নড়বড়ে সাঁকোয় শিশুদের স্কুলযাত্রা
ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার সহস্রাধিক মানুষের, পাকা সেতুর দাবি

স্কুল-কলেজের শিক্ষার্থী, লাঠিতে ভর দেওয়া বৃদ্ধ, অসুস্থ রোগী। সাতডালিয়া উত্তরপাড়ার সবার পথ একটাই। খালের ওপর বাঁশের তৈরি নড়বড়ে একটি সাঁকো।
প্রতিটি পা ফেলার সঙ্গে সাঁকোটি দুলে ওঠে। কোথাও বাঁশ ভেঙে ফাঁক তৈরি হয়েছে, কোথাও খুঁটি হেলে পড়েছে। তবু এ ছাড়া আর কোনো পথ নেই।
কক্সবাজারের চকরিয়া উপকূলের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই সাঁকো। শতাধিক পরিবারের সহস্রাধিক মানুষ প্রতিদিন হাটবাজার, স্কুল-কলেজ আর কাজে যেতে এটি দিয়েই পার হন।
একটি পাকা সেতুর জন্য বছরের পর বছর অপেক্ষা করছেন তাঁরা। কিন্তু অপেক্ষা ফুরায় না।
সাঁকোটি সরকারি কোনো দপ্তর বানায়নি। পাড়া-প্রতিবেশীরা মিলে নিজেদের টাকা আর শ্রমে এটি তৈরি করেছেন। বছরে পাঁচ-ছয় মাস মোটামুটি শক্ত থাকে। বাকি সময় মানুষের চলাচল আর বর্ষার স্রোতের ধাক্কায় সেটি জরাজীর্ণ হয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, খালের ওপর লম্বা সাঁকোটি এখন একদিকে হেলে আছে। একাধিক জায়গা ভেঙে গেছে। খুঁটিগুলো নড়বড়ে। এর ওপর দিয়েই ধীরে ধীরে, সাবধানে পা ফেলে পার হচ্ছেন মানুষ।
এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো মুহূর্তে সাঁকোটি ভেঙে পড়তে পারে। তখন বড় ধরনের দুর্ঘটনা, এমনকি প্রাণহানিও ঘটতে পারে। তাই অনেকের কাছে এটি এখন সাঁকো নয়, একটি ‘মরণফাঁদ’।
স্থানীয় সমাজকর্মী আবদুল মান্নান বলেন, “এলাকার মানুষ নিজেদের টাকা আর শ্রম দিয়ে বহুবার সাঁকোটি মেরামত করেছেন। কিন্তু তাতে স্থায়ী সমাধান হয়নি। বর্ষায় পানির তীব্র স্রোতে সাঁকোর বিভিন্ন অংশ ভেঙে যায়। এখন এটি একেবারেই চলাচলের অনুপযোগী।”
গ্রামের মানুষের ক্ষোভ মূলত প্রতিশ্রুতি নিয়ে। একাধিক বাসিন্দা জানান, ভোট এলেই চেয়ারম্যান, মেম্বার থেকে শুরু করে সংসদ সদস্য প্রার্থীরা এই সাঁকোর দুর্ভোগকে হাতিয়ার বানান। পাকা সেতুর আশ্বাস দেন। ভোট শেষ হলে কেউ আর খোঁজ নেন না।
তাঁদের অভিযোগ, প্রায় সাত বছর আগে চকরিয়া-পেকুয়া আসনের তৎকালীন সংসদ সদস্য জাফর আলম, এলজিইডির চকরিয়া উপজেলা প্রকৌশলী এবং স্থানীয় চেয়ারম্যান সাতডালিয়া গ্রাম পরিদর্শন করেছিলেন। সেদিন সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু এরপর এলজিইডি কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
বাসিন্দাদের মতে, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক মহলের উদাসীনতায় বিষয়টি উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর পর্যন্ত পৌঁছায়ইনি। ফলে দুর্ভোগ থেকেই গেছে।
জানতে চাইলে বদরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান) সাদ্দাম হোসেন বলেন, “সাতডালিয়া খালের ওপর একটি পাকা সেতু খুবই জরুরি। বছরের পর বছর ওই এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। নিজেদের বানানো বাঁশের সাঁকোটিও প্রায়ই ভেঙে যায়।”
তিনি জানান, এলাকাবাসীর দুর্ভোগের কথা তুলে ধরে চকরিয়া উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সেতু নির্মাণের প্রস্তাব উপস্থাপন করা হবে।
তবে সাতডালিয়ার মানুষ আর আশ্বাস শুনতে চান না। তাঁদের একটাই কথা, “প্রতিশ্রুতির ফুলঝুরি অনেক শুনেছি। এবার খালের ওপর একটি টেকসই পাকা সেতু চাই।”





আপনার মতামত লিখুন