বাড়তি জাহাজভাড়ায় মুখ ফেরাচ্ছেন সেন্টমার্টিনের পর্যটকেরা
বাড়তি জাহাজভাড়া আর যাতায়াতের ভোগান্তিতে আগ্রহ হারাচ্ছেন ভ্রমণকারীরা, আড়াই শতাধিক হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা

দ্বীপের প্রবেশপথে পা রাখতেই চোখে পড়ে দুই পাশে ছড়িয়ে থাকা সাগরলতা। বালিয়াড়িজুড়ে ফুটেছে নানা প্রজাতির ফুল। সবুজ কেয়াগাছে ঝুলছে ফল। আর স্বচ্ছ নীল পানির নিচে স্পষ্ট দেখা যায় প্রবাল।
নয় মাস পর্যটকশূন্য থাকার পর এভাবেই নিজের চিরচেনা রূপে ফিরেছে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন। মানুষের আনাগোনা কম থাকায় প্রাণ ফিরে পেয়েছে দ্বীপের প্রকৃতি ও জীববৈচিত্র্য।
কিন্তু এই সৌন্দর্য দেখতে যে ভিড় হওয়ার কথা, তা এখনো হয়নি।
পর্যটন মৌসুমের প্রথম সাত দিনে সেন্টমার্টিনে গেছেন মাত্র ৬ হাজার ১৮ জন পর্যটক। অথচ তাঁদের অপেক্ষায় প্রস্তুত দ্বীপের আড়াই শতাধিক হোটেল ও রিসোর্ট। পর্যটক না থাকায় এসব প্রতিষ্ঠানের অধিকাংশই এখন অনেকটা ফাঁকা।
কেন এমন হলো? সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাহাজের বাড়তি ভাড়া, দীর্ঘ সমুদ্রযাত্রা আর টেকনাফ থেকে সরাসরি জাহাজ চলাচল বন্ধ থাকায় ভাটা পড়েছে পর্যটকদের আগ্রহে। যাতায়াত সহজ ও ভাড়া সাশ্রয়ী হলে পর্যটক বাড়বে বলে মনে করছেন তাঁরা।
দ্বীপের ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘আগে টেকনাফ থেকে জাহাজ চলাচলের সময় সেন্টমার্টিনে ভালোসংখ্যক পর্যটক আসতেন। টেকনাফ-সেন্টমার্টিন পথে আবার জাহাজ চলাচল শুরু হলে পর্যটক ও স্থানীয় বাসিন্দা, দুই পক্ষেরই সুবিধা হবে।’
ভাড়া নিয়ে প্রশ্নের জবাবে জাহাজমালিকেরা তুলে ধরছেন খরচের হিসাব। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘কর্মীদের বেতন, সরকারের ভ্যাট-করসহ পরিচালন ব্যয় বিবেচনা করেই ভাড়া ঠিক করা হয়। তবে পর্যটকদের কথা ভেবে ভাড়া কমানোর বিষয়টি বিবেচনায় আছে। এরই মধ্যে সাশ্রয়ী মূল্যে দাঁড়িয়ে ভ্রমণের টিকিটও চালু হয়েছে।’
ফাঁকা কক্ষ, অপেক্ষায় মালিকেরা
আয়তনে মাত্র নয় বর্গকিলোমিটারের মতো দ্বীপ। সেখানেই গড়ে উঠেছে আড়াই শতাধিক হোটেল ও রিসোর্ট। এক রাতে একসঙ্গে প্রায় পাঁচ হাজার পর্যটক থাকতে পারেন এসব প্রতিষ্ঠানে।
মৌসুমকে সামনে রেখে অনেকেই নতুন করে সাজিয়েছেন নিজেদের প্রতিষ্ঠান। গলাচিপা এলাকার কিংশুক ইকো রিসোর্টের পরিচালক সরোয়ার কামাল বলেন, ‘পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে রিসোর্ট নতুন করে সাজিয়েছি। সার্বক্ষণিক বিদ্যুৎ, খাবারসহ প্রয়োজনীয় সব সুবিধা রেখেছি। এবার ভালোসংখ্যক পর্যটক আসবেন বলে আশা করছি।’
শুরুটা হতাশার হলেও সামনের দিনগুলো নিয়ে আশাবাদী মালিকেরা। সেন্টমার্টিন হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী বলেন, ‘মৌসুমের শুরুতে পর্যটক কম থাকলেও ডিসেম্বরের জন্য প্রায় সব হোটেল-রিসোর্ট অগ্রিম বুকিং হয়ে গেছে। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটক বাড়বে বলে আমরা আশাবাদী।’
