ঞাতসারে তাঁর নামে বিবৃতিও প্রকাশ করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ইউপিডিএফের দলীয় কর্মসূচিতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে ভয়ভীতি ও মৃত্যুর হুমকি দেওয়া হতো।
বিশেষ করে চলমান অবরোধ কর্মসূচির পক্ষে সাধারণ মানুষকে মাঠে নামানোর প্রবণতা তাঁকে উদ্বিগ্ন করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
নতুন জয় চাকমা জানান, একজন কার্বারী হিসেবে তাঁর দায়িত্ব এলাকার মানুষের স্বার্থ ও অধিকারের পক্ষে কাজ করা।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই দায়িত্ব পালনের সুযোগ না থাকায় তাঁকে নিজের এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে।
ব্যক্তিগত প্রতিশোধ বা রাজনৈতিক বিদ্বেষ থেকে নয়, বরং সাজেকের সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থ বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
জীবনের ঝুঁকি থাকলেও সাজেকের মানুষের বৃহত্তর মঙ্গলের জন্য সত্য প্রকাশ ও ন্যায়সংগত অবস্থান থেকে পিছিয়ে যাবেন না বলেও তিনি দৃঢ়তা প্রকাশ করেন।
এদিকে, অবরোধ প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি সাজেক গণঅধিকার রক্ষা কমিটি।
সংগঠনটির নেতাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি এবং তাদের ফেসবুক পেজেও কোনো বক্তব্য দেওয়া হয়নি।
উল্লেখ্য, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের ডাকে গত ২২ অক্টোবর থেকে সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ চলছে।
এর ফলে সাজেকের পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে।





আপনার মতামত লিখুন