খুঁজুন
, ,
সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬
সারাদেশ

ক্ষতবিক্ষত সঙ্গিনীকে ছেড়ে যাচ্ছে না পুরুষ হাতিটি

ক্ষতবিক্ষত সঙ্গিনীকে ছেড়ে যাচ্ছে না পুরুষ হাতিটি
শহিদুল ইসলাম
উখিয়া · ১৬ নভেম্বর ২০২৬, ১৯:৪৯

ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। টেকনাফের বাহারছড়ার শীলখালীতে গাছের সারির ফাঁক দিয়ে ধীরে ধীরে বেরিয়ে এল দুটি বন্য হাতি।

একটি হাতি ঠিকমতো পা ফেলতে পারছে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আরেকটি তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, শুঁড় দিয়ে ছুঁয়ে দিচ্ছে বারবার। যেন বলছে, ভয় নেই, আমি আছি।

সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের লোকালয়ে এই দৃশ্য দেখেন স্থানীয়রা।

আহত হাতিটি স্ত্রী হাতি। তার পেছনের ডান পায়ে গভীর ক্ষত। পাশের পুরুষ হাতিটি তাকে এক মুহূর্তের জন্যও একা ফেলে যাচ্ছে না।

পচন ধরেছে ক্ষতে

স্থানীয়দের ভাষ্য, ক্ষতটি দেখতে গুলির আঘাতের মতো। সেখান থেকে পুঁজ বের হচ্ছে। ওপরের চামড়া উঠে গিয়ে জায়গাটি সাদা হয়ে গেছে, পচনও ধরেছে।

তীব্র যন্ত্রণায় হাতিটি স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। কয়েক দিন ধরে জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে সে।

কীভাবে এই আঘাত, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আশঙ্কা। তাঁদের দাবি, পাহাড়ে আস্তানা গাড়া সন্ত্রাসী, অপহরণকারী ও মানবপাচারকারীদের গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে।

তবে কে বা কারা, কী কারণে হাতিটিকে আঘাত করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পাশে থেকে সাহস জোগাচ্ছে সঙ্গী

প্রত্যক্ষদর্শীরা জানান, চলার পথে পুরুষ হাতিটি বারবার সঙ্গিনীর পাশে এসে দাঁড়াচ্ছে। কখনো গা ঘেঁষে, কখনো সামনে থেকে তাকে এগিয়ে যেতে সাহায্য করছে।

স্ত্রী হাতিটি থেমে গেলে সে-ও থেমে যাচ্ছে। একসঙ্গে আবার পা বাড়াচ্ছে।

এমন দৃশ্য দেখে স্থানীয়দের অনেকেই আবেগাপ্লুত। সহানুভূতির পাশাপাশি তাঁদের মনে দানা বেঁধেছে উদ্বেগও।

যে হাতি ভয়ের, সে-ই এবার মমতার

বাহারছড়া এলাকায় খাবারের খোঁজে প্রায়ই বন্য হাতির দল লোকালয়ে নেমে আসে। কখনো একা, কখনো জোড়ায়, আবার কখনো দল বেঁধে।

এতে সুপারি বাগানসহ নানা ফসলের ক্ষতি হয়। হাতির আক্রমণে মানুষ আহত হওয়ার ঘটনাও ঘটে।

কিন্তু এবার চিত্রটা ভিন্ন। আহত হাতিটির অসহায় অবস্থা দেখে স্থানীয়রাই দ্রুত চিকিৎসার দাবি তুলেছেন।

চিকিৎসা শুরু করেছে বন বিভাগ

শীলখালী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বনকর্মীদের একটি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পাই। বিষয়টি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।”

পরে বন বিভাগের উদ্যোগে ডুলহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছে হাতিটির চিকিৎসা শুরু করে।

আহত হাতিটির কাছে গিয়ে কেউ যেন তাকে বিরক্ত না করেন বা আক্রমণের চেষ্টা না করেন, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন এই বন কর্মকর্তা।

একটাই প্রার্থনা

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর চিকিৎসা নিশ্চিত না হলে হাতিটির অবস্থার আরও অবনতি হতে পারে। তাই চিকিৎসা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তাঁরা।

এখন সবার একটাই চাওয়া। সেরে উঠুক স্ত্রী হাতিটি। তারপর যে সঙ্গী এত দিন তাকে আগলে রেখেছে, তার সঙ্গেই ফিরে যাক বনের নিরাপদ আশ্রয়ে।

টেকনাফের পাহাড়ে বন্য হাতির বিপদ অবশ্য এবারই প্রথম নয়। চলতি বছরের বর্ষা মৌসুমে পাহাড়চূড়া থেকে পাদদেশে পড়ে একটি বন্য হাতির মর্মান্তিক মৃত্যু হয়েছিল।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সারাদেশ থেকে আরও