খুঁজুন
, ,
মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬
জাতীয়

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জন করল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জন করল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৬, ২৩:২০

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থ পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

সোমবার সংস্থাটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

এর ফলে বাংলাদেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ পাওয়ার ব্যাপক সুযোগ তৈরি হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএফসি জানায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বড় চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে।

সংস্থাটির অর্থায়ন ও বিনিয়োগের ঝুঁকি কমানোর সুবিধা পাওয়ায় অর্থের অভাবে আটকে থাকা প্রকল্পগুলোর বাস্তবায়ন এখন অনেক সহজ হবে।

এসব প্রকল্পের মাধ্যমে দেশের অবকাঠামো উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় ব্যবসাকে শক্তিশালী করা সম্ভব হবে।

ডিএফসির মতে, অনেক উন্নয়নমুখী ও লাভজনক প্রকল্পে ঝুঁকি কিংবা অর্থায়নের সীমাবদ্ধতার কারণে বেসরকারি বিনিয়োগকারীরা সাধারণত আগ্রহ দেখান না।

এই সংস্থাটি সেই বাধাগুলো কাটিয়ে প্রকল্প বাস্তবায়নে সরাসরি সহায়তা করবে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক জানান, বাংলাদেশের এই যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার সুযোগ তৈরি করেছে।

গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উল্লেখ করেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসারে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে।

দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি এক্ষেত্রে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন বলে তিনি জানান।

এই লক্ষ্য অর্জনে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এর মাধ্যমে দুই দেশের সমৃদ্ধি বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডিএফসি আরও জানায়, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এবং দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থানও এই অঞ্চলে।

ফলে যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বেসরকারি পুঁজি কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নেওয়ার পাশাপাশি এই অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়াতে ডিএফসি কাজ করছে।

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

জাতীয় থেকে আরও