টেকনাফ ও উখিয়ায় ৩০ কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিন পৃথক অভিযানে ৩০ কোটি টাকার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এসব অভিযানে আনুমানিক ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এ সময় দুজনকে আটকের পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের বিস্তারিত তথ্য জানান।
বিজিবি জানায়, গত ১১ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের জেলেপাড়ার দিকে মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখা যায়।
এ সময় বিজিবির একটি চৌকস আভিযানিক দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়।
পাচারকারীরা নৌকাটি থেকে ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে নিকটবর্তী কেওড়া বনের ভেতরে অবস্থান নেওয়ার চেষ্টা করে।
বিজিবির টহল দল শ্যালো বোটযোগে কেওড়া বনের দিকে অগ্রসর হলে পাচারকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে পাচারকারীরা পানিতে ভাসমান অবস্থায় ইয়াবার বস্তা রেখে নৌকায় করে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবির টহল দল ঘটনাস্থল থেকে ছোট-বড় ১০টি বস্তায় থাকা ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
এদিকে একই দিন রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন একটি এলাকায় অপর একটি অভিযান চালানো হয়।
সেখান থেকে মো. রমজান আলী (১৮) নামে এক যুবককে আটক করে বিজিবি।
তাঁর কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মো. রমজান আলী উখিয়ার পশ্চিম অজুখানপাড়া এলাকার বাসিন্দা।
অন্যদিকে রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে মো. হোসাইন (২০) নামে আরও একজনকে আটক করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি চকরিয়া উপজেলার পূর্ব পালাকাটা এলাকার বাসিন্দা বলে বিজিবি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান পরিচালনা করা হচ্ছে।
সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
এ ছাড়া টেকনাফ ও উখিয়া সীমান্ত এলাকায় মাদক চোরাচালান চক্রের তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।





আপনার মতামত লিখুন