উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মিলল অস্ত্র তৈরির সরঞ্জাম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয়ভাবে তৈরি এলজি (লোকাল গান) অস্ত্রের ছয়টি ব্যারেল ও অস্ত্র তৈরির অন্যান্য সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উখিয়ার শরণার্থী ক্যাম্প-১ ইস্টের আমবাগান এলাকার নিচের বাজারের জি/৭ ব্লকে এই অভিযান চালানো হয়।
আটক ওই রোহিঙ্গার নাম নুরুল আমীন (২৮)।
তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টের ডি/৫ ব্লকের বাসিন্দা।
তাঁর বাবার নাম মো. হালিল এবং মায়ের নাম নুর জাহান।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বৃহস্পতিবার রাত নয়টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
১৪ এপিবিএন সূত্রে জানা যায়, লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের একটি দল ওই এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল।
টহলের সময় ল্যাপটপের ব্যাগ হাতে এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখেন পুলিশ সদস্যরা।
তাঁর চলাফেরা সন্দেহজনক মনে হলে পুলিশ সদস্যরা তাঁকে থামার সংকেত দেন।
এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাঁকে আটক করেন পুলিশ সদস্যরা।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর বহন করা ব্যাগটি তল্লাশি করা হয়।
তল্লাশিকালে দেশীয়ভাবে তৈরি এলজি অস্ত্রের ছয়টি ব্যারেল এবং স্টেইনলেস স্টিলের পাইপের চারটি কাটা অংশ উদ্ধার করা হয়।
পাশাপাশি ব্যাগটি থেকে অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ছয়টি রেত উদ্ধার করে পুলিশ।
উদ্ধার করা প্রতিটি ব্যারেলের দৈর্ঘ্য প্রায় ১৪ ইঞ্চি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
১৪ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা সরঞ্জাম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।





আপনার মতামত লিখুন