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে সেন্টমার্টিন। এ সময় ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করা যাবে। তবে দিনে সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যাওয়ার অনুমতি পাবেন।
পা ফেলতে হবে মেপে
দ্বীপ খুলে দেওয়া হলেও এবার পর্যটকদের মানতে হচ্ছে কড়া কিছু নিয়ম। উদ্দেশ্য একটাই, সেন্টমার্টিনের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা।
প্রত্যেক পর্যটককে দিতে হচ্ছে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি। দ্বীপে ঢুকতে লাগছে ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট।
রাতে সৈকত ও আশপাশে আলো জ্বালানো, উচ্চ শব্দ করা কিংবা বারবিকিউ পার্টির আয়োজন করা যাবে না। কেয়াবনে ঢোকা, কেয়া ফল তোলা ও বেচাকেনা নিষিদ্ধ। সৈকতে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ।
সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবাল, দ্বীপের কোনো প্রাকৃতিক সম্পদেরই ক্ষতি করা যাবে না।
দীর্ঘ বিরতির সুফল এখন দ্বীপজুড়ে দৃশ্যমান। উপকূলে সারি সারি নারিকেলগাছের পাশে প্রাকৃতিক ঢাল হয়ে দাঁড়িয়ে আছে কেয়াবন। উপকূলের ভাঙন ও ক্ষয় ঠেকাতে এই কেয়াগাছের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই কেয়াবনসহ প্রাকৃতিক উদ্ভিদ রক্ষা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরিবেশ অধিদপ্তরের অভিযোজন প্রকল্পের আওতায় দ্বীপে এরই মধ্যে প্রায় ৬ হাজার ৫০০টি গাছ লাগানো হয়েছে। সংরক্ষণ কার্যক্রম জোরদারে গত বছর নিয়োগ দেওয়া হয়েছে নয়জন কর্মী। সংবেদনশীল এলাকায় মানুষের প্রবেশ ঠেকাতে বসানো হয়েছে লাল পতাকা। সৈকতে যানবাহন বন্ধে প্রশাসনের সহযোগিতায় নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ।
প্রকৃতি আর জীবিকার টানাপোড়েন
সেন্টমার্টিনের অর্থনীতি দাঁড়িয়ে আছে পর্যটনের ওপর। হোটেল-রিসোর্ট, রেস্তোরাঁ, নৌযান, দ্বীপের বহু মানুষের রুটিরুজি এসব ঘিরেই। পর্যটক কমলে সরাসরি টান পড়ে তাঁদের আয়ে।
আবার অপরিকল্পিত পর্যটন, প্লাস্টিক বর্জ্য, প্রবাল তুলে নেওয়া আর কেয়াবনে অবাধ চলাচল দ্বীপটির অস্তিত্বকেই হুমকিতে ফেলতে পারে।
ডিসেম্বর-জানুয়ারিতে পর্যটকের চাপ বাড়বে, এমনটাই আশা করা হচ্ছে। তাই এখন থেকেই বর্জ্য ব্যবস্থাপনা, নিয়মিত নজরদারি, সংবেদনশীল এলাকা সুরক্ষা এবং সরকারি বিধিনিষেধ কার্যকরভাবে বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তাঁদের মতে, যাতায়াত সহজ করা, সাশ্রয়ী ভাড়া নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পর্যটনব্যবস্থা গড়ে তোলাই এই সংকটের সমাধান।
নয় মাসের নীরবতায় যে সবুজ ফিরে পেয়েছে সেন্টমার্টিন, পর্যটকের পদচারণে তা টিকে থাকবে কি না, সেটাই এখন দেখার বিষয়।





আপনার মতামত লিখুন