খুঁজুন
, ,
সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬
সারাদেশ

বান্দরবানের ত্রিমুখী সীমান্তে তাঁবু ও অস্ত্রসহ আটজন আটক

বান্দরবানের ত্রিমুখী সীমান্তে তাঁবু ও অস্ত্রসহ আটজন আটক
নিজস্ব প্রতিবেদক
বান্দরবান · ১৬ নভেম্বর ২০২৬, ১৯:১৫

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ-ভারত-মিয়ানমার ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখা থেকে সন্দেহজনক গতিবিধির কারণে স্থানীয় দুজন গাইডসহ আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে ত্রিদেশীয় সীমান্তের ২৩/৩৪ নম্বর পিলার সংলগ্ন শূন্যরেখায় বাংলাদেশের অভ্যন্তর থেকে তাঁদের আটক করে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় রুমা ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাসান শাহরিয়ার এসব তথ্য জানান।

তিনি জানান, বিভিন্ন জেলা থেকে আসা ছয়জন বাংলাদেশি গত ৫ নভেম্বর থানচি হয়ে ত্রিদেশীয় সীমান্ত এলাকায় যান এবং পরবর্তী সময়ে শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছিলেন।

সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে বিজিবির সদস্যরা ১৫ নভেম্বর রাতে ওই আটজনকে আটক করে রুমা ক্যাম্পে নিয়ে আসেন বলে তিনি উল্লেখ করেন।

আটকের সময় তাঁদের কাছ থেকে দুর্গম পাহাড়ি এলাকায় রাত্রিযাপনের উপযোগী খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা, চাপাতি এবং ক্যাম্পিংয়ের তাঁবু উদ্ধার করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন ঝিনাইদহ জেলার বারইহুদা গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে মো. আব্দুল আহাদ (২২) ও বরগুনা জেলার নারুলি পশ্চিমপাড়ার মো. শেরআলীর ছেলে মো. হাসান সিহাব (২৮)।

এ ছাড়া ঢাকার খিলক্ষেতের মো. আবুল হাসানের ছেলে মো. নাহিদ হাসান আশিক (৩৩) এবং পোস্তগোলা এলাকার মৃত গিয়াস উদ্দিন ইসলামের ছেলে এস ইসলাম সোহেলকে (৩৮) আটক করা হয়েছে।

আটক অপর দুজন হলেন ভোলার জিনাগড় গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. হোসেন শরিফ (২৯) এবং চট্টগ্রামের উত্তর পতেঙ্গার মো. মিজানুর রহমানের ছেলে মো. মিনহাজুর রহমান সানি (২৬)।

ব‌হিরাগত এই ছয়জনের পথপ্রদর্শক হিসেবে আটক হওয়া স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুজন হলেন পায়ারিংয়ের ছেলে লংওয়াং মুরং (২৫) এবং খামেসা মুরংয়ের ছেলে তনয় মুরং (৩০)।

দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবি এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত রাখবে বলে লে. কর্নেল মো. হাসান শাহরিয়ার জানান।

প্রেস ব্রিফিংয়ে রুমা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন নুর মো. নাহিয়ান ইসলাম, কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী এবং অনারারি সহকারী পরিচালক শ্রী সরোজ কুমার সাহা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সারাদেশ থেকে আরও