খুঁজুন
, ,
শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬
সংবাদ

রাউজানে বিনা মূল্যে চোখের চিকিৎসা পেলেন এক হাজারের বেশি রোগী

রাউজানে বিনা মূল্যে চোখের চিকিৎসা পেলেন এক হাজারের বেশি রোগী
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর ২০২৬, ২০:০৩

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গশ্চি এলাকায় বিনা মূল্যে চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য ক্যাম্প, ডায়াবেটিস পরীক্ষা এবং চশমা, ওষুধ ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল জুবিলী ও চিটাগং খুলশী ক্লাবের যৌথ উদ্যোগে রাউজানের তালীমুল কুরআন নুরানী একাডেমিতে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, কর্মসূচিতে পশ্চিম গশ্চি ও আশপাশের এলাকার ১ হাজার ৬০ জন রোগীকে বিনা মূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ১০০ জন রোগীকে প্রয়োজনীয় চশমা ও ওষুধ দেওয়া হয়। এ ছাড়া ৫৮ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে।

আগামী ৯ ডিসেম্বর বিনা মূল্যে তাঁদের ছানি অপারেশন করা হবে। কর্মসূচিতে ১০০ জন শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয় এবং ডায়াবেটিস, ডেঙ্গু ও চাইল্ডহুড ক্যানসার বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও লিফলেট বিতরণ করা হয়।

সেন্ট্রাল জুবিলী ক্লাবের সভাপতি লায়ন আবদুল্লাহ আল মামুনের (এমজেএফ) সভাপতিত্বে ও জোন চেয়ারপারসন (কনসার্ন) লায়ন শারমিন সুলতানা মৌয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সমাজসেবক মোহাম্মদ সেলিম উদ্দিন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন লায়ন্স প্রথম জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিক (পিএমজেএফ)। প্রধান বক্তা ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী (পিএমজেএফ)।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিস্ট্রিক্ট জোন চেয়ারপারসন লায়ন আবুল হাশেম, সেন্ট্রাল জুবিলী ক্লাবের কোষাধ্যক্ষ লায়ন কাওছারউজ্জামান, সমাজসেবক ইউছুফ তালুকদার, মিরাজ চৌধুরী ও সেন্ট্রাল জুবিলীর লিও সভাপতি মোহাম্মদ ফুয়াদসহ লায়ন ও লিও নেতারা।

আরও পড়ুন: চকরিয়ায় আগুনে পুড়ল ১৫ দোকান, ক্ষতির দাবি দেড় কোটি টাকার বেশি

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রথমবার মন্তব্য করলে তা মন্তব্য নীতি অনুযায়ী যাচাইয়ের পর প্রকাশিত হয়।

সংবাদ থেকে আরও