খাগড়াছড়িতে হামলায় আহত বিএনপির চার নেতাকর্মী, আ.লীগকে দায়ী

সাংগঠনিক কাজ শেষে ফেরার পথে খাগড়াছড়িতে দেশীয় অস্ত্রধারী দুর্বৃত্তদের অতর্কিত হামলায় বিএনপির চার নেতাকর্মী আহত হয়েছেন।
এই হামলার ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছে জেলা বিএনপি।
শুক্রবার (১৩ অক্টোবর) রাতে জেলার আলুটিলা পুনর্বাসন নামক এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লতিত বিকাশ ত্রিপুরা ও আহ্বায়ক কমিটির সদস্য প্রবীন ত্রিপুরা।
এ ছাড়া মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সজল এবং সদর ইউনিয়ন ছাত্রদলের সুমন ত্রিপুরাও হামলায় আহত হয়েছেন।
তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় প্রবীন ত্রিপুরা ও সুমন ত্রিপুরাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, খাগড়াছড়ি জেলা সদর থেকে সাংগঠনিক কাজ শেষ করে ওই চারজন মাটিরাঙ্গায় ফিরছিলেন।
পথিমধ্যে আলুটিলা পুনর্বাসন নামক স্থানে পৌঁছালে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
হামলার খবর পেয়ে রাতে আহতদের দেখতে জেলা সদর হাসপাতালে ছুটে যান খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ওয়াসিম।
পাশাপাশি সদর উপজেলা যুবদলের সভাপতি মো. ইব্রাহিমসহ অন্যান্য নেতারাও হাসপাতালে উপস্থিত ছিলেন।
তাঁরা আহতদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার জানান, ২০ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়।
হামলার ঘটনায় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে জানান, পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন চারজনের আহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছে এবং জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে।
তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি এবং এ ঘটনায় আইনি পদক্ষেপ চলমান রয়েছে বলে ওসি উল্লেখ করেন।
এদিকে বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তাঁরা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





আপনার মতামত লিখুন