খুঁজুন
, ,
শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬
সারাদেশ

চকরিয়ায় মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

চকরিয়ায় মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক
চকরিয়া · ১১ নভেম্বর ২০২৬, ২২:৩৫

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে কক্সবাজারের চকরিয়ায় মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এই মিছিল থেকে তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১১টার দিকে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকায় এই মিছিল বের করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চকরিয়া পৌরসভার পশ্চিম করাইয়াঘোনা এলাকার মৃত দুধু মিয়ার ছেলে মো. আরাফাত হোসেন (২০) এবং সাহারবিল ইউনিয়নের আব্দুল জব্বার সিকদারপাড়ার রুহুল কাদেরের ছেলে মো. বাবু হোসেন (২০)।

এ ছাড়া পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ফরিদ আলমের ছেলে মো. বাবু মিয়াকেও (১৯) গ্রেপ্তার করা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানান, মঙ্গলবার রাতে ৩০-৩৫ জন নেতাকর্মী গোপনে কাহারিয়াঘোনা এলাকায় জড়ো হন।

পরে তাঁরা মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমর্থনে নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা হঠাৎ লাপাত্তা হয়ে যান।

পরে ওই এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতের আঁধারে গ্রামীণ সড়কের ভেতর ঝটিকা মিছিল করার সময় যুবলীগ ও ছাত্রলীগের ওই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাঁদের চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি উল্লেখ করেন।

রাতের আঁধারে মিছিলে অংশ নেওয়া অন্যদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সারাদেশ থেকে আরও