উখিয়ায় জুলাই থেকে নিখোঁজ তানজিমার মৃত্যু নিয়ে রহস্য

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন একটি ধানক্ষেত থেকে তানজিমা আক্তার (১৭) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই কিশোরী গত জুলাই মাস থেকে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী কাস্টমস এলাকার ক্যাফে হাইওয়ে রেস্টুরেন্টের পেছন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তানজিমা আক্তার উখিয়া উপজেলার জালিয়াাপালং ইউনিয়নের পূর্ব নুরারডেইল এলাকার আবদুর রহিমের মেয়ে।
স্থানীয় লোকজন রেস্টুরেন্টের পেছনের ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
পরে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতপরিচয় হিসেবে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর পরিচয় শনাক্ত করে।
বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার উল্লেখ করেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং পুলিশ এ বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও আলামত সংগ্রহের জন্য জেলা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ শুরু করেছেন।





আপনার মতামত লিখুন